ভারতের জনপ্রিয় কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকির বর্তমানের এই আকাশচুম্বী সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ লড়াই আর চরম দারিদ্র্যের ইতিহাস। জীবনের শুরুটা ছিল অত্যন্ত কঠিন তাঁর। মাত্র আট বছর বয়সে যখন অন্য শিশুরা খেলাধুলা করত, তখন জীবনসংগ্রামের মুখে পড়ে কাজ শুরু করতে হয়েছিল তাঁকে। একটি ছোট দোকানে বিভিন্ন পণ্য বিক্রি করে দিনে মাত্র ১০ থেকে ২০ রুপি আয় করতেন তিনি।
তীব্র আর্থিক সংকটের কারণে ষষ্ঠ শ্রেণির পর পড়াশোনা চালিয়ে যাওয়া তাঁর পক্ষে সম্ভব হয়নি। সম্প্রতি একটি পডকাস্টে নিজের শৈশব এবং সেই কঠিন সংগ্রামের দিনগুলোর কথা বিস্তারিতভাবে জানিয়েছেন এই কৌতুকশিল্পী।
সাবেক টেনিস তারকা সানিয়া মির্জার পডকাস্ট ‘সার্ভিং ইট আপ উইথ সানিয়া’-তে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন মুনাওয়ার। সেখানে জীবনের শুরুর দিকের কাজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘আমার বয়স যখন আট বছর, তখন থেকেই কাজ শুরু করি। একটি ছোট দোকানে কাজ করতাম। বিভিন্ন জিনিস বিক্রি করতাম। দিনে ১০ থেকে ২০ রুপি আয় হতো। ১১ বছর বয়সে একটি উপহারের দোকানে কাজ শুরু করি। সেখানে দুই থেকে চার মাস কাজ করেছিলাম। তবে আমার প্রথম নিয়মিত কাজ ছিল একটি বাসনপত্রের দোকানে।’
পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন মুনাওয়ার। সহপাঠীদের তুলনায় তাঁর ফলাফল বরাবরই ছিল অনেক ভালো। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ার সুযোগ পেলেও এরপর আর শিক্ষা জীবন চালিয়ে যেতে পারেননি তিনি। এই বিষয়ে তাঁর মনে কোনো আক্ষেপ আছে কি না, তা জানতে চাওয়া হলে মুনাওয়ার বলেন, ‘আমি পড়াশোনা করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। পড়াশোনায় আমি খুব ভালো ছিলাম। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়েছি। ক্লাসে প্রথম হতাম। তবে পড়াশোনা চালিয়ে যেতে না পারায় কখনো খুব বেশি হতাশ হইনি। এখন পেছনে ফিরে বুঝতে পারি, কাজ করতে আমি কতটা ভালোবাসি।’
কাজের প্রতি নিজের গভীর আগ্রহের কথা জানান মুনাওয়ার। তাঁর মতে, প্রতিদিন কাজ করার মধ্যেই তিনি আনন্দ খুঁজে পান। ছুটি কাটানোর চেয়ে কাজ করা, অর্থ উপার্জন এবং কঠোর পরিশ্রম করতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কাজ করতে, অর্থ উপার্জন করতে এবং পরিশ্রম করতে ভালোবাসি। এতে ক্লান্তি আসে না। অনেকে বলেন, আমি অনেক পরিশ্রম করি। কিন্তু আমার মনে হয়, সবাই আমার মতোই পরিশ্রম করেন।’
কিশোর বয়সে গুজরাটের জুনাগড় থেকে মুম্বাইয়ে পাড়ি জমান মুনাওয়ার। মায়ের মৃত্যুর পর পরিবারের যাবতীয় দায়িত্ব কাঁধে তুলে নিতে তাঁকে নানা ধরনের কাজ করতে হয়েছে। পরবর্তীতে স্ট্যান্ডআপ কমেডি এবং ডিজিটাল কনটেন্ট তৈরির মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।
২০২২ সালে রিয়েলিটি শো ‘লকআপ’-এর প্রথম আসরে বিজয়ী হয়ে তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। এরপর ২০২৪ সালে ‘বিগ বস ১৭’-এর শিরোপা জিতে নেন তিনি। সম্প্রতি ‘দ্য ট্রেইটার্স ইন্ডিয়া ২’ অনুষ্ঠানেও অংশ নিয়েছেন এই কৌতুকশিল্পী।