সাফ চ্যাম্পিয়নশিপে রেফারিংয়ের মান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি। তাঁর অভিযোগ, টুর্নামেন্টে আয়োজক দেশ এবং ভারতের প্রতি বিশেষ সুবিধা দেওয়ার একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ভুটানের বিপক্ষে ম্যাচে রেফারির বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তের সমালোচনা করে তিনি সাফের নীতি পরিবর্তনের দাবি জানিয়েছেন।
মুতাইরি অত্যন্ত কঠোর ভাষায় বলেন, “যদি বাণিজ্যিক স্বার্থে ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চান, তাহলে শুধু এই দুই দলকে নিয়ে একটি প্রতিযোগিতা আয়োজন করুন। অন্য দলগুলোকে প্লে-অফ খেলতে বলুন, অন্য কোনো সময়ে খেলতে বলুন। আমাদের সময় নষ্ট করবেন না।”
আজকের ম্যাচে ভুটানের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে শ্রীলঙ্কা। এই ড্রয়ের ফলে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ফলের চেয়ে রেফারিং নিয়েই বেশি কথা বলেছেন মুতাইরি। তাঁর দাবি, ভুটানের বিপক্ষে একাধিক সিদ্ধান্ত শ্রীলঙ্কার বিপক্ষে গেছে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে কী ঘটতে পারে, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।
ম্যাচের বিবরণ অনুযায়ী, ৩৪ মিনিটে দাওয়া শেরিংয়ের গোলে এগিয়ে যায় ভুটান। তবে এক মিনিট পরেই বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে সমতা ফেরান শ্রীলঙ্কার অলিভার কেলার্ট। এরপর ৪৩ মিনিটে কেলার্টের ক্রস থেকে নিখুঁত হেডে গোল করে দলকে এগিয়ে নেন ওয়াসিম রাজিক। বিরতির পর ৬৮ মিনিটে পেনাল্টি পায় ভুটান, তবে অধিনায়ক চেনচো গিয়েলশেনের স্পটকিক ঠেকিয়ে দেন লঙ্কান গোলকিপার সুজন পেরেরা। পরবর্তীতে ৭৬ মিনিটে দুর্দান্ত এক গোলে সমতায় ফেরে ভুটান।
নিজের দলের লড়াইয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও রেফারির বিষয়ে ক্ষোভ ঝরিয়েছেন মুতাইরি। তিনি বলেন, “আমার মতে, আজ ভুটানই ভালো খেলেছে। তারা আমাদের বক্সে সাতবার ঢুকেছে। চোট পাওয়া কয়েকজন খেলোয়াড় নিয়েও আমরা ৯০ মিনিট পর্যন্ত লড়াই করেছি। দলের পারফরম্যান্সে আমি খুব গর্বিত। কিন্তু রেফারির কিছু সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন।”
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের প্রসঙ্গ টেনে সাফের কাছে প্রশ্ন তোলেন তিনি। মুতাইরির ভাষায়, “ভুটানের বিপক্ষেই যদি এত রেফারিং ভুল হয়, তাহলে বাংলাদেশের বিপক্ষে আমাদের কী হবে? সাফের কাছে এটাই আমার প্রশ্ন।” তিনি অভিযোগ করেন, শ্রীলঙ্কার ১৭ নম্বর খেলোয়াড়কে বক্সের সামনে ছয়বার আঘাত করা হলেও রেফারি কোনো ব্যবস্থা নেননি, অথচ শ্রীলঙ্কা পাল্টা আক্রমণে গেলেই ফাউল দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “আমাদের অন্তত একটি পেনাল্টি দেওয়া উচিত ছিল। সেটা থেকে গোল করতে পারি বা না-ও পারি। হারলেও সমস্যা ছিল না; কিন্তু আমরা ন্যায্য বিচার চাই।”
পেনাল্টি ও অফসাইডের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন এই কোচ। তাঁর দাবি, শ্রীলঙ্কার অন্তত একটি পেনাল্টি পাওয়া উচিত ছিল। পাশাপাশি ভিডিও সহকারী রেফারি (ভিএআর) থাকলে ভুটানের দ্বিতীয় গোলটি অফসাইডের কারণে বাতিল হতে পারত। মুতাইরি বলেন, “সুজন একটি পেনাল্টি ঠেকিয়েছে। আমার মনে হয়েছে, সেটি পেনাল্টিই ছিল না। আবার আমাদেরও একটি পেনাল্টি পাওয়া উচিত ছিল; কিন্তু দেওয়া হয়নি। গ্রুপ পর্বে ভিএআর থাকলে আমার বিশ্বাস, ভুটানের দ্বিতীয় গোলটি অফসাইড হিসেবে বাতিল হতো।”
রেফারিংয়ের মানোন্নয়নে ভিএআর চালুর দাবি জানিয়ে তিনি বলেন, “এএফসি বা ফিফার সেরা রেফারি আনা সম্ভব না হলে অন্তত ভিএআর রাখুন। শুধু সেমিফাইনাল ও ফাইনালে কেন ভিএআর থাকবে? খরচের কারণে? আয়োজন করার সামর্থ্য না থাকলে প্রতিযোগিতা আয়োজনের দরকার কী? আমাদের অন্তত একটি পেনাল্টি দেওয়া উচিত ছিল। সেটা থেকে গোল করতে পারি বা না-ও পারি। হারলেও সমস্যা ছিল না; কিন্তু আমরা ন্যায্য বিচার চাই।”
মুতাইরির অভিযোগ কেবল বর্তমান ম্যাচে সীমাবদ্ধ নয়, তিনি সাফের পূর্ববর্তী আসরগুলোর দিকেও ইঙ্গিত করেন। তিনি বলেন, “২০২১, ২০২৩, ২০১৯, ২০১৭, ২০১৫ ও ২০১৩ সালের ঘটনাগুলো দেখুন। এটা বাংলাদেশ বা শ্রীলঙ্কার বিষয় নয়, এটা ন্যায্য খেলার বিষয়। আয়োজক দেশ যদি মালদ্বীপ হতো, তাহলে আমি ভারত-মালদ্বীপের কথা বলতাম। শ্রীলঙ্কা আয়োজক হলে বাংলাদেশের কোচ হয়তো ভারত-শ্রীলঙ্কার কথা বলতেন। আয়োজক দেশ ও ভারতের দিকে বারবার এমন ঘটনা ঘটছে, যা স্বাভাবিক নয়।”
আগামী ১১ নভেম্বর বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। তবে সেই ম্যাচ নিয়ে কোনো ভয় নেই বলে জানিয়েছেন মুতাইরি। বরং ম্যাচটিকে সাফের ইতিহাসের সেরা ম্যাচ বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তাঁর ভাষায়, “আমি শুধু একজনকেই ভয় পাই, আমার বাবাকে। তিনি ৩০ বছর আগে মারা গেছেন। আল্লাহ তাঁকে রহমত করুন। তাই আর কাউকে ভয় পাই না। ফুটবল ১১ জনের বিপক্ষে ১১ জনের খেলা। আমি কথা দিচ্ছি, শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসের সেরা ম্যাচ হবে। আমরা নিজেদের সেরাটা দেব, বাংলাদেশও দেবে।”