কারাগারে বন্দি সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা-নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তাঁর পক্ষে এই আবেদন দাখিল করেন আইনজীবী বদিউজ্জামান তপাদার।

উল্লেখ্য যে, জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে অবস্থান করছেন কামরুল ইসলাম।

আবেদনের শুনানির সময় আইনজীবী বদিউজ্জামান তপাদার আদালতকে জানান, সাবেক মন্ত্রী কামরুল ইসলাম বর্তমানে অসুস্থ। সাধারণত তাঁকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা-নেওয়া করা হয়, কিন্তু ভ্যানের ঝাঁকুনিতে তাঁর শারীরিক জটিলতা আরও বেড়ে যায়। এই বিশেষ পরিস্থিতি বিবেচনা করে তাঁকে অ্যাম্বুলেন্সে করে আনা-নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল মন্তব্য করে জানায়, এখন দেশের সামগ্রিক অবস্থা স্থিতিশীল নয়। তাঁর নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের পরিস্থিতির উন্নতি হলে অ্যাম্বুলেন্স ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হবে।

এদিকে, আইনজীবী বদিউজ্জামান তপাদার মুক্তকণ্ঠকে জানিয়েছেন, “তাঁর মক্কেল কামরুল ইসলাম ক্যানসারে আক্রান্ত। এ ছাড়া তিনি কিছু শারীরিক জটিলতায় ভুগছেন।”