কক্সবাজারের একটি অনলাইন সংবাদমাধ্যমের কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন রামু সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি মোর্শেদুল হক। একই সঙ্গে তিনি সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক মন্তব্য করেছেন।
আজ বুধবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি স্ট্যাটাসে মোর্শেদুল হক লিখেছেন, ‘টেলিগ্রাম নিউজ অফিসটা কোথায়?...জ্বালিয়ে দিতে হবে। কক্সবাজার ছাত্রদল কি জীবিত আছে? থাকলে টেলিগ্রাম নিউজের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে হবে। কানের নিচে নিচে থাপ্পড় দিয়ে দিয়ে ক্যাপশন লেখানো শেখাতে হবে এদের।’
টেলিগ্রাম নিউজের সম্পাদক এবং দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন মুক্তকণ্ঠকে জানান, গত মঙ্গলবার কক্সবাজার আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালন করার সময় দৈনিক পূর্বকোণের কক্সবাজার সংবাদদাতা মো. এরফান হামলা ও হেনস্তার শিকার হন। এরফানের অভিযোগ, এক ছাত্রদল নেতার নেতৃত্বে একটি দল সেখানে মব সৃষ্টি করে এই হামলা চালায়।
জসিম উদ্দিন আরও জানান, সাংবাদিক এরফানের ওপর এই হামলা ও হেনস্তার ঘটনার পর টেলিগ্রাম নিউজ বিস্তারিত সংবাদ প্রকাশ করে। এরপর ওই সংবাদটি সরিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে তদবির করা হয়। এরই ধারাবাহিকতায় রামু সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি মোর্শেদুল হক তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ওই হুমকি ও উসকানিমূলক স্ট্যাটাসটি পোস্ট করেন।
সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে জসিম উদ্দিন বলেন, “কোনো সংবাদ নিয়ে কারও আপত্তি থাকলে প্রতিবাদ, তথ্যপ্রমাণ উপস্থাপন কিংবা আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সংবাদমাধ্যমের কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি, সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার আহ্বান কিংবা রাজনৈতিক শক্তি প্রয়োগের উসকানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
এই ঘটনার বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও মোর্শেদুল হকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁর ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে।
তবে এই ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান মুক্তকণ্ঠকে জানিয়েছেন, মোর্শেদুল হকের ফেসবুক স্ট্যাটাসটি তিনি দেখেছেন এবং এটি দলের জন্য অত্যন্ত বিব্রতকর। তিনি আরও জানান, এর আগেও মোর্শেদ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে আপত্তিকর স্ট্যাটাস দিয়েছেন। অতি উৎসাহের বশেই তিনি সংবাদমাধ্যমের বিরুদ্ধে এমন মন্তব্য করেছেন। ফলে তাঁকে দল ও পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।