বাংলাদেশের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। তবে মাঠের লড়াইয়ের চেয়েও বেশি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন, যেখানে সাফের ওপর তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি।
সাংবাদিকদের প্রশ্ন নেওয়ার সুযোগ আসার আগেই সাফের আইন বিভাগের প্রধান তানজিম আহমেদের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ তুলতে শুরু করেন তিনি। ক্ষোভের চূড়ান্ত পর্যায়ে কুয়েতের এই কোচ ঘোষণা করেন যে, সাফ অঞ্চলে এটিই তাঁর শেষ আসর।
সংবাদ সম্মেলনের শুরুতে বাংলাদেশকে অভিনন্দন জানালেও দ্রুতই তাঁর সুর বদলে যায়। সাফের আইন বিভাগের প্রধানের বিরুদ্ধে অভিযোগ করে মুতাইরি বলেন, ‘তিনি আমাকে মাঝরাতে ই-মেইল পাঠিয়ে জানিয়েছেন, আমার বিরুদ্ধে তদন্ত হওয়া প্রয়োজন। কেন মাঝরাতে? সকাল ৯টা পর্যন্ত অপেক্ষা করা যেত না?’
কোচের দাবি, ২০২১ সালের সাফ প্রতিযোগিতার সময়েও তাঁর সঙ্গে অন্যায় করা হয়েছিল। দুটি ম্যাচে দুটি হলুদ কার্ড পাওয়ার কারণে তাঁকে ফাইনালে থাকতে দেওয়া হয়নি, যদিও প্রতিযোগিতার নিয়মে এমন কোনো বিধান ছিল না বলে তিনি দাবি করেন।
সাফের দ্বৈতনীতির কথা উল্লেখ করে তিনি ২০২৩ সালের ভারত-পাকিস্তান ম্যাচের প্রসঙ্গ টেনে আনেন। মুতাইরির অভিযোগ, ভারতের কোচ পাকিস্তানের একজন খেলোয়াড়কে স্পর্শ করলেও সাফ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। অথচ তাঁর সামান্য মন্তব্যের জন্য ছয় মাস বা এক বছরের নিষেধাজ্ঞা এবং ১০ হাজার ডলার জরিমানার কথা বলা হচ্ছে।
সাফ থেকে আসা ই-মেইলের বিষয়বস্তু পড়ে শোনান মুতাইরি। তিনি জানান, রেফারির সিদ্ধান্তের সমালোচনা এবং ভিডিও সহকারী রেফারির (ভিএআর) কথা উল্লেখ করার কারণে তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মুতাইরির দাবি, ১০ ঘণ্টার মধ্যে জবাব চাওয়া হলে তিনি ১৪টি বিষয়ে বিস্তারিত লিখিত ব্যাখ্যা দিয়েছেন। এরপরও কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হলো, সেই প্রশ্ন তোলেন তিনি।
আলোচনার এক পর্যায়ে তাঁর ক্ষোভ আরও তীব্র হয়। তানজিমের উদ্দেশে তিনি বলেন, ‘কিয়ামতের দিন আল্লাহর সামনে যদি আমাদের দেখা হয়, তখন আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। আমি সেদিন আপনার বিরুদ্ধে অভিযোগ জানাব।’
শুধু ব্যক্তিগত অভিযোগই নয়, সাফে আরবদের প্রতি বর্ণবাদী আচরণ করা হয় বলেও দাবি করেন মুতাইরি। তাঁর ভাষায়, ‘আমি বিশ্বাস করি, সাফে সমস্যা আছে। তারা আরবদের পছন্দ করে না।’ এই বক্তব্যের পরপরই তিনি ঘোষণা করেন, ‘এটাই সাফ অঞ্চলে আমার শেষ আসর।’
দীর্ঘ সময় ধরে সাফের বিরুদ্ধে অভিযোগ করার পর, যাওয়ার আগে একটি প্রশ্নের উত্তর দেন তিনি। প্রশ্নটি ছিল—সবাই আশা করেছিল শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠবে, কিন্তু বাংলাদেশের কাছে ৪-০ গোলের এমন হার কি প্রত্যাশিত ছিল?
এর উত্তরে মুতাইরি বলেন, ‘ফুটবলে সবকিছু মেনে নেওয়ার এবং সবকিছুর জন্য প্রস্তুত থাকার মানসিকতা থাকতে হয়। তবে ওই ই-মেইল পাওয়ার পর থেকেই আমি বুঝতে পেরেছিলাম, আমরা হেরে যাব।’
সাফের তাড়াহুড়া নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘বিশ্বকাপ চলাকালে ফিফা কি কোনো ব্যবস্থা নিয়েছিল? না। তারা বিশ্বকাপ শেষ হওয়ার পর তদন্ত করেছে। তাহলে তানজিমের এত তাড়া কেন?’
সবশেষে নিজের অবস্থান পরিষ্কার করে এবং ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলন থেকে বিদায় নেন মুতাইরি।