সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একটি নাগরিক স্মরণসভার আয়োজন করা হচ্ছে।
নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই বিশেষ স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার পরিবারের সদস্যদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। আজ শনিবার নাগরিক সমাজের পক্ষ থেকে জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়ের কথা জানানো হয়েছে।
উক্ত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, এই স্মরণসভায় দেশের প্রথিতযশা রাজনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি ও পেশার বিশিষ্ট নাগরিকেরা অংশগ্রহণ করবেন।
স্মরণসভাকে আরও অর্থবহ ও স্মরণীয় করে তোলার লক্ষ্যে খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব এবং দেশ ও জাতির প্রতি তাঁর অবদানসহ জীবনের নানা অজানা অধ্যায় নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
এই উদ্দেশ্য পূরণে দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব, রাজনীতিক, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও পেশাজীবীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।
স্মারকগ্রন্থে লেখার জন্য নির্ধারিত বিষয়গুলোর মধ্যে রয়েছে খালেদা জিয়ার জীবন, নেতৃত্ব, আপসহীন গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন, পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম, নারীশিক্ষা, নারী নেতৃত্ব ও সামাজিক উন্নয়ন, সংসদীয় রাজনীতির ইতিহাসে তাঁর অবদান, অর্থনৈতিক দর্শন, নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, সংবাদপত্রের স্বাধীনতা, প্রত্যক্ষ স্মৃতিচারণা ও অজানা অধ্যায়, সরকার পরিচালনা ও সুশাসন, অন্তিম সময়ে খালেদা জিয়া এবং তাঁর নান্দনিকতা, ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা।
আয়োজকরা জানিয়েছেন, প্রতিটি লেখা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ শব্দের মধ্যে হতে হবে এবং তা অবশ্যই মৌলিক, তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী হতে হবে। লেখকদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে ই-মেইলে ([email protected]) তাদের লেখা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। তবে স্মারকগ্রন্থের সম্পাদকীয় বিবেচনায় কেবল নির্বাচিত লেখাগুলোই প্রকাশ করা হবে।
এর পাশাপাশি খালেদা জিয়ার কর্মময়, সংগ্রামী ও ঘটনাবহুল রাজনৈতিক জীবন, নেতৃত্ব, সাফল্য এবং জাতীয় জীবনে তাঁর অর্জনসমূহ নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্য ভিডিও চিত্র বা ডকুমেন্টারি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, এই প্রামাণ্যচিত্র এবং স্মারকগ্রন্থটি খালেদা জিয়ার জীবন-কর্মের বহুমাত্রিক মূল্যায়ন, রাজনৈতিক উত্তরাধিকার, রাষ্ট্রচিন্তা এবং বাংলাদেশের ইতিহাসে তাঁর অবদান ফুটিয়ে তোলার একটি কার্যকর প্রয়াস হবে। সেই সঙ্গে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মূল্যবান ঐতিহাসিক দলিল হিসেবে গণ্য হবে।