শিক্ষার্থীদের আধুনিক ওয়েব ডেভেলপমেন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা এবং ওপেন সোর্স প্রযুক্তিতে দক্ষ করে তোলার লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্ট ২০২৬: ওয়ার্কশপ অ্যান্ড সিম্পোজিয়াম অন মডার্ন ওয়েব, এআই অ্যান্ড সাইবার সিকিউরিটি’ শীর্ষক একটি বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর গুলশানে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তত্ত্বাবধানে পিইউ সাইবার সিকিউরিটি ক্লাব (পিইউসিএসসি) ও পিইউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাবের (পিইউএআইসি) যৌথ উদ্যোগে এই কর্মসূচিটি পরিচালিত হয়। আন্তর্জাতিক ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্টের কারিগরি সহযোগিতায় গত রোববার ও সোমবার (২৫ ও ২৬ অক্টোবর) এই আয়োজনটি সম্পন্ন করা হয়।
‘লার্ন, বিল্ড, গ্রো—ওপেন সোর্স, ওয়েব ডেভেলপমেন্ট, এআই, ক্যারিয়ার অ্যান্ড কমিউনিটি’ প্রতিপাদ্যের আলোকে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের বাস্তবমুখী প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করা এবং তাদের আন্তর্জাতিক ওপেন সোর্স কমিউনিটি ও বর্তমান কর্মক্ষেত্রের সঙ্গে সংযুক্ত করা।
আয়োজনের প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের সিএসই কম্পিউটার ল্যাবরেটরিতে অর্ধশতাধিক বাছাইকৃত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে একটি হাতে-কলমে কর্মশালা অনুষ্ঠিত হয়। এই সেশনে ওয়ার্ডপ্রেস এডুকেশন অ্যাডমিন ও মেন্টর মুহিবুল হক ওপেন সোর্স কন্ট্রিবিউশন, WPCredits এবং আন্তর্জাতিক কমিউনিটিতে যুক্ত হওয়ার বিভিন্ন প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরেন। অন্য একটি সেশনে সিঙ্গাপুরভিত্তিক টেন-জিবির ওয়েব ডেভেলপার ও ওয়ার্ডপ্রেস অ্যাক্সেসিবিলিটি টিমের প্রতিনিধি নাসিম মিয়া ওয়েবসাইট তৈরি, ব্লক কাস্টমাইজেশন, ফুল সাইট এডিটিং এবং ল্যান্ডিং পেজ প্রকাশের কার্যকর কৌশলগুলো শিক্ষার্থীদের শেখান।
দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে একটি প্রযুক্তি সিম্পোজিয়ামের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আয়োজনের প্রধান সমন্বয়ক, সিএসই বিভাগের প্রভাষক, সহকারী প্রক্টর ও পিইউ সাইবার সিকিউরিটি ক্লাবের মডারেটর মোস্তফা কামাল সাগর। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিএসই বিভাগের প্রভাষক ও পিইউ এআই ক্লাবের মডারেটর মো. মিনহাজুল আলম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জন, উদ্ভাবনী চিন্তা এবং বাস্তবভিত্তিক শিক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সিম্পোজিয়ামের পাঁচটি বিশেষ টেকনিক্যাল সেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়। মুহিবুল হক ওয়ার্ডপ্রেসে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার সুযোগ নিয়ে কথা বলেন। নাসিম মিয়া আধুনিক ওয়েব প্রযুক্তিতে ওয়ার্ডপ্রেসের বহুমুখী ব্যবহার প্রদর্শন করেন। অন্যদিকে, ডব্লিউপিরিওর হেড অব মার্কেটিং ও ভিজিবলএসইও লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল আসিফ এআই যুগে চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং প্রজেক্ট পোর্টফোলিও তৈরির কৌশল নিয়ে আলোচনা করেন।
পাশাপাশি, সিএসই বিভাগের প্রভাষক প্রান্ত দেব ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (এনএলপি) ও ট্রান্সফরমার আর্কিটেকচার নিয়ে সেশন পরিচালনা করেন। মোস্তফা কামাল সাগর শিক্ষা, গবেষণা ও সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের জন্য একটি মূল্যায়ন কুইজের আয়োজন করা হয়, যেখানে সেরা তিনজনকে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়। অতিথি বক্তাদের সম্মাননা জানানোর পাশাপাশি আয়োজনটি সফল করতে বিশেষ অবদান রাখায় মোস্তফা কামাল সাগর, মো. মিনহাজুল আলম এবং বিশ্ববিদ্যালয়ের অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সকে (ওএসএ) বিশেষ সম্মাননা দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের মাঝে সনদপত্র ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।
পুরো আয়োজনের একাডেমিক তত্ত্বাবধানে ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান অধ্যাপক মীর মোহাম্মদ আজাদ। সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল অ্যাডভাইজর অধ্যাপক মো. আনোয়ারুল কবির। ওয়ার্ডপ্রেস কমিউনিটি কো-অর্গানাইজার হিসেবে সহযোগিতা করেন মুহিবুল হক, নাসিম মিয়া ও রাশেদ হোসেন। গ্লোবাল কমিউনিটি স্পন্সর হিসেবে এই আয়োজনে যুক্ত ছিল WordPress.com, Woo, Automattic, Hostinger, Bluehost ও Jetpack।