যুক্তরাজ্যের পাঁচটি সরকারি প্রতিষ্ঠানে একই সময়ে পূর্ণকালীন পদে কর্মরত থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন ব্রিটিশ-বাংলাদেশি নাগরিক কাশিম চৌধুরী (৫৬)। প্রতারণার মোট নয়টি অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করেছে আদালত। পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের বাসিন্দা কাশিম ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট আটটি সরকারি ও সরকারি খাতের প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং এই সময়ে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড আয় করেন। আদালতের শুনানিতে প্রমাণিত হয়েছে যে, এই আয়ের মধ্যে ২ লাখ ৮৪ হাজার পাউন্ডের বেশি অর্থ তিনি প্রতারণামূলক উপায়ে অর্জন করেছেন।
সোমবার লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে জুরি সদস্যরা দীর্ঘ সাত ঘণ্টা আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেন। জুরিরা তাঁকে মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার আটটি এবং প্রয়োজনীয় তথ্য গোপন করে প্রতারণার একটি অভিযোগে দোষী সাব্যস্ত করেন।
আদালতের বিচারক মার্ক উইকস কাশিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, কাশিম উল্লেখযোগ্য মেয়াদের কারাদণ্ডের সম্মুখীন হতে পারেন। সাজা নির্ধারণের ক্ষেত্রে প্রসিকিউশনের পক্ষ থেকে প্রাথমিক বিবেচনার জন্য পাঁচ বছরের কারাদণ্ডের কথা বলা হয়েছে।
বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, করোনাভাইরাস মহামারির সময়ে শুরু হওয়া 'বাসা থেকে কাজ' বা রিমোট ওয়ার্কিংয়ের সুযোগকে কাজে লাগিয়েই কাশিম একাধিক সরকারি প্রতিষ্ঠানে তাঁর চাকরির তথ্য গোপন করেন। তিনি যেসব প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তার মধ্যে রয়েছে যুক্তরাজ্যের পরিবেশ, খাদ্য ও গ্রামীণবিষয়ক মন্ত্রণালয় (ডেফরা), স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস), স্বাস্থ্য ও সামাজিক সেবাবিষয়ক মন্ত্রণালয়, ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি এবং ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি। এছাড়া পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং ইস্ট লন্ডন এনএইচএস ট্রাস্টেও তিনি চাকরি করেছিলেন। বিভিন্ন প্রতিষ্ঠানে তাঁর বার্ষিক বেতন ছিল প্রায় ৩৮ হাজার থেকে ৫২ হাজার পাউন্ডের মধ্যে।
সপ্তাহে ১৮৩ ঘণ্টা কাজের চুক্তি
আদালতে উপস্থাপিত তথ্যের এক বিস্ময়কর দিক হলো, ২০২৩ সালের এক পর্যায়ে কাশিমের বিভিন্ন চাকরিতে নির্ধারিত সাপ্তাহিক কর্মঘণ্টার মোট যোগফল দাঁড়ায় ১৮৩ ঘণ্টা। অথচ গাণিতিকভাবে এক সপ্তাহে মোট সময় থাকে মাত্র ১৬৮ ঘণ্টা।
প্রসিকিউশনের দাবি অনুযায়ী, চাকরির আবেদনপত্রে নিজের বর্তমান কর্মসংস্থানের বিষয়ে কাশিম ভুল তথ্য প্রদান করতেন। এমনকি নতুন চাকরি পাওয়ার পর পূর্বের প্রতিষ্ঠানগুলোতে কাজ করার বিষয়টি তিনি গোপন রাখতেন। একাধিক চাকরির চাপ সামলানোর জন্য তিনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অসুস্থতার ছুটি নিতেন। ২০২৩ সালের মার্চ মাসে চারটি প্রতিষ্ঠানে অসুস্থতার ছুটিতে থাকা সত্ত্বেও তিনি হোম অফিসে কাজ চালিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।
ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির ব্যবস্থাপক আলিশা অ্যাডামস আদালতে একটি ভিডিও বৈঠকের বিবরণ দেন। তাঁর অভিযোগ, নিজেকে অসুস্থ প্রমাণ করার জন্য কাশিম মুখে সাদা মেকআপ লাগিয়েছিলেন। বৈঠক চলাকালীন ঘামের কারণে তাঁর কপালের মেকআপ উঠে যেতে শুরু করে। তবে কাশিম এই অভিযোগ অস্বীকার করেছেন। ওই বৈঠকে কাশিম অন্য সরকারি প্রতিষ্ঠান ডেফরার ই-মেইল ঠিকানা ব্যবহার করেছিলেন বলেও আদালতে জানানো হয়। এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি একে প্রযুক্তিগত ত্রুটি বলে দাবি করেন।
যেভাবে ধরা পড়েন
২০২৩ সালের সেপ্টেম্বরে সরকারি চাকরিগুলো ছেড়ে দেওয়ার পর ২০২৪ সালে সরকারের ন্যাশনাল ফ্রড ইনিশিয়েটিভের তথ্য যাচাই প্রক্রিয়ায় কাশিমের এই প্রতারণা ধরা পড়ে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বেতন সংক্রান্ত তথ্যের সমন্বয় করে তাঁর একাধিক চাকরির বিষয়টি সামনে আসে।
আদালতে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করে কাশিম বলেন, অতীতে চাকরি হারানোর অভিজ্ঞতা এবং জীবিকা নিয়ে অনিশ্চয়তার কারণে তিনি একাধিক চাকরি নিয়েছিলেন। তিনি আরও জানান, ২০১৩ সালে শিক্ষা মন্ত্রণালয়ের চাকরি হারানোর পর তাঁর মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা শনাক্ত হয়েছিল।
তবে প্রসিকিউশন এই দাবি নাকচ করে বলেছে, তাঁর কর্মকাণ্ড ছিল সম্পূর্ণ পরিকল্পিত এবং ইচ্ছাকৃত প্রতারণা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকারি অর্থ উদ্ধারে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।
এদিকে, কাশিমের বিরুদ্ধে তাঁর মায়ের সম্পত্তি নিয়ে পৃথক একটি দেওয়ানি মামলাও চলমান রয়েছে। তাঁর দুই ভাই ও এক বোনের অভিযোগ, মৃত্যুর আগে গুরুতর অসুস্থ মাকে প্রভাবিত করে পূর্ব লন্ডনের ২১ লাখ পাউন্ড মূল্যের পারিবারিক বাড়ির অর্ধেক অংশ নিজের নামে নেওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি। কাশিম এই অভিযোগ অস্বীকার করেছেন এবং মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।