সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ গতকাল বুধবার মক্কা অঞ্চলে আছড়ে পড়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী এবং সৌদি আরবের মধ্যে চলমান সংঘাত ও পাল্টাপাল্টি হামলার উত্তেজনার মধ্যেই এই ঘটনাটি ঘটল।
সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের সংবাদ অনুযায়ী, ধ্বংসাবশেষ পড়ার স্থান দুটি হলো মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে প্রায় ৩৫ কিলোমিটার (২২ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত সাবুহাহ গ্রাম এবং মসজিদটি থেকে প্রায় ২১ কিলোমিটার পূর্বে অবস্থিত ওয়াদি আল-মাঘমাস এলাকা।
সৌদি বেসামরিক প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষেপণাস্ত্র দুটি সরাসরি মক্কা অঞ্চল লক্ষ্য করে ছোড়া হয়েছিল। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতায় সেগুলো মাঝপথেই প্রতিহত ও ধ্বংস করা হয়।
অন্যদিকে, পবিত্রতম দুই নগরী মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলা চালানোর সৌদি আরবের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে হুতিরা। গোষ্ঠীটির দাবি, সৌদি আরবের অন্যান্য এলাকার সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোই তাদের সামরিক অভিযানের মূল লক্ষ্য।
পবিত্রতম দুই নগরী মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলা চালানোর সৌদি অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে হুতিরা। গোষ্ঠীটির দাবি, সৌদি আরবের অন্যান্য এলাকার সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোই তাদের সামরিক অভিযানের মূল লক্ষ্য।
উল্লেখ্য, বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্রতম মসজিদটি মক্কা নগরীতে অবস্থিত। ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম বার্ষিক হজের মূল কেন্দ্রবিন্দু এই পবিত্র শহর, যেখানে প্রতিবছর লাখ লাখ মুসলমান সমবেত হন।
আজ বৃহস্পতিবার ভোরে সৌদি বেসামরিক প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে বলেছে, “বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে এ ধরনের শত্রুতাপূর্ণ হামলা আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন। এর মধ্য দিয়ে হুতি মিলিশিয়াদের বিপজ্জনক ও আগ্রাসী মনোভাবেরই প্রতিফলন ঘটেছে।”
২০১৪ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয়। এর পরের বছর দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সামরিক হস্তক্ষেপ শুরু করে সৌদি আরব।
২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ফলে সংঘাত কিছুটা স্তিমিত হয়ে পড়েছিল। তবে চলতি বছরের শুরুর দিকে আবারও লড়াই শুরু হয়। এরই অংশ হিসেবে হুতিরা সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে এবং পাল্টা জবাবে রিয়াদ ইয়েমেনে বিমান হামলা পরিচালনা করছে।
সর্বশেষ এই উত্তেজনার ফলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালি হুমকির মুখে পড়েছে। লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী এই প্রণালিটি বিশ্ব নৌ-বাণিজ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ হিসেবে পরিচিত।