দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির এক অদ্ভুত চিত্র ফুটে উঠেছে আমদানি, রপ্তানি এবং বাণিজ্যঘাটতির মধ্যকার এক কাল্পনিক কথোপকথনের মাধ্যমে। যেখানে আমদানি যেন অলিম্পিকের স্প্রিন্টারের মতো দ্রুত গতিতে ছুটছে, সেখানে রপ্তানি যেন ডায়াবেটিসের রোগীর মতো ধীরলয়ে মর্নিং ওয়াক করছে। আর এই দুইয়ের মাঝখানে বাণিজ্যঘাটতি নামের এক ব্যক্তি দাঁড়িয়ে দুজনের ব্যবধান মাপতে মাপতে নিজেই ফুলে ঢোল হয়ে গেছেন। সম্প্রতি তাঁর ওজন আরও বেড়েছে। একদিন এক চায়ের দোকানে দেখা হলো এই তিনজনের।
কথোপকথনের শুরুতেই আমদানি প্রশ্ন করে বসে, “কি রে রপ্তানি! এত রোগা কেন? আয়-রোজগার কম মনে হচ্ছে? খাওয়াদাওয়া হয় না নাকি? ডলারটলার পাও না?”
রপ্তানি দীর্ঘশ্বাস ফেলে উত্তর দেয়, “ডলার পাব কোথা থেকে? তুমি তো দেশের সব ডলার গিলে বসে আছো। তেল আনো, গম আনো, ভোজ্যতেল আনো—আনতে আনতে পকেট ফাঁকা। আমি বানিয়ে বেচতে যাব, ততক্ষণে তুমি বাজার খালি করে ফেলো।”
আমদানি তখন তাচ্ছিল্যের সুরে বলে, “গত তিন মাসে আমি ১৫ শতাংশ বেড়েছি। তুমি মাত্র ৭ শতাংশ। একটু গতি বাড়াও! টেসলার যুগে তুমি এখনো পায়ে ঠেলা রিকশার মতো দৌড়াচ্ছ! প্রয়োজনে হানিনাট খাও!”
রপ্তানি ক্ষোভের সাথে জবাব দেয়, “দৌড়াব কী দিয়ে? আমার পায়ে তো কাগজপত্রের শিকল। আর তুমি তো ফুলেছ জ্বালানির ঠেলায়! জ্বালানির বিল একাই ১০৫ শতাংশ বেড়েছে। আর তুমি ফুলছ গ্যাসে! আর আমার দিকে তাকাও, আমি শুকিয়ে কাঠ। কারণ, যন্ত্রপাতি আনতে গেলেই তোমার নাকি ডলারসংকট, আর তেল আনতে গেলেই ডলারের বন্যা!”
আমদানি আত্মপক্ষ সমর্থন করে বলে, “কী করব? জ্বালানি ছাড়া কারখানা চলে? বিদ্যুৎ ছাড়া ফ্যানও ঘোরে না!”
ঠিক এই সময়ে হাঁপাতে হাঁপাতে সেখানে উপস্থিত হন বাণিজ্যঘাটতি। তাঁর অবস্থা শোচনীয়; শার্টের বোতাম খুলে গেছে, গালের মাংস ঝুলে পড়েছে, চোখ দেবে গেছে এবং পা টলছে। তিনি আর্তনাদ করে বলেন, “থামো ভাই, থামো! তোমাদের দুজনের ঠেলাঠেলির ভার তো আমাকেই বইতে হচ্ছে। তিন মাসে আমার ওজন ৩১ শতাংশ বেড়ে ৭ দশমিক ৪৮ বিলিয়ন ডলার হয়েছে। আমাকে এখন আর ঘাটতি বলে না, বলে ঘাটতির পাহাড়! আমি এখন আর ভদ্রলোক নই, লোকে আমাকে এখন কুমড়ো পটাশ বলে!”
আমদানি দাবি করে, “আমার দোষ কী? আমি তো দেশের প্রয়োজন মেটাচ্ছি।”
রপ্তানি পাল্টা যুক্তি দেয়, “আর আমার দোষ কী? আমাকে দিয়ে আয় বাড়াতে চায়, অথচ মাঠে নামার আগেই পায়ে শিকল পরিয়ে দেয়! আমাকে বলা হয়, বেশি করে বেচো। অথচ বেচতে গেলে বলে, আগে ১৭টা ছাড়পত্র আনো, ২২টা সিল মারো, ৩টা কমিটির পায়ে ধরো!”
বাণিজ্যঘাটতি অবাক হয়ে জিজ্ঞেস করেন, “তাহলে সমস্যাটা কোথায়?”
রপ্তানি তার অভিযোগের কথা স্পষ্টভাবে জানায়, “সমস্যা হলো, আমদানির জন্য লালগালিচা, রপ্তানির জন্য লাল ফিতা। তুমি এলে বন্দরে সাইরেন বাজে, আমি গেলে ফাইলের পাহাড়ে চাপা পড়ি। আমদানির জন্য দরজা খোলা, রপ্তানির জন্য দরজায় তালা। তুমি জাহাজভর্তি পণ্য নিয়ে এলে তুমি অতিথি, আমি নতুন বাজার খুঁজতে গেলে আমি আসামি!”
আমদানি সতর্ক করে বলে, “সাবধান! আমাকে থামালে কিন্তু বাজারে হাহাকার পড়ে যাবে।”
বাণিজ্যঘাটতি তখন মন্তব্য করেন, “তোমাকে থামাতে বলছি না। কিন্তু শুধু আমদানি বাড়িয়ে পেশি ফুলিয়ে লাভ কী, যদি উৎপাদনের হাড়ই না থাকে?”
রপ্তানি আক্ষেপ করে বলে, “আমারও একটু পরিচর্যা দরকার। শুধু পোশাকের কাঁধে পুরো রপ্তানির পালকি আর কতকাল বইবে? পোশাক হাঁচি দিলেই তো পুরো অর্থনীতির গায়ে জ্বর আসে!”
বাণিজ্যঘাটতি প্রশ্ন করেন, “কথাটা নীতিনির্ধারকদের কানে যাবে তো?”
রপ্তানি হতাশ হয়ে উত্তর দেয়, “যাবে, তবে কান দিয়ে ঢুকে ফাইল হয়ে বের হবে। তাঁরা আবার একটা কমিটি করবেন। কমিটি রিপোর্ট দেবে—আমদানিকে আরও দ্রুত আনতে হবে, আর রপ্তানিকে দৌড় শেখাতে হবে। কমিটির চা-বিস্কুটের বিলটাও আবার আমদানি করেই মেটাতে হবে!”,