অর্থনীতিবিদ ও গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম নলেজ হাব ইনস্টিটিউট ট্রাস্টের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। চলতি অক্টোবর মাস থেকে তিনি এই পদে যোগদান করেন। প্রতিষ্ঠানের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নলেজ হাব ইনস্টিটিউট বর্তমানে চারটি প্রধান ক্ষেত্রে কার্যক্রম পরিচালনা করছে। সেগুলো হলো: পরিচ্ছন্ন জ্বালানি, সামষ্টিক অর্থনীতি ও সরকারি আর্থিক ব্যবস্থাপনা, অর্থ ও ব্যাংকিং, এবং কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন।

খন্দকার গোলাম মোয়াজ্জেম অর্থনৈতিক গবেষণা, জননীতি ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করে আসছেন। নলেজ হাব ইনস্টিটিউটে যোগ দেওয়ার আগে তিনি বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগে (সিপিডি) গবেষণা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় থেকে এরিয়া স্টাডিজ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

তার পেশাগত ও গবেষণামূলক কাজের মধ্যে রয়েছে উৎপাদনশীল খাতের প্রতিযোগিতা সক্ষমতা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের উন্নয়ন, শ্রম অধিকার ও কর্মসংস্থান সৃষ্টি, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি রূপান্তর, আন্তর্জাতিক বাণিজ্য, বেসরকারি বিনিয়োগ এবং সামাজিক সুরক্ষাসহ উন্নয়ন ও অর্থনৈতিক নীতির বিভিন্ন বিষয়।