মানুষের স্পর্শ থেকে দূরে সমুদ্রের প্রকৃত রূপ কেমন হতে পারে, তা কল্পনা করা কঠিন। বর্তমানে আমাদের সামুদ্রিক পরিবেশ এক চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বন্যপ্রাণীর বিলুপ্তি, প্রবালের মারাত্মক অবনতি এবং দূষণের পাশাপাশি সমুদ্রের অম্লতা ও তাপমাত্রার ক্রমবর্ধমান মাত্রা বিশ্বজুড়ে পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর এমন কোনো স্থান এখন আর নেই বললেই চলে, যাকে সম্পূর্ণ অক্ষত সমুদ্র বলা যায়। তবে প্রশান্ত মহাসাগরের গভীরে অবস্থিত দুটি বিচ্ছিন্ন অভয়ারণ্য এখনো কিছু অসাধারণ রহস্য ধরে রেখেছে।

সম্প্রতি 'ফ্রন্টিয়ার্স ইন মেরিন সায়েন্স' জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বিজ্ঞানীরা বাইকার এবং বোকাক প্রবাল দ্বীপপুঞ্জ নিয়ে বিস্তারিত সমীক্ষা চালিয়েছেন। উল্লেখ্য, গত বছর এই এলাকা দুটিকে প্রথম জাতীয় সামুদ্রিক অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। ইউনিভার্সিটি অব হাওয়াইয়ের মেরিন ইকোলজিস্ট অ্যালান ফ্রিডল্যান্ডার জানান, এই বিশেষ স্থানগুলোর সুরক্ষা নিশ্চিত করার পেছনে যথেষ্ট কারণ রয়েছে। তাঁর মতে, এগুলো প্রশান্ত মহাসাগর অঞ্চলের অবশিষ্ট অক্ষত বাস্তুতন্ত্রের প্রতিনিধিত্ব করে।

অ্যালান ফ্রিডল্যান্ডার জানান, “বাইকার এবং বোকাক কেবল মার্শাল দ্বীপপুঞ্জের জন্য নয়; পুরো গ্রহের জন্য একটি বড় সম্পদ।” মার্শাল এলাকার বিভিন্ন জনগোষ্ঠী কয়েক শতাব্দী ধরে এই দ্বীপ দুটি সম্পর্কে জানলেও, মানুষের নাগাল থেকে দূরে থাকায় এগুলো অনন্যভাবে অক্ষত রয়ে গেছে। ভৌগোলিক অবস্থানের কথা বললে, বাইকার নিকটতম জনবহুল এলাকা থেকে ১০০ কিলোমিটারের বেশি দূরে এবং বোকাক মানুষের বসতি থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত।

২০২৩ সালে এই দুর্গম এলাকাগুলোতে একটি বিশেষ গবেষণা অভিযান পরিচালনা করা হয়। ফ্রিডল্যান্ডার এবং তাঁর সহগবেষকেরা গবেষণাপত্রে উল্লেখ করেছেন, দূরবর্তী সমুদ্রে এমন সব সিস্টেমের পরিবেশগত গঠন এবং কার্যকারিতা পরীক্ষা করার সুযোগ পাওয়া যায় যেখানে শিকারি প্রাণী, সামুদ্রিক পাখির কলোনি, স্থানীয় উদ্ভিদ এবং বাস্তুতন্ত্রের প্রক্রিয়াগুলো সরাসরি মানুষের চাপের কারণে কম প্রভাবিত হয়।

এই সমীক্ষায় ৩৮টি পরিবারের ২৬৬টি রিফ ফিশ ট্যাক্সা পর্যবেক্ষণ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, বোকাক দ্বীপে মাছের বায়োমাস তুলনামূলকভাবে বেশি। এছাড়া বাইকারে ২৬.৮ শতাংশ এবং বোকাকের ৩৩.৯ শতাংশ হাঙর দেখা গেছে। বিজ্ঞানীরা সাবমেরিন ব্যবহার করে অধিক গভীরতায় বসবাসকারী ১৩৮টি মাছের ট্যাক্সা নথিভুক্ত করেছেন। গবেষকেরা জানান, এর মধ্যে ১৪টি গ্রুপ মার্শাল দ্বীপপুঞ্জের জন্য নতুন রেকর্ড হিসেবে সামনে এসেছে। পাশাপাশি ডিপ-সি ক্যামেরার মাধ্যমে কম গভীরতায় বসবাসকারী মাছের আরও ৭৯টি গ্রুপ পর্যবেক্ষণ করা হয়েছে। এছাড়া গবেষকেরা ১৭ প্রজাতির সামুদ্রিক পাখিও নথিভুক্ত করেছেন।

ফ্রিডল্যান্ডার জানান, এখানে প্রচুর পরিমাণে সামুদ্রিক পাখির কলোনি, স্থানীয় উদ্ভিদ, সক্রিয় কচ্ছপের বাসা বাঁধার স্থান, উচ্চ রিফ-ফিশ বায়োমাস এবং বড় শিকারি প্রাণী রয়েছে। তবে এই দূরবর্তী প্রশান্ত মহাসাগরীয় এলাকাগুলোও পুরোপুরি নিরাপদ নয়; এখানে পরিবেশগত হস্তক্ষেপের লক্ষণ দেখা গেছে। ২০২৩ সালের সমীক্ষার সময় বাইকার ও বোকাক উভয় স্থানেই পলিনেশিয়ান ইঁদুরের উপস্থিতি পাওয়া গেছে। গবেষকেরা সতর্ক করে বলেছেন, এই এলাকাগুলো মানব বসতি থেকে বিচ্ছিন্ন হলেও উষ্ণ পানি, প্রবাল ব্লিচিং এবং সমুদ্রের অম্লকরণের বৈশ্বিক প্রবণতা থেকে মুক্ত নয়।