জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন।

আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ তাঁর এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল মাসুদ উদ্দিনকে সিএমএইচে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা সম্ভব কি না এবং এই বিষয়ে কোনো আইনি বাধা রয়েছে কি না, তা আগামী রোববারের মধ্যে জানাতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষকে নির্দেশ দিয়েছে।

মাসুদ উদ্দিনের আইনজীবী এম লিটন আহমেদ মুক্তকণ্ঠকে বলেন, “শারীরিক অবস্থার অবনতি হলে কারা কর্তৃপক্ষ মাসুদ উদ্দিন চৌধুরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ অক্টোবর তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট (হঠাৎ হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়া) হয়। এরপর তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে সাধারণ শয্যায় স্থানান্তর করা হয়।”

আইনজীবী লিটন আহমেদ আরও জানান যে, মাসুদ উদ্দিন চৌধুরী আগে থেকেই ব্লাড ক্যানসারে আক্রান্ত এবং তাঁর কিডনির অবস্থাও অত্যন্ত খারাপ। চিকিৎসক তাঁকে নিয়মিত ডায়ালাইসিস করানোর পরামর্শ দিয়েছেন। এর পাশাপাশি তাঁর হার্টের সমস্যা রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসব জটিল রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, যা কারা কর্তৃপক্ষ বহন করে না। এছাড়া মাসুদ উদ্দিন এবং তাঁর পরিবারের ব্যাংক হিসাব বর্তমানে জব্দ অবস্থায় থাকায় তাঁরা চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। যেহেতু তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, তাই সিএমএইচে তিনি বিনা মূল্যে চিকিৎসা সেবা পাবেন। এই কারণেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচে স্থানান্তরের আবেদন করা হয়েছে বলে জানান তাঁর আইনজীবী।

আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল জানতে চেয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আসামিদের পাহারায় পুলিশি নিরাপত্তা থাকে; সিএমএইচেও কি সে ধরনের নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান? এই বিষয়েই আগামী রোববারের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা একটি মামলায় সাবেক এই সেনা কর্মকর্তা বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।