যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে এক অভাবনীয় জয় ছিনিয়ে নিয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী স্কট কোলম। রিপাবলিকান দলের বর্তমান সিনেটর সিন্ডি হাইড–স্মিথকে পরাজিত করে এই বিজয় অর্জন করেছেন তিনি। এই জয়ের মধ্য দিয়ে ১৮৭৪ সালের পর অর্থাৎ দীর্ঘ ১৫২ বছর পর মিসিসিপি অঙ্গরাজ্যটি প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ সিনেটর পেল।

যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ পরবর্তী পুনর্গঠন যুগের কথা উল্লেখ করে জানা যায়, ১৮৭৪ সালে মিসিসিপি থেকে সর্বশেষ একজন কৃষ্ণাঙ্গ সিনেটর নির্বাচিত হয়েছিলেন ব্লাঞ্চ ব্রুস, যিনি একসময় দাস হিসেবে জীবন অতিবাহিত করেছিলেন।

সাধারণত রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই অঙ্গরাজ্যে স্কট কোলমের এই জয়কে রাজনৈতিক অঙ্গনে এক বড় অঘটন হিসেবে বিবেচনা করা হচ্ছে। গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান দলকে ইতিপূর্বেই বড় ব্যবধানে পরাজিত করেছে ডেমোক্র্যাটরা। মিসিসিপির এই সাম্প্রতিক জয় রিপাবলিকানদের জন্য সেই ধাক্কাকে আরও তীব্র করে তুলেছে।

এই জয়ের ফলে ১০০ আসনের সিনেটে ডেমোক্রেটিক পার্টির আসনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫টিতে, যেখানে রিপাবলিকানদের হাতে রয়েছে ৪৪টি আসন। তবে আলাস্কার একটি আসনের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি।

মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও ডেমোক্র্যাটদের আধিপত্য দেখা যাচ্ছে। এ পর্যন্ত তারা ৪১টি আসন বেশি পেয়েছে। সেখানে ১৩টি আসনের ফল এখনো বাকি থাকলেও ডেমোক্রেটদের আসন সংখ্যা ২৫৪টি এবং রিপাবলিকানদের ১৬৮টি।

মধ্যবর্তী নির্বাচনের এই ফলাফলের মাধ্যমে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই হারিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁর দুই মেয়াদের শাসনামলে এবারই প্রথম তাঁকে ডেমোক্রেট-নিয়ন্ত্রিত কংগ্রেসের মুখোমুখি হতে হচ্ছে। এর ফলে বিরোধী দলটি তাদের পছন্দের আইন প্রণয়নের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে এবং প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের তদন্ত শুরু করার ক্ষমতা লাভ করবে।

মিসিসিপির এই সিনেট আসনটির ফলাফল চূড়ান্ত করতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভোট গণনা করেছেন অঙ্গরাজ্যের নির্বাচন কর্মকর্তারা। লড়াইটি এতটাই হাড্ডাহাড্ডি ছিল যে, এক পর্যায়ে কোলম অত্যন্ত সামান্য ব্যবধানে এগিয়ে ছিলেন।

সংবাদমাধ্যমগুলোর সর্বশেষ হিসাব অনুযায়ী, কোলম ৪ হাজার ৫০০-এর বেশি ভোটে এগিয়ে আছেন, যা শতাংশের হিসেবে মাত্র ০ দশমিক ৫ পয়েন্টের ব্যবধান।

৪৩ বছর বয়সী স্কট কোলম পেশায় একজন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি। ১৯৮২ সালে জন স্টেনিসের পর তিনিই প্রথম ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে মিসিসিপি থেকে সিনেটে নির্বাচিত হলেন।

অন্যদিকে, রিপাবলিকান দলের ৬৭ বছর বয়সী সিন্ডি হাইড–স্মিথ ২০১৮ সালে প্রথমবার সিনেটর নির্বাচিত হয়েছিলেন। জনমত জরিপে তিনি ধারাবাহিকভাবে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত জয় পাননি। উল্লেখ্য, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প মিসিসিপিতে প্রায় ২৩ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয়ী হয়েছিলেন এবং এবারের মধ্যবর্তী নির্বাচনের শেষ সময়ে হাইড–স্মিথের পক্ষে প্রচারও চালিয়েছিলেন ট্রাম্প।

গত অক্টোবরে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কোলম বলেন, “ট্রাম্পের নীতির কারণে মিসিসিপির ভোটাররা নিজেদের প্রতারিত মনে করছেন।” বিশেষ করে ইরানে যুদ্ধের ফলে জ্বালানির দাম বেড়ে যাওয়া ভোটারদের ক্ষোভের একটি প্রধান কারণ হিসেবে তিনি উল্লেখ করেন।

নির্বাচনী প্রচারণার সময় ভোটারদের কাছে পৌঁছাতে কোলম নানা অভিনব উদ্যোগ গ্রহণ করেন। তিনি বড় জনসভার পাশাপাশি সরকারি আবাসন প্রকল্পগুলোতে যান এবং বিভিন্ন উৎসব ও খাবারের গাড়ির সামনে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন।

নিজের লড়াই প্রসঙ্গে কোলম বলেন, “আমরা কঠিন পথে এগিয়েছি। তৃণমূল পর্যায় থেকে মানুষের কাছে পৌঁছেছি।”

উল্লেখ্য, ২০২৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন স্কট কোলমকে ফেডারেল জেলা আদালতের বিচারক হিসেবে মনোনয়ন দিয়েছিলেন। তবে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের বিষয়ে কোলমের অবস্থানের কথা উল্লেখ করে হাইড–স্মিথ সেই মনোনয়ন আটকে দেন। যদিও মিসিসিপির আরেক রিপাবলিকান সিনেটর রজার উইকার তাঁর মনোনয়নের পক্ষে মত দিয়েছিলেন।