নোয়াখালীর বেগমগঞ্জের সাত বছর বয়সী শিশু তাইবা ইলহাম নূহাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। তবে এই নৃশংস ঘটনার আট দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত ঘাতকদের শনাক্ত করতে বা গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের এই নিষ্ক্রিয়তায় নিহত শিশুটির পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
গত ৯ নভেম্বর নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের মহতাপুরে একটি নির্মাণাধীন ঘরের পাশ থেকে শিশু নূহার মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, বড় ভাই ইয়াছিন আরাফাতের সঙ্গে মাদ্রাসায় কোচিং করতে যাওয়ার পথে সে নিখোঁজ হয়। পরবর্তীতে যখন মরদেহ উদ্ধার করা হয়, তখন শিশুটির শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনেরা।
নিহত নূহা বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়নপুর গ্রামের আবুল হোসেন মাস্টারের বাড়ির মেয়ে এবং ইকবাল হোসেনের সন্তান। সে মহতাপুর গ্রামের মহতাপুর নূরানী মাদ্রাসার প্রথম জামাতের শিক্ষার্থী ছিল।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ঘটনার শুরু থেকেই নূহাকে হত্যার কথা বলে মামলা করতে চাইলেও পুলিশ বিষয়টিকে অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসে। চিকিৎসকদের প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, গলায় চাপ প্রয়োগ করে শ্বাসরোধের মাধ্যমেই নূহাকে হত্যা করা হয়েছে।
নিহত নূহার চাচা সুজন ঘটনার আট দিন পর পুলিশি ব্যর্থতার কথা উল্লেখ করে বলেন, ‘আমরা প্রথম দিন থেকেই বলে আসছি, এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং হত্যাকাণ্ড। আমরা সেদিনই থানায় হত্যা মামলা করতে চেয়েছি। কিন্তু পুলিশ সেদিন এটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নিয়েছে। আজ আমাদের নতুন করে হত্যা মামলা করতে বলেছে।’
নূহার মা নাসরিন আক্তার মৌসুমি বলেন, ‘মরদেহ উদ্ধারের পর নূহার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। গলা, ঠোঁট, মুখ ও পিঠে ফোলা ও দাগ ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতবারই আমাদের কাছে তথ্য চেয়েছে, আমরা সব তথ্য দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনো অপরাধীকে তারা শনাক্ত করতে পারেনি।’
নাম প্রকাশে অনিচ্ছুক ময়নাতদন্তকারী এক চিকিৎসক নিশ্চিত করেছেন যে, নূহার মৃত্যু স্বাভাবিক ছিল না। তাকে গলায় চাপ দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এবং ময়নাতদন্ত প্রতিবেদনে এই তথ্য বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
এই ঘটনার বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, ময়নাতদন্ত প্রতিবেদনে নূহাকে গলায় শ্বাসরোধ করে হত্যার বিষয়টি উল্লেখ রয়েছে। বর্তমানে প্রতিবেদনটি পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করে যাচ্ছে।