জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য প্রদানকে কেন্দ্র করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের মধ্যে উত্তপ্ত বাদানুবাদ সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সংসদের কার্যক্রম শুরুর পরপরই এই ঘটনাটি ঘটে।
দিনের নির্ধারিত কার্যসূচি অনুযায়ী অধিবেশনের শুরুতে ছিল প্রশ্নোত্তর পর্ব। পবিত্র কোরআন তিলওয়াতের পর বৈঠকের শুরুতেই পয়েন্ট অব অর্ডারে দাঁড়ান বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের বিষয়টি উত্থাপন করতে চেয়েছিলেন।
বিষয়টি সামনে আনতে চাইলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে অনুরোধ করে বলেন, ‘এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা আমরা আলোচনা করব। প্রশ্নোত্তরটা শেষ হোক, তারপর আপনি দাঁড়াবেন।’
স্পিকারের এই অনুরোধে সম্মতি না জানিয়ে নাহিদ ইসলাম পাল্টা প্রশ্ন করে বলেন, ‘না, মাননীয় স্পিকার। প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব?’
নাহিদ ইসলামের এমন মন্তব্যে স্পিকার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই আধা ঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে নাকি? এই আধা ঘণ্টা অপেক্ষা করার অসুবিধা কী? আমরা একটা প্রসিডিউরের মধ্যে আছি। আপনার বলার হয়তো…স্বরাষ্ট্রমন্ত্রীও এখানে নাই, যিনি জবাব দেবেন।’
এর জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কী জবাব দেবেন, এটা তো জানি মাননীয় স্পিকার। আমরা শুধু আমাদের কথাগুলো বলতে চাই। আমরা তো আর জবাব আশা করি না।’
নাহিদ ইসলামের কথা শুনে স্পিকার বলেন, ‘জবাব আশা করেন না, আচ্ছা বলেন...’
তখন নাহিদ ইসলাম শর্তসাপেক্ষে বলেন, ‘আমাদের কথা বলতে যদি দেন, তাহলে থাকি। না হলে থাকব না।’
জবাবে স্পিকার বলেন, ‘আপনার মাইক তো অন আছে।’
স্পিকারের এই কথা শোনার পর নাহিদ ইসলাম তাঁর বক্তব্য শুরু করেন।