ভোর হওয়ার আগেই ঘুম থেকে ওঠেন শিল্পী খাতুন। রান্নার জন্য গ্যাস কেনার সামর্থ্য তাঁর নেই, তাই মাটির চুলায় কাঠ পুড়িয়েই সারেন সকালের কাজ। এরপর দ্রুত ছুটতে হয় কারখানায়। ঢাকার উপকণ্ঠে গাজীপুর শিল্পাঞ্চলের একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত শিল্পী।

২৭ বছর বয়সী শিল্পী তাঁর পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। স্বামী বেকার হওয়ায় মা-বাবা এবং শ্বশুর-শাশুড়ির ভরণপোষণের পুরো দায়িত্ব তাঁর কাঁধে। গত পাঁচ বছর ধরে পোশাক কারখানায় কাজ করলেও অভাবের বৃত্ত থেকে বের হতে পারেননি তিনি। বরং নিত্যপণ্যের লাগামহীন দাম বৃদ্ধিতে দিন দিন জীবনযাপন আরও দুর্বিষহ হয়ে উঠছে।

দুপুরের খাবারের জন্য ঘরের সামনে থেকে শাকপাতা তুলছিলেন শিল্পী। ভাতের সঙ্গে এই শাক দিয়েই সেদিনের আহার সারতে হবে। নিজের কষ্টের কথা জানাতে গিয়ে শিল্পী বলেন, ‘এখন সবকিছুর দাম বেশি। বাড়িভাড়া দ্বিগুণ হয়েছে, খাবারের দাম বেড়েছে। মাস শেষ হওয়ার আগেই সব টাকা শেষ হয়ে যায়।’

শিল্পী খাতুনের এই সংকট কেবল তাঁর একার নয়; বাংলাদেশের তৈরি পোশাক খাতের হাজারো শ্রমিকের জীবন এখন এই বাস্তবতার মুখোমুখি। জীবনযাত্রার ব্যয় বহুগুণ বাড়লেও তাঁদের আয় সেই অনুপাতে বৃদ্ধি পায়নি। এই চরম প্রতিকূল পরিস্থিতিতে ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে গত সপ্তাহে ব্যাপক বিক্ষোভ জানিয়েছেন পোশাকশ্রমিকেরা।

মজুরি বাড়ানোর চাপ

মজুরি বৃদ্ধির দাবিতে গত সপ্তাহের সেই আন্দোলন একপর্যায়ে সহিংস রূপ নেয়। শ্রমিকদের বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় কয়েক শ পোশাক কারখানা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

তবে শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রক্রিয়া শুরু হয়েছে। ৪ নভেম্বর সরকারের গঠিত নিম্নতম মজুরি বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে, নতুন মজুরিকাঠামো ডিসেম্বর মাস থেকে কার্যকর হবে। সেই অনুযায়ী, জানুয়ারি মাস থেকে শ্রমিকেরা বর্ধিত বেতন পাবেন বলে আশা করা হচ্ছে। তবে মজুরির পরিমাণ ঠিক কতটা বাড়বে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশের শ্রমিকদের তুলনামূলক মজুরি কম হওয়ায় তৈরি পোশাক উৎপাদনের খরচও কম পড়ে। এই প্রতিযোগিতামূলক সুবিধাকে কাজে লাগিয়ে বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। এইচঅ্যান্ডএম, জারা, গ্যাপ, প্রাইমার্ক ও ওয়ালমার্টের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে পোশাক তৈরি করিয়ে নেয়। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি আসে এই পোশাক খাত থেকে, যেখানে ৪০ লাখের বেশি মানুষ কর্মরত আছেন।

অন্যদিকে, পোশাকশিল্পের উদ্যোক্তারা মনে করছেন, শ্রমিকদের মজুরি খুব বেশি বাড়িয়ে দিলে বাংলাদেশের উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে। তাঁদের আশঙ্কা, এতে ভারত ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের উৎপাদন ব্যয়জনিত বিশেষ সুবিধাটি কমে যাবে। জ্বালানির উচ্চমূল্যের কারণে কারখানাগুলো এমনিতেই আর্থিক চাপে রয়েছে; তার ওপর মজুরি এতটা বাড়লে মুনাফা হ্রাস পেতে পারে বলে তারা মনে করেন।

উদ্যোক্তাদের দাবি, শ্রমিকেরা মূল মজুরির বাইরে বছরে ৯ শতাংশ হারে বেতন বৃদ্ধি এবং দুটি উৎসব বোনাস পেয়ে থাকেন। ফলে মজুরি যে আকাশচুম্বী হবে, সেই সম্ভাবনা কম।

খাবার ও চিকিৎসায় কাটছাঁট

শ্রমিকদের কাছে অবশ্য এসব ব্যবসায়িক যুক্তির চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে প্রতিদিনের সংসার চালানোর হিসাব। বাড়তি ব্যয়ের সঙ্গে তাল মেলাতে না পেরে খাবার, চিকিৎসা এবং সন্তানদের পড়াশোনার খরচ কমাতে বাধ্য হচ্ছেন তাঁরা।

শিল্পী খাতুন জানান, এমন দিনও যায়, যেদিন তাঁদের কেবল মুড়ি খেয়েই দিন কাটাতে হয়। স্বামীর সঙ্গে ছোট একটি টিনশেড ঘরে থাকেন তিনি। গত তিন বছর ধরে শারীরিক নানা সমস্যায় ভুগলেও অর্থের অভাবে চিকিৎসকের কাছে যেতে পারেননি তিনি।

পাঁচ বছর আগে যখন কারখানায় কাজ শুরু করেন, তখন তাঁর বেতন ছিল ৯ হাজার টাকা। বর্তমানে তিনি ১৩ হাজার ৫০০ টাকা পান। অতিরিক্ত সময় কাজ করলে আয় হয় প্রায় ১৬ হাজার টাকা। কিন্তু এই অর্থও যথেষ্ট নয়; পরের মাসের বেতন পাওয়ার আগেই সব শেষ হয়ে যায়।

২০২২ সাল থেকে বাংলাদেশে জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বাড়ছে। এই সময়ে গড় মূল্যস্ফীতি ৯ শতাংশের কাছাকাছি ছিল। শুরুতে খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধিই মূল্যস্ফীতির প্রধান কারণ হলেও পরবর্তীকালে খাদ্যবহির্ভূত পণ্যের দামও বেড়ে যায়, যার ফলে খেটে খাওয়া সাধারণ মানুষ চরম চাপে পড়েছেন।

শুধু শিল্পী নন, আশুলিয়ার এক কারখানার ২৯ বছর বয়সী সেলাই কর্মী রোকসানা পারভীনের অবস্থাও একই রকম। দুই মেয়েকে নিয়ে সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাঁকে।

রোকসানা বলেন, ‘কোনো কিছু কেনার আগে দুবার ভাবতে হয়, এমনকি খাবার কেনার বেলায়ও। জানি, আমার মেয়েদের আরও ভালো খাবার খাওয়া উচিত। কিন্তু সেই সামর্থ্য আমার নেই।’

দুই মেয়েকে নিয়ে তাঁর সংসার চলে মূলত ভাত ও সবজি খেয়ে। মাছ ও মাংস এখন তাঁদের কাছে বিলাসী খাবার হয়ে দাঁড়িয়েছে। খরচ কমাতে বাধ্য হয়ে এক মেয়েকে স্কুল থেকেও ছাড়িয়ে নিতে হয়েছে তাঁকে।