সংসদীয় রীতিনীতি, শালীনতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে সংসদ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি মনে করেন, ভিন্নমত ও ভিন্নপথের সহাবস্থানের মধ্যেই সংসদীয় গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য নিহিত।
আজ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সূচনা বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। তিনি গুরুত্বারোপ করে বলেন, ‘সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্নমত ও ভিন্নপথের সহাবস্থান। আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া আমাদের সবার কর্তব্য।’
জাতীয় সংসদ সম্পর্কে স্পিকার বলেন, এটি মূলত জনগণের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং জনমতের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক বহিঃপ্রকাশ। বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অত্যন্ত দীর্ঘ এবং ঘটনাবহুল। এ দেশের সাধারণ মানুষ গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াইয়ে বারবার সাহস, ত্যাগ এবং দৃঢ়তার পরিচয় দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
অতীতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ডামি নির্বাচন, অন্যায়, জুলুম, নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার এ দেশে গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করেছিল।’ তিনি আরও বলেন, ২৪ জুলাই গণ–অভ্যুত্থানের মাধ্যমে এ দেশে পুনরায় গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু হয়েছে। স্পিকারের মতে, গণতন্ত্র প্রতিষ্ঠা করা ছাড়া কোনো দেশে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
জাতীয় সংসদের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা যে অত্যন্ত ব্যাপক, সেই কথা উল্লেখ করে হাফিজ উদ্দিন বলেন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করা এই সংসদের অন্যতম প্রধান দায়িত্ব। পরিশেষে তিনি উল্লেখ করেন, আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা এবং দায়িত্বশীল মতপ্রকাশই হলো সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি।