বন্ড সুবিধার আওতায় ১০-৩০ কাউন্টের সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত বহাল থাকবে কি না, নাকি ব্যাংক গ্যারান্টি ছাড়াই আমদানির নতুন সুযোগ দেওয়া হবে—তা নিয়ে দীর্ঘ দুই ঘণ্টার আলোচনা করেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের নেতৃত্বাধীন কমিটি।

গত সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান ২০ নভেম্বরের মধ্যে এই সংকটের সুরাহা করার নির্দেশনা দিয়েছিলেন। সেই নির্দেশনারই প্রেক্ষিতে আজ বুধবার ঢাকায় সচিবালয়ে সব পক্ষকে নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী।

উচ্চপর্যায়ের এই বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব, বাণিজ্যসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং বস্ত্র ও পাটসচিব আয়েশা আক্তার।

ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং বাংলাদেশ টেরিটাওয়েল অ্যান্ড লিনেন উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিটিটিএলএমইএ)-এর শীর্ষ নেতৃবৃন্দ।

বৈঠকে বিজিএমইএ এবং বিকেএমইএর নেতারা অভিযোগ করেন যে, এনবিআরের গত ৭ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনের পর রপ্তানিমুখী পোশাকশিল্পে তীব্র সংকট তৈরি হয়েছে। চট্টগ্রাম বন্দরে প্রচুর পরিমাণ আমদানি করা সুতা আটকে আছে, যা ব্যাংক গ্যারান্টির অভাবে খালাস করা যাচ্ছে না। এর ফলে প্রতিদিন বন্দরের মাশুল বাড়ছে, যা কেবল রপ্তানি কার্যক্রমকেই ব্যাহত করছে না, বরং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে বলে তারা দাবি করেন।

তবে এই দাবির বিপরীতে পাল্টা যুক্তি দেন বিটিএমএর প্রতিনিধিরা। তাঁদের মতে, এনবিআরের জারি করা বন্ড সুবিধায় সুতা আমদানি নিষিদ্ধ করার প্রজ্ঞাপন স্থগিত রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া চিঠির ওপর উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে। উল্লেখ্য, বিটিএমএর এক সদস্য এই বিষয়ে রিট মামলা দায়ের করেছিলেন।

জানা গেছে, বুধবারের এই বৈঠকের এক পর্যায়ে ব্যবসায়ীদের বাদ দিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংক গভর্নর এবং সচিবদের নিয়ে বাণিজ্যমন্ত্রী আধা ঘণ্টার একটি রুদ্ধদ্বার বৈঠক করেন। তবে বৈঠক শেষে মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং দেওয়া হয়নি। ওই বিশেষ বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ীদের জানান, যেহেতু উচ্চ আদালতের স্থগিতাদেশ কার্যকর রয়েছে, তাই এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তিনি আরও জানান, এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ নিয়েই তিনি পরবর্তী পদক্ষেপ নেবেন।

মুক্তকণ্ঠের নিজস্ব অনুসন্ধানে জানা গেছে, বিজিএমইএ এবং বিকেএমইএর নেতারা ১০-৩০ কাউন্টের সুতা আমদানিতে বন্ড সুবিধা বহাল রাখার জোরালো দাবি জানিয়েছেন। তাঁদের দাবি, বন্ড সুবিধা বাতিলের পর দেশের বস্ত্রকলমালিকেরা সুতার দাম বাড়িয়ে দিয়েছেন। এছাড়া কিছু নির্দিষ্ট সুতা দেশে তৈরি হয় না, যা আমদানি করতে গিয়ে উদ্যোক্তারা বাড়তি খরচের সম্মুখীন হচ্ছেন, ফলে আন্তর্জাতিক বাজারে তাঁদের প্রতিযোগিতার সক্ষমতা হ্রাস পাচ্ছে।

সংগঠন দুটি আরও উল্লেখ করে যে, বন্ড সুবিধা বাতিলের আগে যেসব ঋণপত্র (এলসি) খোলা হয়েছিল, সেই বিপরীতে আসা সুতাগুলোও ব্যাংক গ্যারান্টি ছাড়া খালাস করা যাচ্ছে না। এতে উদ্যোক্তাদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে। অন্যদিকে, দেশীয় বস্ত্র খাতের স্বার্থ রক্ষায় বন্ড সুবিধার আওতায় সুতা আমদানি বন্ধ রাখার বিষয়ে অনড় ছিলেন বিটিএমএর নেতারা।

বিটিএমএর সভাপতি শামীম ইসলাম মুক্তকণ্ঠকে জানান, “বৈঠকে দেশের স্থানীয় বস্ত্রশিল্পের সক্ষমতা, বিনিয়োগ, কর্মসংস্থান এবং উৎপাদন কার্যক্রম সুরক্ষিত রাখতে ১০-৩০ কাউন্টের সুতা আমদানির ক্ষেত্রে বিদ্যমান ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহাল রাখার দাবি জানানো হয়েছে। এ ব্যবস্থাকে কার্যকর করতে ব্যাংক গ্যারান্টি প্রদানের প্রক্রিয়া সহজীকরণ এবং আমদানি কার্যক্রমে বিদ্যমান জটিলতা দূর করতে পারে সরকার।”

পরবর্তীতে বিটিএমএ এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানায়, বিচারাধীন বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই।

এদিকে বিজিএমইএর প্রথম সহসভাপতি সেলিম রহমান মুক্তকণ্ঠকে বলেন, “আমাদের আশা ছিল যে আলোচনা চলতে থাকবে। পাশাপাশি বন্ড সুবিধার আওতায় সুতা আমদানি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হবে।”

বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসান মুক্তকণ্ঠকে আক্ষেপ করে বলেন, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী আগেই কমিটি করে দিয়েছিলেন, ফলে আলোচনার মাধ্যমেই সমাধান করা যেত। প্রধানমন্ত্রীর উদ্যোগের পর আদালতের দ্বারস্থ হওয়ার প্রয়োজন ছিল না।

অন্যদিকে বিটিটিএলএমইএ সভাপতি এম শাহাদাত হোসেন বলেন, “এনবিআরের এক প্রজ্ঞাপনে শুধু বাংলাদেশি পোশাক রপ্তানিকারক নয়, ইপিজেডে যে বিদেশি বিনিয়োগকারীরা রয়েছেন, তাঁরাও আজ বিপদে। বিষয়টা অনেকটা এ রকম, উজানে বাঁধ দিয়ে ফসল ফলাতে বলা হচ্ছে।”