মেরুদণ্ডের বিভিন্ন জটিল সমস্যার আধুনিক চিকিৎসায় বর্তমানে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি। এটি একটি ন্যূনতম ইনভেসিভ বা মিনিমালি ইনভেসিভ আধুনিক সার্জিক্যাল পদ্ধতি, যা প্রচলিত ওপেন সার্জারির তুলনায় অনেক বেশি সুবিধাজনক এবং কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে।
এই পদ্ধতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এতে অত্যন্ত ক্ষুদ্র কাটার প্রয়োজন হয়, যার ফলে টিস্যুর ক্ষতি অনেক কম হয়। মাত্র ১০ মিলিমিটার জায়গা কাটার মাধ্যমেই এই সার্জারি সম্পন্ন করা সম্ভব। যেহেতু এতে পেশি ও লিগামেন্টের তেমন কোনো ক্ষতি হয় না, তাই রোগীরা খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
টিস্যু ট্রমা বা আঘাত কম হওয়ার কারণে অস্ত্রোপচারের পরবর্তী সময়ে ব্যথা অনেক কম অনুভূত হয়। ফলে ব্যথা উপশমের জন্য খুব সামান্য মাত্রার ওষুধের প্রয়োজন হয় এবং অধিকাংশ রোগী অস্ত্রোপচারের ২৪ ঘণ্টার মধ্যেই হাঁটতে সক্ষম হন।
হাসপাতালে দীর্ঘ সময় থাকার ঝামেলা থেকেও মুক্তি দেয় এই পদ্ধতি। বেশির ভাগ ক্ষেত্রে রোগীরা একই দিনে অথবা সর্বোচ্চ এক দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পান। প্রচলিত ওপেন সার্জারির তুলনায় এই পদ্ধতিতে রোগীরা অনেক দ্রুত তাদের স্বাভাবিক কর্মজীবনে ফিরে যেতে পারেন।
নিরাপত্তার দিক থেকেও এটি অত্যন্ত কার্যকর। ছোট কাটের কারণে অস্ত্রোপচারের সময় রক্তক্ষরণ খুব সামান্য হয় এবং কম ইনভেসিভ হওয়ায় সংক্রমণের ঝুঁকিও অনেক কমে আসে। এছাড়া এই পদ্ধতিতে জেনারেল অ্যানেসথেসিয়ার প্রয়োজন হয় না, যা বয়স্ক ব্যক্তি বা হৃদরোগীদের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীদের জন্য একটি নিরাপদ বিকল্প হিসেবে বিবেচিত হয়।
লুম্বার ডিস্ক হের্নিয়েশন, স্পাইনাল স্টেনোসিস, ফ্যাসেট সিনড্রোম এবং রেকারেন্ট ডিস্ক হের্নিয়েশনের মতো জটিল সমস্যার কার্যকর সমাধানে এই পদ্ধতি অত্যন্ত উপযোগী।
এন্ডোস্কোপিক পদ্ধতি শরীরের নিজস্ব পুনরুদ্ধার বা সেলফ-হিলিং প্রসেসকে ত্বরান্বিত করে। প্রচলিত ওপেন সার্জারির তুলনায় এতে মেরুদণ্ডের প্রাকৃতিক কাঠামো অনেক বেশি অক্ষত থাকে। ওপেন সার্জারির পর অনেক সময় পুনরায় সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে, তবে এন্ডোস্কোপিক পদ্ধতিতে সেই ঝুঁকি অনেক কম। এমনকি যদি কখনো পুনরায় অস্ত্রোপচারের (রিভিশন সার্জারি) প্রয়োজন হয়, তবে এই পদ্ধতিতে তা করা অনেক সহজ হয়।
— লেখক: নিউরোসার্জারি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা