রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের দ্বীপ সাখালিনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আটক হয়েছিলেন জাপানি সাংবাদিক ইউকি ইমাই। পরবর্তীতে তাঁকে মস্কোর কারাগারে স্থানান্তর করা হয়। আটকের এক মাস অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত তাঁর মুক্তির বিষয়ে কোনো নিশ্চয়তা মেলেনি। জাপান সরকার এই বিষয়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। তবে তাঁর এই আটকাদেশ জাপান ও রাশিয়ার মধ্যকার আগে থেকেই তিক্ত সম্পর্কের ক্ষেত্রে নতুন জটিলতা তৈরি করেছে।
৩৪ বছর বয়সী ইমাই জাপানের সংবাদমাধ্যম হোক্কাইদো শিম্বুনের ইউঝনো-সাখালিনস্ক ব্যুরোতে কর্মরত ছিলেন। গত ১৩ অক্টোবর রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) তাঁকে সাখালিন থেকে গুপ্তচরবৃত্তির সন্দেহে আটক করে। রাশিয়ায় উক্ত সংবাদমাধ্যমটির নিয়োগ করা আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ইমাইকে মস্কোর লেফোরতোভো আটককেন্দ্রে রাখা হয়েছে।
আগামী ১২ ডিসেম্বর তাঁর বর্তমান আটকাদেশের মেয়াদ শেষ হবে। তবে এই মেয়াদ বাড়ানো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তদন্ত কতদূর এগিয়েছে কিংবা বিচার প্রক্রিয়া কবে শুরু হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
শুরুতে ইমাইয়ের নিরাপত্তার কথা বিবেচনা করে তাঁর নাম গোপন রেখেছিল হোক্কাইদো শিম্বুন। কিন্তু মুক্তির সম্ভাবনা ক্ষীণ মনে করায় সংবাদমাধ্যমটি তাদের অবস্থান পরিবর্তন করেছে। ১২ নভেম্বর ইমাই ও তাঁর পরিবারের সম্মতিতে তাঁর পরিচয় প্রকাশ করা হয়।
নিরাপত্তার স্বার্থে নীরব থাকার পরিবর্তে এবার জনসমর্থন সংগ্রহের চেষ্টা করছে সংবাদমাধ্যমটি। তাদের মূল লক্ষ্য হলো, ইমাইয়ের দ্রুত মুক্তির দাবিকে আরও জোরালো করা।
রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবির অভিযোগ, জাপানি গোয়েন্দাদের নির্দেশে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া সেনা ও স্বেচ্ছাসেবকদের তথ্য সংগ্রহ করছিলেন ইমাই। তবে হোক্কাইদো শিম্বুন এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইমাই স্বাভাবিক সংবাদ সংগ্রহের কাজ করছিলেন এবং তারা কোনো সরকারি নির্দেশে তথ্য সংগ্রহ করে না।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিও রাশিয়ায় জাপান সরকারের গুপ্তচরবৃত্তির অভিযোগটি অস্বীকার করেছেন।
ইমাইয়ের সঙ্গে কনস্যুলার যোগাযোগের উদ্যোগ নেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপীয় বিষয়ক ব্যুরোর মহাপরিচালক নাকামুরা কিমিতাকে। এর ধারাবাহিকতায় গত ২৬ অক্টোবর মস্কোর জাপানি দূতাবাসের কর্মকর্তারা ইমাইয়ের সঙ্গে সাক্ষাতের সুযোগ পান। তাঁরা জানান, ইমাইয়ের কোনো স্বাস্থ্যগত সমস্যা নেই।
সংবাদমাধ্যমটির আইনজীবীও কয়েক দফায় ইমাইয়ের কাছে খাবার ও পোশাক পৌঁছে দিয়েছেন। তিনিও নিশ্চিত করেছেন যে, ইমাই সুস্থ আছেন।
ইমাইয়ের মুক্তির দাবি শুধু কারাগারে খোঁজখবর নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ রাখেনি টোকিও। কূটনৈতিক আলোচনাতেও বিষয়টি গুরুত্বের সাথে তুলেছে জাপান।
গত ৩০ অক্টোবর যুক্তরাষ্ট্রে জি–২০ সম্মেলনের ফাঁকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। সেখানে ইমাইয়ের অবিলম্বে মুক্তি এবং তাঁর সঙ্গে মানবিক আচরণের আহ্বান জানান তিনি। প্রায় পাঁচ বছর পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এটিই ছিল প্রথম আনুষ্ঠানিক বৈঠক। তবে ইমাইয়ের মুক্তির দাবিতে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।
এরপরও চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে জাপান। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) চিফ ক্যাবিনেট সেক্রেটারি মিনোরু কিহারা বলেন, “ইমাইয়ের মুক্তির দাবি জোরালোভাবে তুলে ধরতে প্রতিটি সুযোগ কাজে লাগাবে তাঁর দেশ।”
তবে ইউক্রেনে আক্রমণের কারণে রাশিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেওয়ার কোনো পরিকল্পনা নেই জাপানের।
ইমাইয়ের মুক্তির দাবি শুধু সরকারি পর্যায়ে সীমাবদ্ধ নেই। আটকের এক মাস পূর্তি উপলক্ষে গত বুধ ও বৃহস্পতিবার জাপানের সংবাদমাধ্যমসংশ্লিষ্ট একাধিক সংগঠন পৃথক বিবৃতি দিয়েছে। তারা অবিলম্বে তাঁর মুক্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
এসব বিবৃতিতে সাংবাদিকতার স্বাধীনতা, কূটনীতির সঙ্গে সাংবাদিকতার সম্পর্ক এবং ইমাইকে মুক্ত করতে সরকারের করণীয়র বিষয়গুলো উঠে এসেছে। জাপান নিউজপেপার পাবলিশার্স অ্যান্ড এডিটর্স অ্যাসোসিয়েশন বলেছে, “সংবাদ সংগ্রহ, প্রকাশ ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের ভিত্তি। এসব কাজে বাধা দেওয়া গ্রহণযোগ্য নয়।” সংগঠনটি ইমাই ও হোক্কাইদো শিম্বুনের প্রতি সংহতি জানিয়েছে। জাপান কমার্শিয়াল ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন ইমাইয়ের আটকের ঘটনাকে অন্যায় বলে অভিহিত করেছে। তাদের বক্তব্য, “কূটনৈতিক টানাপোড়েন থেকে বৈধ সাংবাদিকতাকে আলাদা রাখতে হবে। নিরপেক্ষ সংবাদ প্রতিবেদন আন্তর্জাতিক বোঝাপড়া বাড়াতে সহায়তা করে।”
জাপান ন্যাশনাল প্রেসক্লাব ইমাইয়ের নিরাপত্তা ও মুক্তি নিশ্চিত করতে সরকারকে সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে। সংগঠনটি বলেছে, “কোনো পরিস্থিতিতেই সাংবাদিকতার কাজে বাধা দেওয়া কিংবা সংবাদ সংগ্রহ, প্রকাশ ও মতপ্রকাশের স্বাধীনতা অন্যায়ভাবে ক্ষুণ্ন করা উচিত নয়।”
জাপানে বিদেশি সাংবাদিকদের ক্লাব এফসিসিজেও ইমাইয়ের প্রতি সংহতি জানিয়ে তাঁর দ্রুত মুক্তি দাবি করেছে।
এর আগে ৪ নভেম্বর ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পাবলিশার্স রাশিয়ায় সাংবাদিকতাকে অপরাধ হিসেবে গণ্য করার তীব্র নিন্দা জানায়। গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক জাপানি সাংবাদিক ইউকি ইমাইকে অবিলম্বে মুক্তি দিতে রুশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় সংগঠনটি।
ইমাইয়ের মুক্তির অনিশ্চয়তার মধ্যে সামনে এসেছে আরেক সাংবাদিকের অভিজ্ঞতা। ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গের্শকোভিচকে ২০২৩ সালের মার্চে ইয়েকাতেরিনবুর্গে সংবাদ সংগ্রহের সময় গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করে এফএসবি।
যুক্তরাষ্ট্র তাঁকে ‘অন্যায়ভাবে আটক’ ঘোষণা করলেও পরে তাঁর ১৬ বছরের কারাদণ্ড হয়। ২০২৪ সালের আগস্টে বহুজাতিক বন্দিবিনিময়ের মাধ্যমে মুক্তি পান তিনি। এই ঘটনার পর ইমাইকেও রাজনৈতিক ছাড় আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে বলে উদ্বেগ রয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এফএসবির গুপ্তচরবৃত্তির মামলায় অনেক সময় রুদ্ধদ্বার বিচার হয় এবং দীর্ঘ কারাদণ্ড দেওয়া হয়। সে ক্ষেত্রে দোষী সাব্যস্ত হলে ইমাইয়ের ১০ থেকে ২০ বছরের কারাদণ্ড হতে পারে। তবে তাঁর মামলার গতিপথ কোন দিকে যাবে, তা এখনই বলা কঠিন।
সংবাদমাধ্যমের সংগঠনগুলো সাংবাদিকতা ও কূটনীতিকে আলাদা রাখার আহ্বান জানালেও দুই দেশের আলোচনায় পুরোনো বিরোধগুলোই সামনে আসছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, জাপানের সঙ্গে পূর্ণাঙ্গ সংলাপ শুরু করতে হলে দেশটিকে তার ‘অবন্ধুসুলভ নীতি’ পরিত্যাগ করতে হবে বলে জানিয়েছেন লাভরভ।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে টোকিও। ইউক্রেনের প্রতিও সমর্থন জানিয়েছে জাপান। রাশিয়া এসব পদক্ষেপকে ‘অবন্ধুসুলভ’ বলে মনে করে।
কয়েক দিন আগে জাপান টোব্যাকোর রুশ কার্যক্রম কার্যত নিয়ন্ত্রণে নেওয়ার ক্ষেত্রেও ‘অবন্ধুসুলভ দেশের ব্যক্তিদের’ সম্পদের প্রসঙ্গ টেনেছে মস্কো।
এ ছাড়া চারটি দ্বীপ নিয়ে দুই দেশের দীর্ঘদিনের বিরোধ তো রয়েছেই। জাপানে ‘উত্তর ভূখণ্ড’ এবং রাশিয়ায় ‘কুরিল দ্বীপ’ নামে পরিচিত দ্বীপগুলো ১৯৪৫ সালে সোভিয়েত বাহিনী দখলে নেওয়ার পর থেকে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে জাপান দ্বীপগুলোকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে।
দীর্ঘদিনের এই বিরোধের সমাধান না হওয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখনো দুই দেশের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়নি।
এদিকে আগামী সপ্তাহে চীনের শেনঝেনে অ্যাপেক শীর্ষ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তাঁদের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হবে কি না, কিংবা তাতে ইমাইয়ের মুক্তির বিষয়ে কোনো অগ্রগতি আসবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
এই অবস্থায় আগামী ১২ ডিসেম্বর ইমাইয়ের আটকাদেশের মেয়াদ বাড়ানো হবে, নাকি তিনি মুক্তি পেয়ে দেশে ফিরতে পারবেন, সেদিকেই তাকিয়ে আছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।