কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে অপহৃত চার যুবককে উদ্ধার করা হয়েছে। এসময় অপহরণ চক্রের এক সদস্যকে আটক করে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড শরণার্থী শিবিরের চেকপোস্ট সংলগ্ন মৌসুমী গেট এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এপিবিএন) ও টেকনাফ থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

উদ্ধার হওয়া যুবকেরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হেলাল উদ্দিন (২১), মো. ইউনুস (২১), জসিম উদ্দিন (২১) ও খায়রুল আমিন (২১)। আটক ব্যক্তির নাম মোহাম্মদ তারেক (২৩)। তিনি হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে নয়াপাড়া শরণার্থী শিবিরের মৌসুমী বাজার এলাকায় অপহরণ চক্রের কয়েকজন সদস্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশ যৌথ অভিযান চালায়। অভিযানে চার যুবককে উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত তারেককে হাতেনাতে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত উপ-মহাপরিদর্শক) মোহাম্মদ কাউছার সিকদার মুক্তকণ্ঠকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার ভুক্তভোগীকে উদ্ধার এবং অপহরণ চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ভুক্তভোগী ও আটক আসামিকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় নয়াপাড়া ক্যাম্পের এপিবিএন কার্যালয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান তিনি।