সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে কেন্দ্র করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা প্রেস ব্রিফিংয়ের বৈধতা নিয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
আজ বুধবার বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসিফ মাহমুদের দায়ের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই রুল প্রদান করেন।
গত সেপ্টেম্বরে আসিফ মাহমুদ এই রিটটি দায়ের করেছিলেন। দুদকের পক্ষ থেকে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান শুরুর সিদ্ধান্তের পর ‘প্রাথমিক সত্যতা পাওয়া’র যে ঘোষণা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দেওয়া হয়েছিল, তার বৈধতাকে চ্যালেঞ্জ করে এই আবেদন করা হয়।
আদালতের দেওয়া রুলে জানতে চাওয়া হয়েছে, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান শুরুর সিদ্ধান্তের পর ‘প্রাথমিক সত্যতা পাওয়া’র ঘোষণাসংক্রান্ত গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক ও সহকারী পরিচালকের করা প্রেস ব্রিফিং সংবিধানের ৩১ অনুচ্ছেদ ও ২০১১ সালের তথ্য অবমুক্তকরণ নীতিমালার লঙ্ঘন হওয়ায় কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না।
পাশাপাশি, কোনো অনুসন্ধান বা তদন্ত কার্যক্রম চলমান থাকা অবস্থায় সেই বিষয়ে কোনো ধরনের প্রেস ব্রিফিং করা থেকে দুদককে বিরত রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও রুলে প্রশ্ন করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার আসিফ মাহমুদের এই রিট আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। সেদিন শুনানি শেষে আদালত আজ বুধবার আদেশের জন্য দিন ধার্য করেছিলেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন, আইনজীবী ইউসুফ আলী ও জহিরুল ইসলাম মুসা। অন্যদিকে, দুদকের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান।
রুলের বিষয়ে বিস্তারিত জানিয়ে আইনজীবী জহিরুল ইসলাম মুসা মুক্তকণ্ঠকে বলেন, “দুদকের চেয়ারম্যান, উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা এবং সহকারী পরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।”
রিট আবেদনকারীর আইনজীবীর ভাষ্য অনুযায়ী, দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা এবং সহকারী পরিচালক গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুটি প্রেস ব্রিফিং করেন। সেই ব্রিফিংয়ে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান শুরুর সিদ্ধান্তের পর ‘প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’ বলে জানানো হয়। আবেদনকারীর দাবি, এই ব্রিফিং সংবিধানের ৩১ অনুচ্ছেদে নিশ্চিত করা মর্যাদা ও সুনামের সুরক্ষা এবং দুদকের তথ্য অবমুক্তকরণ নীতিমালার সরাসরি লঙ্ঘন।
উল্লেখ্য যে, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ–অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিযুক্ত হন। শুরুতে তিনি শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২৪ সালের নভেম্বরে তাঁকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় এবং তিনি স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
২০২৫ সালের ডিসেম্বরে আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। একই বছরের ডিসেম্বরের শেষ দিকে তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। বর্তমানে তিনি ওই দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।