‘আমার জিসান, আমার আব্বাজান, আমার দুনিয়া, তুমি কই গেলা? আব্বা, তোমার জন্য আমার ভেতরটা কী যে করে! তোমার সঙ্গে আর দেখা হবে না কোনো দিন, কথা হবে না কোনো দিন। কলিজা আমার, তোমাকে কবরে রেখে আমি কীভাবে বাসায় ঘুমাব?’

গভীর শোক ও বিলাপের মধ্য দিয়ে এই কথাগুলো বলছিলেন কুমিল্লার হোমনা উপজেলার দড়িকান্দি গ্রামের সৌদি আরবপ্রবাসী মো. জালাল হোসেন। একমাত্র সন্তান মো. জিসান আহমেদের (১৪) আকস্মিক মৃত্যুর সংবাদ পেয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় তিনি দেশে ফেরেন। রাতে তিনি তাঁর প্রিয় সন্তানের মরদেহ গ্রামের সামাজিক কবরস্থানে দাফন করেন।

ঘটনাটি ঘটে গত সোমবার বিকেলে। হোমনা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের প্রথম রাউন্ডের খেলা চলছিল। ওই ম্যাচে পৌরসভা দলের হয়ে মাথাভাঙ্গা ইউনিয়ন দলের বিপক্ষে মাঠে নেমেছিল জিসান। খেলা শুরুর মাত্র চার থেকে পাঁচ মিনিটের মাথায়, বেলা আড়াইটার দিকে সে হঠাৎ মাঠে লুটিয়ে পড়ে। দ্রুত তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিসান হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। সন্তানের মানসম্মত শিক্ষার কথা চিন্তা করে জালাল হোসেন তাঁর স্ত্রী ও ছেলেকে হোমনা উপজেলা সদরে একটি ভাড়া বাসায় রেখেছিলেন। পরিবারের সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে তিনি নিজে প্রবাসে সৌদি আরবে কর্মরত ছিলেন।

পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, জিসানের বাবা দেশে না ফেরা পর্যন্ত তার মরদেহ দাফন করা হয়নি। দ্বিতীয় জানাজার অপেক্ষায় লাশটি একটি ফ্রিজিং অ্যাম্বুলেন্সে সংরক্ষণ করা হয়েছিল। অবশেষে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় দড়িকান্দি গ্রামের মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা সম্পন্ন হওয়ার পর গ্রামের সামাজিক কবরস্থানে জিসানকে দাফন করা হয়।

জিসানের বাবা দেশে ফেরার খবর পেয়ে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করতে তাঁদের বাড়িতে যান এবং তাঁদের সান্ত্বনা দেন।

জিসানের অকাল প্রয়াণে গতকাল বুধবার বিকেলে হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ে এক শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান মুক্তকণ্ঠকে বলেন, “জিসানের অকালমৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই শোকাহত। তার স্মরণে বিদ্যালয়ের উদ্যোগে শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।”

উক্ত শোকসভা ও মিলাদ মাহফিলে হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ব্যবস্থাপনা কমিটির সভাপতি, অভিভাবক সদস্য এবং জিসানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া হোমনার আরও বেশ কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।