দীর্ঘ ১৩ বছরেরও বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী হিনা খান ও রকি জয়সওয়াল। ২০২৫ সালের ৪ জুন তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে তাঁদের এই বিয়ের সিদ্ধান্তটি ছিল অত্যন্ত আকস্মিক এবং বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ১৫ মিনিটেরও কম সময় লেগেছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেদের বিয়ে এবং সেই সময়ের মানসিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানিয়েছেন হিনা।
ভারতের প্রখ্যাত টেনিস তারকা সানিয়া মির্জার নতুন শোতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন হিনা। সেখানে বিয়ের দিনের একটি ছবি দেখিয়ে সানিয়া জানতে চান, সেই বিশেষ মুহূর্তটি মনে করে তিনি বর্তমানে কী অনুভব করেন। এর উত্তরে হিনা জানান, তাঁদের বিয়ের কোনো পূর্বপরিকল্পনা ছিল না; বরং নিজের শারীরিক অবস্থার চরম অনিশ্চয়তা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন।
সেই মুহূর্তের কথা স্মরণ করে হিনা বলেন, ‘এটা ছিল একেবারেই আকস্মিক সিদ্ধান্ত। আমরা বিয়ের পরিকল্পনা করিনি। আমার মনে হয় না, তখন আমরা বিয়ের জন্য প্রস্তুত ছিলাম। আমরা অনেক দিন ধরে একসঙ্গে আছি, ১০ বছরের বেশি। এখন তো ১৩-১৪ বছর হয়ে গেছে। আমার স্বাস্থ্যের যে পরিস্থিতি ছিল, তখন আমি ওকে বলেছিলাম, হয় তুমি সামনে এগিয়ে যাও, নিজের পছন্দমতো কাউকে বিয়ে করো, নয়তো আমাকেই বিয়ে করো। কারণ, আগামীকাল কী হবে, আমি জানি না।’
সানিয়া মির্জা তখন কৌতূহল প্রকাশ করে জানতে চান, সত্যিই কি মাত্র ১৫ মিনিটের মধ্যে তাঁরা বিয়ে করেছিলেন? হিনা নিশ্চিত করেন যে, সময় লেগেছিল তার চেয়েও কম। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ‘আসলে অনিশ্চয়তাই ছিল এর প্রধান কারণ। আমি জানতাম না সামনে কী ঘটতে যাচ্ছে। সত্যি বলতে, এমন অনিশ্চয়তা সবার জীবনেই আছে। তাই আমি বলেছিলাম, চলো, বিয়েটা করে ফেলি। ও বলেছিল, ঠিক আছে। বিয়ে নিয়ে ওর কখনো কোনো আপত্তি ছিল না।’
উল্লেখ্য, ২০২৪ সালে হিনার তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসার ধরা পড়ে। দীর্ঘ চিকিৎসার মধ্য দিয়েই ২০২৫ সালের জুনে বিয়ের সিদ্ধান্ত নেন তিনি ও রকি। মুম্বাইয়ে নিজেদের বাড়ির ছাদে অত্যন্ত ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় তাঁদের এই বিয়ে।
প্রেম থেকে পরিণয়ের গল্প
হিনা ও রকির প্রথম পরিচয় হয় জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এর সেটে। ওই ধারাবাহিকে অক্ষরা চরিত্রে অভিনয় করতেন হিনা, অন্যদিকে রকি ছিলেন প্রযোজনা দলের একজন সদস্য। পেশাগত সম্পর্কের সূত্রে পরিচয় হওয়ার পর তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এবং সেই বন্ধুত্বই একসময় গভীর প্রেমে রূপ নেয়। ২০১৭ সালে তাঁরা নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন।
এরপর দীর্ঘ সময় একে অপরের পাশে থেকেছেন এই জুটি। বিশেষ করে স্তন ক্যানসারের বিরুদ্ধে হিনার কঠিন লড়াইয়ের সময়ে রকি ছিলেন তাঁর সবচেয়ে বড় অবলম্বন ও শক্তির উৎস।
বিয়ের ছবি প্রকাশ করে ইনস্টাগ্রামে হিনা লিখেছিলেন, ‘আমরা দুজন এসেছি দুটি ভিন্ন জগৎ থেকে, কিন্তু গড়ে তুলেছি ভালোবাসার এক নিজস্ব পৃথিবী। আমাদের পার্থক্যগুলো মুছে গেছে, হৃদয় মিশে গেছে একে অপরের সঙ্গে। তৈরি হয়েছে এমন এক বন্ধন, যা টিকে থাকবে বহু জন্ম। আজ ভালোবাসা ও আইনের বন্ধনে চিরদিনের জন্য এক হলাম। স্বামী-স্ত্রী হিসেবে সবার আশীর্বাদ ও শুভকামনা চাই।’