নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান দেশে ফিরে এসেছেন—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।
গত ১০ নভেম্বর দেশব্যাপী ছাত্রলীগের ধর্মঘট আহ্বান করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে বিশেষ করে ‘দেশে ফিরেছে শেখ ইনান! মহাসড়ক অবরোধ ছাত্রলীগের’ এবং ‘শেখ ইনানের নেতৃত্বে সড়ক অবরোধ ছাত্রলীগের’—এমন শিরোনাম ও ক্যাপশন দিয়ে একটি ভিডিও ফেসবুকে ব্যাপকভাবে প্রচার করা হয়।
তদন্তে দেখা গেছে, এ ধরনের দাবিতে ভিডিওটি ৩০টির বেশি ফেসবুক পেজ ও প্রোফাইল থেকে পোস্ট ও শেয়ার করা হয়েছে। এর মধ্যে একটি নির্দিষ্ট পেজেই ভিডিওটি ৪০ লাখের বেশি বার দেখা হয়েছে। ওই ভিডিওতে প্রায় দুই লাখ প্রতিক্রিয়া এসেছে, দুই হাজারের বেশি বার শেয়ার করা হয়েছে এবং প্রায় চার হাজার অ্যাকাউন্ট থেকে ব্যবহারকারীরা মন্তব্য করেছেন।
তবে শেখ ইনানের দেশে ফেরা এবং তাঁর নেতৃত্বে ছাত্রলীগের সড়ক অবরোধের দাবিতে ছড়ানো এই ভিডিওটির সত্যতা যাচাই করে দেখা গেছে, এটি বর্তমানের কোনো ঘটনা নয় এবং ছাত্রলীগের সাম্প্রতিক ধর্মঘটকে কেন্দ্র করে ধারণ করাও হয়নি। প্রকৃতপক্ষে, ২০২৩ সালের ডিসেম্বরে ছাত্রলীগ নেতা শেখ ইনানের হবিগঞ্জে যাওয়ার একটি পুরোনো ভিডিওকে বর্তমানের দাবিতে ব্যবহার করে প্রচার করা হয়েছে।
দাবিটির সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায়, হবিগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক ফাইজুর রহমান রবিনের ফেসবুক পেজে শেখ ইনানের দেশে ফেরার দাবিতে ছড়ানো ১ মিনিট ৫২ সেকেন্ডের ভিডিওটি হুবহু বিদ্যমান। ভিডিওটি ২০২৩ সালের ২৩ ডিসেম্বর পোস্ট করা হয়েছিল। ওই পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনান ভাইকে রাত ৩:০০ ঘটিকায় বরণ করার সময়।’ তবে ক্যাপশনে বরণ করার কথা উল্লেখ থাকলেও নির্দিষ্ট কোনো স্থানের নাম লেখা ছিল না।
একই নামের একটি ফেসবুক প্রোফাইলেও ২০২৩ সালের ডিসেম্বরের শেষ দিকে শেখ ইনানের হবিগঞ্জে আসা, সেখান থেকে সিলেটের উদ্দেশে রওনা হওয়া এবং তাঁর আগমনের অপেক্ষায় থাকার বিষয়ে একাধিক পোস্ট ও ছবি পাওয়া গেছে।
আরও অধিকতর যাচাইয়ে সজিব খান ও সৈকত আহমেদ নামের দুটি ফেসবুক প্রোফাইলে ২০২৩ সালের ২১ ডিসেম্বর শেখ ইনানের হবিগঞ্জে যাওয়ার কিছু ছবি পাওয়া যায়। সেই ছবির ক্যাপশনে বলা হয়, ওই সময় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা কেন্দ্রীয় নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অন্যদিকে, শেখ ওয়ালি আসিফ ইনানের নিজস্ব ফেসবুক পেজে তাঁর দেশে ফেরার বিষয়ে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য যে, ২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ ওয়ালি আসিফ ইনান। এরপর থেকে তাঁর দেশে ফেরার বিষয়ে মূলধারার কোনো গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।