স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির সুফল সমাজের সব স্তরে সমানভাবে পৌঁছায়নি। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষ এখনো উন্নয়নের মূলধারায় আসতে পারেননি। সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রত্যাশিত পরিবর্তন না আসায় শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত রয়ে গেছেন বিশাল এক জনগোষ্ঠী।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে গঠিত সংসদীয় ককাসের একটি প্রকাশনা অনুষ্ঠানে এই মত ব্যক্ত করেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করে।

দেশের বর্তমান দারিদ্র্যের চিত্র তুলে ধরে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, "দেশে এখনো প্রায় সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করেন। তাঁদের মধ্যে প্রায় এক কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে আছেন।"

তিনি আরও উল্লেখ করেন যে, দারিদ্র্যের হার কমলেও দরিদ্র মানুষের সংখ্যা সেই অনুপাতে হ্রাস করা সম্ভব হচ্ছে না। এছাড়া দারিদ্র্যসীমার ঠিক ওপরে অবস্থান করা প্রায় দুই কোটি মানুষ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন; মাত্র দুই দিন কাজ করতে না পারলে তাঁরা পুনরায় দারিদ্র্যের অতলে তলিয়ে যেতে পারেন।

যুবসমাজের কর্মসংস্থানের সংকট নিয়ে কথা বলে দেবপ্রিয় বলেন, দেশে প্রতি চারজন তরুণের একজন বেকার। আর শিক্ষিত তরুণদের ক্ষেত্রে এই পরিস্থিতি আরও উদ্বেগজনক, যেখানে প্রতি তিনজনের একজন বেকার। তবে তিনি স্বীকার করেন যে, দেশের মানুষের গড় আয়ু বেড়ে প্রায় ৭৪ বছর হওয়া একটি বড় অর্জন। তবে এই অর্জনের পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে শিশুমৃত্যুর হার, বিদ্যালয় থেকে ঝরে পড়ার প্রবণতা এবং শিশুশ্রমের হার এখনো অনেক বেশি।

সমাজের নির্দিষ্ট কিছু অবহেলিত গোষ্ঠীর কথা উল্লেখ করে তিনি বলেন, পরিচ্ছন্নতাকর্মী, প্রতিবন্ধী ব্যক্তি, উত্তরবঙ্গের খরাপ্রবণ এলাকার মানুষ ও উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা এখনো শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে পিছিয়ে আছেন। দেশের গড় উন্নয়নের সুফল তাঁদের কাছে সমানভাবে পৌঁছায়নি। বরং দুর্নীতি, স্বজনপ্রীতি ও প্রশাসনিক অব্যবস্থাপনার শিকার হতে হয় তাঁদেরই সবচেয়ে বেশি।

সমাজের অগ্রসর ও সচেতন মানুষের দায়িত্বের কথা মনে করিয়ে দিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, "সমাজের অগ্রসর ও সচেতন মানুষ তাঁদের পাশে না দাঁড়ালে সামগ্রিক অর্জন একসময় ঝুঁকির মুখে পড়বে। এতে গণতন্ত্র, উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে।"

সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সমাজ ও বেসরকারি উদ্যোক্তাদের পাশাপাশি জনপ্রতিনিধিদের সরাসরি দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। দেবপ্রিয় মনে করেন, যাঁদের ভোটে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন, তাঁদের জীবনমান উন্নয়নে সংসদ সদস্যদের কার্যকর ভূমিকা পালন করতে হবে।

পিছিয়ে পড়া মানুষের অধিকার রক্ষায় সংসদ সদস্যদের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে সিপিডির এই সম্মানীয় ফেলো বলেন, সংসদ সদস্যরা এই জনগোষ্ঠীর অধিকার রক্ষায় প্রয়োজনীয় আইন প্রণয়ন করবেন এবং তাঁদের সমস্যাগুলো নিয়ে সংসদে আলোচনা করবেন। পাশাপাশি আগামী দিনের বাজেট প্রণয়নের সময় সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হবে— এটাই তাঁদের প্রত্যাশা।

রাজনৈতিক ঐক্য নিয়ে কথা বলে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, "দেশের ইতিহাসে এবারই প্রথম সংসদের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা একসঙ্গে একটি প্ল্যাটফর্মে এসে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিয়ে কাজ করার উদ্যোগ নিয়েছেন। এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।"

তিনি আরও জানান, দীর্ঘদিনের প্রচেষ্টায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার নিয়ে কাজ করতে সংসদ সদস্যদের সঙ্গে নাগরিক সমাজের প্রতিনিধিদের এক জায়গায় আনার এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ককাসের প্রধান ও বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন। আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা অংশ নেন। মোট ২৫ জন সংসদ সদস্য এই ককাসের সদস্য হিসেবে যুক্ত আছেন, যা মূলত সংসদ সদস্যদের একটি অনানুষ্ঠানিক ও স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান, নিজেরা নারীর সমন্বয়কারী খুশী কবির, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিনসহ বিভিন্ন পেশার মানুষ, উন্নয়নকর্মী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা।