চট্টগ্রামের বাঁশখালীতে এক মর্মান্তিক ঘটনায় শ্বশুরবাড়ির একটি ঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘরের ভেতরে তাঁর পাঁচ মাস বয়সী যমজ দুই মেয়ের মরদেহও পাওয়া গেছে। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যম পুঁইছড়ি মাওলার পাড়ায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. জাহেদ হোসেন (৫০)। তিনি চাম্বল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চাম্বল আজানী পাড়ার বদিউল আলমের ছেলে। তাঁর সাথে নিহত দুই কন্যা সন্তানের নাম জারিন জান্নাত ও জাসিয়া জান্নাত।

পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, ঘটনার সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও পুলিশ। তারা ঘরের ভেতর থেকে জাহেদ হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। একই কক্ষের খাটের পাশে মেঝেতে পড়ে ছিল তাঁর দুই মেয়ের মরদেহ। জানা গেছে, ঘটনার সময় পারিবারিক একটি কাজে তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা বাইরে ছিলেন। তাঁরা ঘরে ফিরে এই ভয়াবহ দৃশ্য দেখতে পান এবং বিষয়টি জানাজানি হয়। তবে এই ঘটনার পেছনে কোনো পারিবারিক বিরোধ ছিল কি না, সে বিষয়ে স্বজনরা তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে পারিবারিকভাবে পুঁইছড়ি ইউনিয়নের শামশুল আলমের মেয়ে আফিয়া বেগমের সঙ্গে বিয়ে হয় জাহেদ হোসেনের। বিয়ের পর প্রথম তিন মাস তাঁরা শহরের একটি ভাড়া বাসায় বসবাস করেন। পরবর্তীতে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতে শুরু করেন জাহেদ। তবে তাঁর পেশা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, সন্ধ্যা ছয়টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে জাহেদ হোসেনকে ঘরের বিমে ঝুলন্ত অবস্থায় এবং একই কক্ষে খাটের পাশে মেঝেতে দুই শিশুকে পাশাপাশি মৃত অবস্থায় পাওয়া যায়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক মুক্তকণ্ঠকে বলেন, “জাহেদ হোসেন ও তাঁর দুই মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”