তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনের ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনাগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে কলকাতা পুলিশ ও পৌরসভা। কলকাতার কালীঘাটের পটুয়াপাড়ায় অবস্থিত তাঁর বাসভবনের সামনে আজ বৃহস্পতিবার সকালে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
সকাল থেকেই বুলডোজার নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ ও পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তারা। অভিযানের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁদের সঙ্গে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী, কমব্যাট ফোর্স এবং র্যাপিড অ্যাকশন ফোর্সের (র্যাফ) সদস্যবৃন্দ। উল্লেখ্য, এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য কলকাতা পৌরসভার পক্ষ থেকে আগেই প্রয়োজনীয় নোটিশ প্রদান করা হয়েছিল।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকেও ওই স্থাপনাগুলোর কিছু অংশ ও মালামাল সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানা গেছে। তবে আজ সকালে হঠাৎ করেই বুলডোজার নিয়ে অভিযান শুরু করে পৌর কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ফুটপাত দখল করে তৃণমূল কংগ্রেসের একটি শহীদ বেদি এবং অভিষেকের ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে এসব স্থাপনা নির্মাণ করা হয়েছিল। স্থাপনাগুলো মূলত বাঁশ ও লোহা দিয়ে তৈরি করা হয়েছিল।
উচ্ছেদ অভিযানের সময় তৃণমূলের শহীদদের স্মরণে নির্মিত শহীদ বেদিটিও ভেঙে ফেলা হয়। পাশাপাশি স্থাপনাগুলোর মধ্যে থাকা একটি লোহার গেটও গুঁড়িয়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পথচারীদের চলাচলের জন্য নির্ধারিত ফুটপাতটি আটকে এই স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছিল, যার ফলে সাধারণ মানুষের চলাচলে সমস্যা হতো।
এই ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বাংলাবিরোধীদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। কোনো বুলডোজার তা থামাতে পারবে না।’
অন্যদিকে, কলকাতা পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, ফুটপাত দখলমুক্ত করাই তাদের মূল লক্ষ্য। তারা দাবি করে, এসব অবৈধ স্থাপনা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই নির্মাণ করা হয়েছিল। মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতেন, তখন তাঁর নিরাপত্তার কথা মাথায় রেখে এসব স্থাপনা তৈরি করা হয়। বর্তমানে তিনি সাধারণ ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন।
জাহাঙ্গির খানের বাড়ির অবৈধ অংশও ভাঙা হচ্ছে
একই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বাড়ির অবৈধ নির্মাণ অংশ ভাঙার কাজও চলছে। গতকাল থেকেই পৌর কর্তৃপক্ষ এই অভিযান শুরু করেছে। গতকাল দিনভর ভাঙার কাজ চলার পর আজ সকাল থেকে পুনরায় তাঁর বাড়ির অবৈধ অংশগুলো ভাঙার প্রক্রিয়া শুরু হয়েছে।