জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজমকে আত্মসমর্পণ করার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ রোববার এই আদেশ প্রদান করেন।
মামলাটিতে মোট সাতজনকে আসামি করা হয়েছে। তবে এই আসামিদের মধ্যে মির্জা আজম এখনো গ্রেপ্তার হননি। তিনি যেন দ্রুত আত্মসমর্পণ করে আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি হতে পারেন, সেই উদ্দেশ্যেই সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলেছেন ট্রাইব্যুনাল। মামলার বাকি ছয়জন আসামি বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
গ্রেপ্তার হওয়া আসামিদের তালিকায় রয়েছেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ফারুক খান, শাজাহান খান, দীপু মনি ও আবদুর রাজ্জাক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। এই আসামিদের আজ রোববার ট্রাইব্যুনালে হাজির করা হয়।
উল্লেখ্য যে, এই মামলার আসামিদের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনে ‘সুপিরিয়র কমান্ড রেসপনসেবিলিটি’র অভিযোগ আনা হয়েছে।