বলিউডের রুপালি পর্দায় এক সময় তাঁর উপস্থিতি দর্শকদের মনে ত্রাস সৃষ্টি করত। বিশেষ করে ‘দুশমন’ এবং ‘সংঘর্ষ’ সিনেমার সেই ভয়ংকর খলনায়কের চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে এক বিশেষ জায়গা করে নিয়েছিলেন আশুতোষ রানা। তবে পর্দার সেই নিষ্ঠুর ও কঠোর মানুষটি বাস্তব জীবনে সম্পূর্ণ ভিন্ন ব্যক্তিত্বের অধিকারী। অভিনয়ের পাশাপাশি তিনি কবিতা লেখেন, গান গাইতে ভালোবাসেন এবং লেখক হিসেবেও তাঁর যথেষ্ট পরিচিতি রয়েছে। অভিনেত্রী রেণুকা শাহানের সঙ্গে তাঁর দীর্ঘদিনের দাম্পত্য জীবন অতিবাহিত হচ্ছে। সময়ের পরিবর্তনের সাথে সাথে তাঁর অভিনীত চরিত্রের ধরনেও এসেছে পরিবর্তন। সম্প্রতি শাহরুখ খানের ‘পাঠান’, সালমান খানের ‘টাইগার ৩’, হৃতিক রোশন অভিনীত ‘ওয়ার ২’ কিংবা ‘ছাবা’—এই সব সিনেমাতেই তাঁকে দেখা গেছে। ২০২৬ সালেও অভিনয়ে সক্রিয় থাকবেন এই অভিনেতা। আজ ১০ নভেম্বর তাঁর ৫৯তম জন্মদিন। জন্মদিনের এই বিশেষ মুহূর্তে ছবির মাধ্যমে দেখে নেওয়া যাক আশুতোষ রানার জীবনের কিছু জানা ও অজানা তথ্য।