জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা একদল শিক্ষার্থীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই পরিদর্শনে লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪১ জন শিক্ষার্থী অংশ নেন, যারা ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন। তাদের সঙ্গে ছিলেন ৬ জন শিক্ষক ও অভিভাবক। এছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক এই পরিদর্শনে শামিল হন।
রোববার (১৫ নভেম্বর) সংসদ অধিবেশনের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এই শিক্ষার্থীরা। আলাপকালে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, নতুন প্রজন্ম রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। তবে তিনি সতর্ক করে বলেন, রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা অত্যন্ত জরুরি।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন ও নাগরিক দায়িত্বের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী তিনটি বিশেষ বিষয়ে পরামর্শ দেন। প্রথমত, পরিচ্ছন্নতার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি নিজেদের শহর, বাড়ি এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার পরামর্শ দেন তিনি।
দ্বিতীয়ত, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি পরামর্শ দেন, বর্ষাকালে নিজের কিংবা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস করতে।
তৃতীয়ত, প্রাণীর প্রতি সদয় আচরণের কথা উল্লেখ করে তিনি পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণ করার আহ্বান জানান।
সাক্ষাৎকারের আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে একটি সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখার সুযোগ পান। পরিদর্শনের শেষ পর্যায়ে তারা সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।
এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম প্রমুখ।