মৌলভীবাজারের জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে এক নারী কনস্টেবলের মুখ চেপে ধরে তাঁকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। গতকাল মঙ্গলবার রাতে জুড়ী উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নিকটবর্তী স্থানে এই দুঃসাহসিক ঘটনাটি ঘটে। ভুক্তভোগী নারী পুলিশ সদস্যের বয়স ৩০ বছর।

জানা গেছে, ওই নারী পুলিশ সদস্য জুড়ী থানায় কর্মরত আছেন। তাঁর স্বামীও একই থানায় কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁরা উভয়েই পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের পাশে একটি ভাড়া বাসায় বসবাস করেন।

গতকাল রাতে থানায় নিজের দায়িত্ব পালন শেষ করে ওই নারী পুলিশ সদস্য হেঁটে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে একটি নির্জন স্থানে পৌঁছালে অজ্ঞাতপরিচয় দুই তরুণ তাঁকে অপহরণ করার চেষ্টা চালায়।

ভুক্তভোগী নারী পুলিশ সদস্যের স্বামী মুক্তকণ্ঠকে বলেন, “থানায় ডিউটি শেষ করে প্রায়ই তাঁর স্ত্রী হেঁটে একা বাসায় ফেরেন। গতকাল রাত আটটার দিকে থানা থেকে তাঁর স্ত্রী বাসায় ফিরছিলেন। তখন তিনি পুলিশের ইউনিফর্মে ছিলেন না। পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে নির্জন স্থানে পৌঁছাতেই পেছন দিক থেকে এক তরুণ তাঁর (স্ত্রী) মুখ চেপে ধরেন। এরপর জোর করে সড়কের পাশে ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করেন। তখন পাশে একটি মোটরসাইকেলে আরেক তরুণ বসা ছিলেন। তাঁর স্ত্রী চিৎকার শুরু করলে দুই তরুণ মোটরসাইকেল নিয়ে দ্রুত রেলস্টেশনের দিকে চলে যান।”

ওই পুলিশ কনস্টেবল আরও জানান, দুর্বৃত্তরা তাঁর স্ত্রীর কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিতে পারেনি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

ঘটনার স্থানটির কাছেই স্থানীয় বিএনপি নেতা এমদাদুল হকের বাড়ি। তিনি মুক্তকণ্ঠকে বলেন, “হঠাৎ চিৎকার শুনে আশপাশের লোকজনের মতো তিনি ও তাঁর স্ত্রী ঘটনাস্থলে ছুটে যান। প্রতিবেশী হওয়ায় ওই নারী পুলিশ সদস্যকে তাঁরা চিনতে পারেন। পরে থানা–পুলিশের অন্য কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।”

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, “ঘটনাস্থল অন্ধকার ছিল। ওই স্থানের আশপাশে বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ তাঁরা দেখেছেন। একটি ফুটেজে মোটরসাইকেল আরোহী দুই তরুণকে দেখা গেছে। নারী পুলিশ সদস্য হেঁটে যাওয়ার সময় ওই দুই তরুণের একজন পিছু নেন। এর কিছুক্ষণ পর আশপাশের লোকজনকে ঘটনাস্থলে দৌড়ে যেতে দেখা যায়। প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িত দুই তরুণকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।”