যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৮ সালের ৭ নভেম্বর। তবে গত মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনের পরপরই দেশটির দুই প্রধান রাজনৈতিক দল—ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি থেকে কারা প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারেন, তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কারা আলোচনায় এগিয়ে আছেন এবং এর পেছনে কী কারণ কাজ করছে, তা নিয়েই এই বিশেষ বিশ্লেষণ।

গত মঙ্গলবার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা বড় ধরনের জয়লাভ করেছেন। এর ফলে ওয়াশিংটনের ক্ষমতার ভারসাম্য পরিবর্তিত হতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কোন অঙ্গরাজ্যগুলো জয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, সেই হিসাবও এখন বদলে যেতে পারে।

বিশেষ করে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটরা ভালো ফলাফল করেছেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিটি অঙ্গরাজ্যের জনসংখ্যার ভিত্তিতে নির্ধারিত ইলেকটোরাল কলেজের প্রতিনিধিরা ভোট প্রদান করেন। একজন প্রার্থীকে প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে অন্তত ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হয়। মধ্যবর্তী নির্বাচনের এই ফলাফল ডেমোক্র্যাটদের জন্য সেই লক্ষ্য অর্জনের নতুন পথ প্রশস্ত করতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, ভোটারদের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি এক ধরনের অসন্তোষ পরিলক্ষিত হয়েছে। ফলে রিপাবলিকানদের সামনে এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—মাগা বা 'মেক আমেরিকা গ্রেট এগেইন' আন্দোলনের ভোটারদের কি পুনরায় এক ছাতার নিচে আনা সম্ভব, নাকি দলকে নতুন কৌশল ও পথে পরিচালিত করতে হবে?

যদিও দুই দলের কেউই এখনো আনুষ্ঠানিকভাবে ২০২৮ সালের প্রচার কার্যক্রম শুরু করেননি, তবে প্রত্যাশিত সময়ের আগেই কেউ কেউ মাঠে নেমে পড়তে পারেন। মধ্যবর্তী নির্বাচনের পর সম্ভাব্য প্রার্থীদের বর্তমান অবস্থান নিচে বিস্তারিত আলোচনা করা হলো:

জশ শ্যাপিরো: পেনসিলভানিয়ার এই গভর্নর মধ্যবর্তী নির্বাচনের ফলাফল নিয়ে সবচেয়ে বেশি সন্তুষ্ট। ২০ শতাংশের বেশি ব্যবধানে তিনি পুনরায় গভর্নর নির্বাচিত হয়েছেন। তাঁর অঙ্গরাজ্যে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের চারটি আসন রিপাবলিকানদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন ডেমোক্র্যাটরা। প্রেসিডেন্ট নির্বাচনে পেনসিলভানিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য হওয়ায়, এই বিশাল জয় ২০২৮ সালের মনোনয়ন দৌড়ে শ্যাপিরোর অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে। এতদিন প্রেসিডেন্ট পদে লড়ার সম্ভাবনা নিয়ে কথা এড়িয়ে গেলেও, এখন আর তা করা তাঁর জন্য কঠিন হবে।

গ্যাভিন নিউসম: টেক্সাস গত বছর প্রতিনিধি পরিষদের আসনগুলোর সীমানা নতুন করে নির্ধারণ করার পর পাল্টা পদক্ষেপ হিসেবে ক্যালিফোর্নিয়াতেও আসনের সীমানা বদলের উদ্যোগ নেন গভর্নর নিউসম। এর জন্য পুরো অঙ্গরাজ্যের ভোটারদের অনুমোদন নেওয়া হয়, যা প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা বৃদ্ধিতে সহায়ক হবে। মধ্যবর্তী নির্বাচনে ক্যালিফোর্নিয়ায় ডেমোক্র্যাটদের বাড়তি পাঁচ আসনের কৃতিত্বও দাবি করতে পারেন নিউসম। তাঁর গভর্নরের মেয়াদ শেষের পথে। এরই মধ্যে তিনি ঘোষণা দিয়েছেন, ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ড পাওয়া ৫৪৮ জনের সবার সাজা কমাবেন। এই সিদ্ধান্তের মাধ্যমে মৃত্যুদণ্ডের বিষয়ে ট্রাম্পের তুলনায় নিউসমের অবস্থান যে ভিন্ন, তা আরও স্পষ্ট হয়েছে।

রাফায়েল ওয়ার্নক: জর্জিয়ার এই ডেমোক্র্যাট সিনেটর একইসাথে একজন খ্রিষ্টান ধর্মযাজক। দক্ষিণাঞ্চলের কৃষ্ণাঙ্গ ভোটারদের সমর্থন যদি ডেমোক্র্যাটদের জয়ের নতুন পথ খুলে দেয়, তবে তিনি নিজের প্রার্থিতার পক্ষে জোরালো যুক্তি দিতে পারবেন। দলের জয়ের পরিধি বাড়াতে মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন স্থানে প্রচার চালিয়েছেন ওয়ার্নক এবং ফলাফল বলছে তাঁর সেই চেষ্টা সফল হয়েছে। নির্বাচনের আগে সিএনএনকে তিনি বলেন, “২০২৮ সালে একটি ‘উচ্চ পদে’ লড়বেন।” তবে তিনি পুনরায় সিনেটের ভোটে দাঁড়াবেন নাকি প্রেসিডেন্ট পদে লড়বেন, তা স্পষ্ট করেননি।

পিট বুটিগেগ: ডেমোক্র্যাটদের পুরোনো ভোটারদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের যেসব এলাকায় দুই দলের প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে, সেখানকার ভোটারদের কাছে পৌঁছাতে পারেন বুটিগেগ। ইন্ডিয়ানার সাউথ বেন্ড শহরের সাবেক মেয়র এবং যুক্তরাষ্ট্রের সাবেক পরিবহনমন্ত্রী হিসেবে তিনি নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে পারেন। মধ্যবর্তী নির্বাচনে ৩৮টি অঙ্গরাজ্য ঘুরে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচার চালিয়ে দলের ভেতরে নিজের সমর্থন বৃদ্ধি করেছেন তিনি।

জেবি প্রিৎসকার: ইলিনয়ের গভর্নর পদে তিনি অনায়াস জয়লাভ করেছেন। তবে জাতীয় রাজনীতির ক্ষেত্রে তাঁর নির্বাচনী অনুদানের বিষয়টি বেশি তাৎপর্যপূর্ণ। যেসব প্রতিদ্বন্দ্বিতায় অর্থের জোগান ফলাফল বদলে দিতে পারে, সেগুলোই বেছে নিয়েছেন প্রিৎসকার। উদাহরণস্বরূপ, টেক্সাসের গভর্নর পদে ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোহোসার অর্থের প্রয়োজন হলে তিনি সহায়তা করেছেন, যার সুফল ফলাফলে মিলেছে।

অ্যান্ডি বেশিয়ার: রিপাবলিকানদের শক্ত ঘাঁটি কেন্টাকির ডেমোক্র্যাট গভর্নর তিনি। তাঁর নেতৃত্বে ডেমোক্রেটিক গভর্নরস অ্যাসোসিয়েশন ওহাইও, আইওয়া, কানসাস ও টেক্সাসে দলীয় প্রার্থীদের গভর্নর পদে জিততে সহায়তা করেছে। তবে টেক্সাসের কয়েকজন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ও জাতীয় পর্যায়ের কিছু সংগঠনের নেতাদের অভিযোগ, জিনা হিনোহোসার জন্য বেশিয়ার যথেষ্ট করেননি। রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট বেশিয়ারের চেয়ে অনেক বেশি অর্থ ব্যয় করেছিলেন। তবে কেন্টাকিতে প্রতিনিধি পরিষদের একটি গুরুত্বপূর্ণ আসন দখল করেছেন ডেমোক্র্যাটরা, যদিও সিনেটের আসনটি রিপাবলিকানরা ধরে রেখেছে। মধ্যপন্থী ডেমোক্র্যাটদের জয়ের বার্তা সামনে এলে বেশিয়ার সুবিধা পাবেন। নির্বাচনের পরদিন সিএনএনকে তিনি বলেন, “সবকিছুকে ডেমোক্র্যাট বনাম রিপাবলিকান—আমরা বনাম তারা হিসেবে দেখা যায় না।”

কমলা হ্যারিস: সাবেক ভাইস প্রেসিডেন্টকে দেখলে অনেক ডেমোক্র্যাটের ২০২৪ সালের হারের কথা মনে পড়তে পারে। পুনরায় লড়তে চাইলে তাঁকে দলীয় প্রার্থী বাছাইয়ের ভোটে সমর্থকদের উৎসাহিত করার উপায় বের করতে হবে। তবে মধ্যবর্তী নির্বাচনে প্রচারের স্থান নির্বাচনে তিনি বিচক্ষণতা দেখিয়েছেন। মিসিসিপিতে স্কট কলমের জয়ের সম্ভাবনা কম মনে হওয়া সময়েই তাঁর সমাবেশে গিয়েছিলেন হ্যারিস। মিশিগানে আবদুল আল-সাইয়েদের পক্ষেও প্রচার করেন তিনি। যদিও প্রার্থী বাছাইয়ের ভোটে কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে আল-সাইয়েদের সমর্থন কম ছিল, তবে মূল ভোটের দিন তাঁরা আল-সাইয়েদকেই সমর্থন দিয়েছেন।

আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ: নিউইয়র্কের এই কংগ্রেস সদস্য বর্তমানে ডেমোক্র্যাটদের মধ্যে অত্যন্ত পরিচিত একজন নেতা। প্রগতিশীল ভোটারদের কাছে তাঁর তুমুল জনপ্রিয়তা রয়েছে। মধ্যবর্তী নির্বাচনে আল-সাইয়েদের মতো প্রার্থীদের সঙ্গে সমাবেশ করেছেন তিনি। গণতান্ত্রিক সমাজতন্ত্রী হিসেবে পরিচিত ওকাসিও-কর্টেজ কিছু বিষয়ে তাঁর অবস্থান আগের চেয়ে নমনীয় করেছেন। রিপাবলিকানদের ঘাঁটিতে মধ্যপন্থীদের জয় ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা পেতে সাহায্য করায় তাঁর অবস্থানের এই পরিবর্তন তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

জন অসফ: অনেকে তাঁকে নতুন ‘বারাক ওবামা’ হিসেবে আখ্যায়িত করছেন। জর্জিয়া থেকে পুনরায় সিনেটর নির্বাচিত হয়েছেন এই ডেমোক্র্যাট। যদিও তিনি বারবার জানিয়েছেন যে প্রেসিডেন্ট পদে লড়ার আগ্রহ তাঁর নেই, তবে দক্ষিণাঞ্চলে ডেমোক্র্যাটদের সাফল্যের অন্যতম মুখ হয়ে ওঠায় তাঁকে নিয়ে আলোচনা থামছে না। বারাক ওবামার মতো তিনিও একসময় মত বদলে হোয়াইট হাউসের দৌড়ে নামতে পারেন বলে আলোচনা রয়েছে। এদিকে জর্জিয়ায় কেইশা ল্যান্স বটমস গভর্নর নির্বাচিত হয়েছেন, যিনি হবেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর। ফলে অসফের সিনেট আসন খালি হলে সেখানে একজন ডেমোক্র্যাটকে নিয়োগ দেওয়ার সুযোগ থাকবে।

রাম ইমানুয়েল: সাবেক এই রাষ্ট্রদূত শিকাগোর মেয়র এবং বারাক ওবামার হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইদানীং টেলিভিশনে তাঁকে নিয়মিত দেখা যাচ্ছে। তিনি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে মধ্যপন্থী নীতি ও বাস্তব ফলাফলের ওপর জোর দিচ্ছেন। অন্যান্য সম্ভাব্য প্রার্থীরা তাঁর চেয়ে বয়সে তরুণ এবং প্রচারে বেশি মানুষকে টানতে সক্ষম হতে পারেন বলে ধারণা করা হয়। তবে ইমানুয়েল নিজের বক্তব্য আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সময় নিচ্ছেন।

জেডি ভ্যান্স: রিপাবলিকানদের বড় হারের পর ভাইস প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দেন। দলের এই বিপর্যয়কর ফলের প্রধান কারণ হিসেবে তিনি ইরান যুদ্ধকে দায়ী করেন। ভ্যান্সের মতে, ট্রাম্পকে ক্ষুব্ধ করা যাবে না এবং তাঁকেই যুদ্ধ শেষ করার উপায় খুঁজতে হবে। তবে তা হলেই যাঁদের তিনি ‘ট্রাম্প–ভ্যান্স’ ভোটার বলেছেন, তাঁদের পুনরায় একজোট করার সুযোগ তৈরি হবে। ট্রাম্পের সম্ভাব্য রাজনৈতিক উত্তরসূরি হিসেবে ভ্যান্স এখনো এগিয়ে থাকলেও এই পথ খুব একটা সহজ হবে না।

রন ডিস্যান্টিস: ডেমোক্র্যাটদের ‘নীল ঢেউ’-এর মধ্যেও ফ্লোরিডায় নিজেদের অবস্থান ধরে রেখেছেন রিপাবলিকানরা। জেক ট্যাপারকে গভর্নর ডিস্যান্টিস বলেন, “ফ্লোরিডাতেও হারলে দলের জন্য ফল আরও ভয়াবহ হতে পারত।” ব্যবধান কম থাকলেও অঙ্গরাজ্যটিতে সিনেটর ও গভর্নর—দুই পদেই জিতেছেন রিপাবলিকান প্রার্থীরা। নিউসমের মতো ডিস্যান্টিসও জানুয়ারিতে গভর্নরের পদ ছাড়বেন, তবে তাঁর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এখনো শেষ হয়নি।

মার্কো রুবিও: পররাষ্ট্রমন্ত্রী রুবিও ট্রাম্পের সঙ্গে কয়েকটি নির্বাচনী সমাবেশে উপস্থিত ছিলেন। তবে দেশের শীর্ষ কূটনীতিক হিসেবে দলীয় প্রচারে বেশি সময় দেওয়া তাঁর জন্য অস্বস্তিকর হতো। সীমিত উপস্থিতির কারণে ভ্যান্সের মতো তাঁকে এবারের হারের সঙ্গে ততটা জড়িয়ে দেখা হবে না। রিপাবলিকানদের একাংশের মধ্যে রুবিওর জনপ্রিয়তা রয়েছে। কানসাসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেছিলেন, রুবিও “বেশি জনপ্রিয় হয়ে উঠছেন”। এরপর তাঁকে বরখাস্ত করার কথা বলে রসিকতা করেন ট্রাম্প। তবে প্রেসিডেন্ট পদে লড়তে হলে রুবিওকে প্রশাসন ছাড়তে হবে এবং সম্ভবত ভ্যান্সের সঙ্গে রাজনৈতিক দূরত্ব তৈরি করতে হবে।

টেড ক্রুজ: রুবিও ও ডিস্যান্টিস ফ্লোরিডায় ডেমোক্র্যাটদের নীল ঢেউ সামলালেও টেড ক্রুজের টেক্সাসে সেই ঢেউ এসে পড়েছে। মধ্যবর্তী নির্বাচনে অনেক জায়গায় দলীয় প্রার্থীদের পক্ষে প্রচার চালিয়েছেন এই সিনেটর, তবে তাঁদের অনেকে হেরে গেছেন। ফলে ক্রুজ প্রেসিডেন্ট পদে লড়লে পদে থাকা রিপাবলিকান নেতাদের তেমন সমর্থন পাবেন না।

পিট হেগসেথ: বিতর্কিত এই প্রতিরক্ষামন্ত্রীর অভিশংসনের কথা শোনা যাচ্ছে, যার চূড়ান্ত ফল আগামী কয়েক সপ্তাহের মধ্যে জানা যাবে। কিছু রিপাবলিকান এতে সমর্থন দিতে পারেন। হেগসেথের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে অজনপ্রিয় ইরান যুদ্ধ। এই যুদ্ধ যদি প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই রিপাবলিকানদের হারের অন্যতম কারণ হয়, তবে হেগসেথের রাজনৈতিক ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল নয়। ভোটাররা এখন এমন মধ্যপন্থী নেতা চান যাঁরা একসঙ্গে মিলেমিশে কাজ করার কথা বলেন। তাঁদের সমর্থন পেতে হলে হেগসেথকে নিজের ভাবমূর্তি আমূল বদলাতে হবে।

সারা হাকাবি স্যান্ডার্স: আরকানসাসের গভর্নর এবং হোয়াইট হাউসের সাবেক প্রেস সচিব স্যান্ডার্স মধ্যবর্তী নির্বাচনে অনায়াস পুনর্নির্বাচিত হয়েছেন। প্রেসিডেন্ট পদে লড়ার পক্ষে তাঁর জোরালো যুক্তি আছে। তাঁর বাবা মাইক হাকাবি আরকানসাসের গভর্নর ছিলেন এবং বর্তমানে ইসরায়েলে ট্রাম্পের রাষ্ট্রদূত। প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে মাইক হাকাবি আইওয়ায় দলের প্রার্থী বাছাইয়ের প্রথম দিকের ভোটে ভালো করেছিলেন।

টাকার কার্লসন: ইরান যুদ্ধ ট্রাম্প ও রিপাবলিকানদের জন্য রাজনৈতিক বোঝা হয়ে দাঁড়িয়েছে—এই কথা ভ্যান্স এখন প্রকাশ্যে বললেও রক্ষণশীল ধারাভাষ্যকার কার্লসন শুরু থেকেই এটি বলে আসছেন। তিনি দুই প্রধান দলের বাইরে থেকে প্রেসিডেন্ট পদে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন। যদিও এমন প্রার্থীর চমক সৃষ্টির সম্ভাবনা কম, তবে তিনি মাঠে নামলে ট্রাম্পের মাগা শিবিরে বিদ্যমান বিভাজন আরও গভীর হতে পারে।