চট্টগ্রামের বাঁশখালী থেকে অপহৃত ব্যবসায়ী মো. এহসান প্রকাশ হাসানকে অক্ষত অবস্থায় কক্সবাজারের টেকনাফের পাহা‌ড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সাবেক সেনা ও র‌্যাব সদস্যসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ব্যবসায়ীকে বাঁশখালী থানায় আনা হয়। অপহরণের পর গতকাল মঙ্গলবার রাতে পুলিশের ব্যাপক তৎপরতা ও অভিযানের মুখে তাকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ অপহরণকারী চক্রের মূলহোতা সাবেক সেনা ও র‌্যাব সদস্য সুমন মুন্সিসহ (৩২) ৬ জনকে ঘটনাস্থল হতে আটক করেছে। আটককৃত অন্যরা হলেন- মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), মো. আব্বাস উদ্দিন (৩১), মো. ছলিম ওরফে সেলিম (৩০) এবং দেলোয়ার হোসেন (৪০)।

গত ১৭ অক্টোবর (শনিবার) রাত প্রায় সাড়ে ৮টাযর দিকে পুঁইছড়ি প্রেমবাজারের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ‘আব্দুল্লাহ এন্টারপ্রাইজ’ থেকে কালো পোশাকধারী ও মাস্ক পরিহিত ৪ ব্যক্তি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) পরিচয়ে দিয়ে এহসান প্রকাশ হাসানকে হাতকড়া পরিয়ে তুলে নিয়ে যায়। পরে দৃষ্কৃতকারীরা বিভিন্ন মোবাইল নাম্বার হতে ব্যবসায়ীর স্ত্রী এবং দোকানের ম্যানেজার মোজ্জাফফর উদ্দিনকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তারা দাবিকৃত টাকা না দিলে প্রকাশ হাসানকে হত্যা করার হুমকি দেয়।

সহকারী পুলিশ সুপার (আনোয়ার সার্কেল) মোহাম্মদ মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিমের যৌথ অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় টেকনাফের লেদা ক্যাম্প এলাকা থেকে ওই ব্যবসায়ীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত ৬ অপহরণকারীকে আটকের পাশাপাশি তাদের ব্যবহৃত ভুয়া এসআরবি পোশাক ও আইডি কার্ড জব্দ করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মুক্তিপণ আদায়ই ছিল এই চক্রের মূল উদ্দেশ্য এবং এই চক্রের সঙ্গে স্থানীয় দুর্বৃত্তসহ রোহিঙ্গা অপরাধীরাও জড়িত রয়েছে।