লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মঞ্চ থেকে উঠে এসেছেন তরুণ মডেল ও অভিনেত্রী নাযাহ নাওয়ার। নির্মাতা শিহাব শাহীনের ওয়েব সিনেমা ‘ক্যাফে আমব্রেলা’র মাধ্যমে অভিনয়ে তাঁর আনুষ্ঠানিক অভিষেক ঘটেছে। এছাড়া মুক্তির অপেক্ষায় থাকা নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের সিরিজ ‘অ্যানি’তেও দর্শক তাকে দেখতে পাবেন।
‘ক্যাফে আমব্রেলা’ সিনেমাটি দেখার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দর্শক আফিয়া নুসরাত লিখেছেন, “নাযাহকে কিছু দৃশ্যে পাকিস্তানি নায়িকাদের মতো লাগছে। নাযাহর কস্টিউম, লুক, সাহসী এক্সপ্রেশন (অভিব্যক্তি) তাঁর চরিত্রের সঙ্গে ফুটে উঠেছে।”
এই সিনেমাটিতে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের মেয়ে আজরা চরিত্রে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতা মেলে ধরেছেন নাযাহ নাওয়ার। এই কাজের মাধ্যমেই পর্দায় তাঁর যাত্রা শুরু হয়। নিজের অভিনীত কাজ প্রথমবারের মতো বড় পর্দায় দেখার অভিজ্ঞতা অত্যন্ত বিশেষ বলে মনে করেন নাযাহ।
সেই অনুভূতি ব্যক্ত করে নাযাহ নাওয়ার বলেন, “একসময় অন্যদের কাজ বড় পর্দায় দেখতাম। তখন ভাবতাম, আমার কোনো কাজ যদি কখনো বড় পর্দায় দেখার সুযোগ হয়, কেমন লাগবে। নিজের কাজ এভাবে বড় পর্দায় দেখা, সবাই মিলে একসঙ্গে উপভোগ করা—এটা আসলে অন্য রকম অনুভূতি।”
মডেলিং থেকে অভিনয়ে আসার পথচলা
পর্দায় অভিষেকের আগে ২০২৩ সালে আবদুল্লাহ মোহাম্মদ সাদের সিরিজ ‘অ্যানি’তে অভিনয় করেছিলেন নাযাহ নাওয়ার। তবে ‘অ্যানি’ এখনো মুক্তি পায়নি, তাই ‘ক্যাফে আমব্রেলা’র মাধ্যমেই তাঁর অভিষেক ঘটে। অভিনয়ে আসার আগে তিনি পেশাদার ফ্যাশন মডেলিংয়ের সাথে যুক্ত ছিলেন। ২০২৩ সালে বিভিন্ন নামী ফ্যাশন ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ শুরু করেন তিনি এবং সেই সূত্র ধরেই ‘অ্যানি’ সিরিজে অভিনয়ের সুযোগ পান।
সিরিজটিতে যুক্ত হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে নাযাহ জানান, কাস্টিং ডিরেক্টর ইয়াসির আল হকের কাছ থেকে তিনি প্রথম অডিশনের ডাক পান। সে সময় গল্প, পরিচালক কিংবা চরিত্র সম্পর্কে তাঁর বিস্তারিত কোনো ধারণা ছিল না।
নাযাহ বলেন, “ইয়াসির আল হক ভাইয়া আমাকে বলেছিলেন, একটা চরিত্র আছে, তুমি এসে গল্পটা শুনে যাও। তখনো জানতাম না পরিচালক কে, গল্পটা কী কিংবা চরিত্রটি কেমন। প্রথমে যেতে চাইনি। কারণ, তখন ফ্যাশন মডেলিং করছিলাম। অভিনয় করতে হলে একটু বেছে কাজ করতে চাইতাম। পরে ভাবলাম, গল্পটা শুনতে তো সমস্যা নেই। তাই গেলাম।”
গল্প এবং নির্মাতার সম্পর্কে জানার পর তিনি এই কাজে আগ্রহী হন এবং অডিশন দেন। তবে প্রথম অডিশনের পর এক মাসের বেশি সময় পার হয়ে গেলেও কোনো খবর পাননি তিনি। পরবর্তীতে পুনরায় তাঁর সাথে যোগাযোগ করা হয়।
নাযাহ বলেন, “প্রথম অডিশনের পর এক মাসের বেশি সময় কোনো আপডেট বা ফিডব্যাক পাইনি। আমিও খুব বেশি প্রত্যাশা করিনি। ভেবেছিলাম, হলে হবে, না হলে হবে না। এরপর একদিন আবার ফোন করে জানানো হয়, তাঁরা আমাকে আরেকবার দেখতে চান। তখন আবার অডিশন দিতে যাই। এরপর লুক টেস্ট ও ফাইনাল অডিশন হয়। শেষ পর্যন্ত নির্বাচিত হই। এভাবেই বেশ লম্বা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজটির সঙ্গে যুক্ত হওয়া।”
লাক্স সুপারস্টারের পর পরিবর্তিত পরিচিতি
পাবনার মেয়ে নাযাহ নাওয়ার ‘লাক্স সুপারস্টার ২০২৫’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন। তাঁর মতে, এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর পেশাগত ক্ষেত্রে মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা অনেক বেড়েছে। তবে এই খ্যাতি তাঁর ব্যক্তিগত জীবনে কোনো প্রভাব ফেলেনি; তিনি নিজেকে আগের মতোই মনে করেন।
নাযাহ বলেন, “লাক্সের কারণে আমার জীবন কতটা বদলে গেছে, সেটা বললে হয়তো ঠিক হবে না। তবে কাজের জায়গায় মানুষ আমাকে যেভাবে গ্রহণ করছে, সেখানে পরিবর্তন এসেছে। আগে যেসব কাজ করার স্বপ্ন দেখতাম, যেভাবে মানুষের কাছে পরিচিত হতে চাইতাম, সেগুলো ধীরে ধীরে বাস্তব হচ্ছে। আমি আগে যেমন ছিলাম, এখনো তেমনই আছি। শুধু স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ হচ্ছে।”
গল্পের গুরুত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা
অভিনয়ের ক্ষেত্রে মাধ্যম নিয়ে খুব একটা মাথা ঘামান না নাযাহ নাওয়ার। নাটক, ওয়েব সিরিজ কিংবা সিনেমা—যেকোনো মাধ্যমেই কাজ করতে তিনি আগ্রহী, যদি গল্প এবং চরিত্রটি তাঁর পছন্দ হয়। তাঁর কাছে গল্পের বিষয়বস্তু এবং নির্মাতার মান সবচেয়ে গুরুত্বপূর্ণ।
নাযাহ বলেন, “নাটক, ওটিটি কিংবা সিনেমা—কোন মাধ্যমে কাজ করছি, সেটার চেয়ে গল্পটা কেমন, এর থিম কী এবং পরিচালক কে, এগুলো আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। গল্প ভালো হলে যেকোনো মাধ্যমেই কাজ করতে চাই। কারণ, একটি ভালো গল্প মানুষের মনে অনেক দিন থেকে যায়।”
বিশেষ করে মনস্তাত্ত্বিক থ্রিলার এবং প্রেমের গল্পের প্রতি তাঁর গভীর আগ্রহ রয়েছে। নির্মাতাদের মধ্যে মেজবাউর রহমান সুমন, তানিম নূর, আবদুল্লাহ মোহাম্মদ সাদ এবং ভিকি জাহেদের কাজ তিনি পছন্দ করেন। এছাড়া অভিনেত্রী বিপাশা হায়াতের অভিনয় ও ব্যক্তিত্বের ভক্ত তিনি।
অভিনয়ে নিয়মিত থাকতে চাইলেও কাজের সংখ্যার চেয়ে গুণগত মান এবং চরিত্রের গভীরতাকে প্রাধান্য দিচ্ছেন নাযাহ। পাশাপাশি নিজের অভিনয় দক্ষতা বৃদ্ধিতেও তিনি মনোযোগী।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নাযাহ বলেন, “অভিনয় করতে আমার অনেক ভালো লাগে। আমি অভিনয়ের মধ্যেই থাকতে চাই। এখন ভালো ভালো কাজের অপেক্ষা করছি। যে কাজটা মনে হবে আমি করতে চাই, সেটার জন্য অপেক্ষা করব। যেন ভালো কিছু করতে পারি। পাশাপাশি নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করছি। যতটুকু সময় পাওয়া যায়, গবেষণা করে নিজেকে উন্নত করার চেষ্টা করছি।”
বর্তমানে কয়েকটি কাজ নিয়ে আলোচনা চললেও এখনো কোনোটি চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি।
নাযাহ নাওয়ারের জন্ম পাবনায় হলেও শৈশব থেকে ঢাকায় বেড়ে উঠেছেন। তাঁর শৈশবের কিছু সময় কেটেছে টঙ্গীতে। তিনি টঙ্গী পাইলট স্কুল ও মাইলস্টোন কলেজ থেকে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) স্নাতক পর্যায়ে অধ্যয়নরত আছেন।