বসুমতি এগ্রো তাদের প্রথম সমন্বিত কৃষিভিত্তিক ব্যবসায়িক উদ্যোগ 'স্বর্ণভূমি' গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে চালু করেছে। এই প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি সাধারণ মানুষের জন্য শেয়ার মালিকানার সুযোগ উন্মুক্ত করা হয়েছে।
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বসুমতি এগ্রো জানিয়েছে, কৃষি, প্রাণিসম্পদ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষকদের উন্নয়ন এবং সমাজকল্যাণকে একটি একক পরিকল্পনার আওতায় এনে একটি টেকসই কৃষিভিত্তিক ব্যবসায়িক ইকোসিস্টেম গড়ে তোলাই স্বর্ণভূমির মূল লক্ষ্য।
এই প্রকল্পের অধীনে চারটি ভিন্ন ভিন্ন উদ্যোগকে একটি সমন্বিত ব্যবসায়িক কাঠামোর আওতায় আনা হয়েছে। এই চারটি উদ্যোগের মধ্যে রয়েছে পশুসম্পদ গবেষণা, প্রজনন ও বিপণন কেন্দ্র; বীজ গবেষণা, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন কেন্দ্র; একটি বিলাসবহুল রিসোর্ট এবং ইসলামিক ফাউন্ডেশন ও কৃষিভিত্তিক সমাজকল্যাণ কেন্দ্র।
ঝিনাইদহের শৈলকুপার হড়রাতে প্রায় ৬৫ বিঘা জমির ওপর স্বর্ণভূমি প্রকল্পটি গড়ে তোলা হবে। জনসাধারণের জন্য শেয়ার মালিকানার সুযোগ উন্মুক্ত করার আগেই বসুমতি এগ্রো প্রথম পর্যায়ে ১৫ বিঘা জমি ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করেছে। সেখানে ইতিমধ্যে একটি রিসোর্ট নির্মিত হয়েছে, যা প্রকল্পটির বাস্তব অগ্রগতির একটি শক্ত ভিত্তি তৈরি করেছে।
স্বর্ণভূমিতে শরিয়াহসম্মত মুশারাকা মডেলে সাধারণ মানুষের বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে। এখানে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ টাকা। কোনো ডাউন পেমেন্ট ছাড়াই ১৮ মাসে ১৬,৭০০ টাকা কিস্তিতে এই মূল্য পরিশোধ করা যাবে। চুক্তি অনুযায়ী সাবকবলা রেজিস্ট্রেশনের মাধ্যমে জমির আইনগত মালিকানা নিশ্চিত করা হবে এবং কৃষি ও খামারভিত্তিক ব্যবসা থেকে যে মুনাফা অর্জিত হবে, তা অংশীদারদের মধ্যে বণ্টন করা হবে।
এছাড়া শেয়ারহোল্ডাররা খামারে পালিত গবাদিপশুর দুধ এবং খামারে উৎপাদিত ফল কেনার ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন। পাশাপাশি রিসোর্টকেন্দ্রিক বিভিন্ন সুযোগ-সুবিধা উপভোগ করার সুযোগও তাদের জন্য থাকছে।
স্বর্ণভূমি প্রকল্প উদ্বোধন উপলক্ষে বসুমতি গ্রুপের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল আমিন বলেন, ‘স্বর্ণভূমি কেবল একটি ব্যবসায়িক প্রকল্প নয়; বরং, এটি টেকসই কৃষি ব্যবস্থা, সম্মিলিত সমৃদ্ধি ও সামাজিক দায়িত্ববোধকে একসঙ্গে এগিয়ে নেওয়ার একটি উদ্যোগ। আমরা স্বচ্ছতা, জমির বাস্তব মালিকানা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে এমন একটি উদ্যোগ গড়ে তুলতে চাই, যেখানে অংশীদারদের পাশাপাশি, সমাজের বৃহত্তর জনগোষ্ঠীও উপকৃত হবে। আর্থিক অর্জনের চেয়ে মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণ নিশ্চিত করা, কৃষকদের জীবনমানের উন্নয়ন ও আগামী প্রজন্মের জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।’
প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ইতিমধ্যে আগ্রহী ব্যক্তিদের জন্য শেয়ার মালিকানার সুযোগ উন্মুক্ত করা হয়েছে। যারা এই সমন্বিত কৃষিভিত্তিক উদ্যোগে শেয়ারহোল্ডার হতে আগ্রহী, তারা শেয়ার ক্রয় করার মাধ্যমে এই প্রকল্পের অংশ হতে পারবেন।