ইন্টারনেটের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের বিশাল জগতে ওয়েবসাইটের সংখ্যা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুসারে, গত সেপ্টেম্বরের হিসাবে বিশ্বজুড়ে মোট ওয়েবসাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭ কোটি ৪ লাখ ৫ হাজার ৩৫১টিতে। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে এই সংখ্যা ছিল ১৩৩ কোটি ৭৫ লাখ ২৮ হাজার ১৯৪টি। তবে এই বিশাল সংখ্যার ওয়েবসাইটের সিংহভাগই বর্তমানে নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে বলে জানা গেছে।
সাইটফির সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন বিশ্বজুড়ে প্রায় ৩ লাখ ২১ হাজার ৪০৯টি নতুন ওয়েবসাইট ইন্টারনেটে যোগ হচ্ছে। এই হিসাব অনুযায়ী, প্রতি ঘণ্টায় যুক্ত হচ্ছে ১৩ হাজার ৩৯২টি, প্রতি মিনিটে ২২৩টি এবং প্রতি সেকেন্ডে গড়ে চারটি করে নতুন ওয়েবসাইট। তবে ওয়েবসাইটের মোট বৃদ্ধির এই গতি বিগত সময়ের তুলনায় প্রায় ২৩ শতাংশ হ্রাস পেয়েছে। ২০২৫ সালের হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে প্রায় ৬০০ কোটি (৬ বিলিয়ন) মানুষ ইন্টারনেটের সঙ্গে যুক্ত ছিলেন, যা বৈশ্বিক জনসংখ্যার প্রায় ৭৪ শতাংশ। উল্লেখ্য, ২০২৪ সালে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৫৮০ কোটি।
বিশ্বের মোট ওয়েবসাইটের মধ্যে মাত্র ১৫ শতাংশ সক্রিয় বা সচল রয়েছে। গত সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, সক্রিয় ওয়েবসাইটের সংখ্যা ২১ কোটি ৭৫ লাখ ৬৯ হাজার ৮০৩টি। বাকি ৮৫ শতাংশ বা ১২৫ কোটি ২৮ লাখ ৬৫ হাজার ৫৪৮টি ওয়েবসাইট নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। এর মধ্যে বেশির ভাগই পার্কড ডোমেইন বা অনুরূপ কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ, বর্তমানে প্রতিটি সক্রিয় ওয়েবসাইটের বিপরীতে প্রায় ৫ দশমিক ৮টি নিষ্ক্রিয় ওয়েবসাইট বিদ্যমান।
ওয়েবসাইট আয়োজনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র শীর্ষ স্থান ধরে রেখেছে। ২০২৬ সালের নভেম্বরের ডেটা অনুযায়ী, সার্ভার লোকেশনের ওপর ভিত্তি করে ৩৩ দশমিক ২ শতাংশ ওয়েবসাইট যুক্তরাষ্ট্রে হোস্ট করা হয়েছে। এরপর ১৬ দশমিক ১ শতাংশ ওয়েবসাইট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি।
তথ্য অনুযায়ী, ইন্টারনেটে প্রথম ১০০ কোটি ওয়েবসাইটের মাইলফলক স্পর্শ করা হয়েছিল ২০১৪ সালের সেপ্টেম্বরে। এরপর দেড় বছর এই সংখ্যা ১০০ কোটির নিচে নেমে এলেও ২০১৬ সালের মার্চে তা পুনরায় ১০০ কোটি অতিক্রম করে। জানুয়ারি ২০২৬-এর হিসাব অনুযায়ী, মোট ওয়েবসাইটের সংখ্যা ছিল ১৩৭ কোটি ৬৯ লাখ ৫২ হাজার ৩৯০টি, যার মধ্যে সক্রিয় ছিল ২০ কোটি ৭৫ লাখ ৩২ হাজার ৫৭৩টি (১৫ দশমিক শূন্য ৭ শতাংশ)।
ওয়েবসাইটের ভাষার ক্ষেত্রে ইংরেজি এখনো শীর্ষস্থান ধরে রেখেছে। চলতি মাসের তথ্য অনুযায়ী, বিশ্বের ৪৯ দশমিক ৫ শতাংশ ওয়েবসাইট ইংরেজিতে প্রকাশিত। এছাড়া স্প্যানিশ ভাষায় ৬ শতাংশ, জার্মান ভাষায় ৫ দশমিক ৯ শতাংশ, জাপানি ভাষায় ৪ দশমিক ৯ শতাংশ এবং ফরাসি ভাষায় ৪ দশমিক ৬ শতাংশ ওয়েবসাইট রয়েছে। বিশ্বে সাত হাজারের বেশি ভাষা থাকলেও ২০০টির কম ভাষার ডিজিটাল উপস্থিতি ইন্টারনেটে দেখা যায়। ৯ নভেম্বরের হিসাব অনুযায়ী, বিশ্বের ৩৯ দশমিক ৪ শতাংশ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম ব্যবহার করে তৈরি করা হয়েছে।