ইউরোপের বিভিন্ন দেশসহ সার্বিয়া, আলবেনিয়া, বসনিয়া ও ফিজিতে উচ্চ বেতনের চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশি কর্মীদের শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। সেখানে পৌঁছানোর পর তাদের চরম অনিশ্চয়তার মুখে ফেলে রাখা হয়েছে। পর্যাপ্ত খাদ্য, নিরাপদ আবাসন এবং তীব্র অর্থসংকটে ভুগে মানবেতর জীবনযাপন করছেন অনেক কর্মী। এই সংকটময় পরিস্থিতিতে দ্রুত দেশে ফেরার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি সহায়তা কামনা করেছেন ভুক্তভোগীরা।

কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবপাচার ও মানব চোরাচালানের শিকার ব্যক্তিদের উদ্ধার ও প্রত্যাবাসনে কর্মরত প্রতিষ্ঠান অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন।

সংগঠনটির দেওয়া তথ্যানুসারে, কিছু অসাধু দালাল, ট্রাভেল এজেন্সি এবং রিক্রুটিং এজেন্সি ইউরোপসহ বিভিন্ন দেশে চাকরির প্রলোভন দেখিয়ে কর্মীদের শ্রীলঙ্কায় পাঠাচ্ছে। তাদের আশ্বস্ত করা হয় যে, শ্রীলঙ্কায় অবস্থান করার পর পরবর্তী সময়ে তাদের নির্ধারিত গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হবে। তবে অভিযোগ উঠেছে, সেখানে পৌঁছানোর পর অনেক কর্মীকে অনিশ্চয়তার মধ্যে রেখে দালাল ও এজেন্সির প্রতিনিধিরা পুনরায় বাংলাদেশে ফিরে আসছেন।

এমন প্রতিকূল পরিস্থিতিতে পড়ে কিছু কর্মী নিজস্ব উদ্যোগে ও অর্থ ব্যয়ে দেশে ফিরতে সক্ষম হলেও, এখনো বহু বাংলাদেশি শ্রীলঙ্কার কলম্বোর রণমাল রোড, কাটুনায়েক এবং কলম্বো-১৩ এলাকায় অবস্থান করছেন বলে জানতে পেরেছে সংগঠনটি। তাদের অনেকের কাছে খাবার ও আবাসনের খরচ চালানোর মতো ন্যূনতম অর্থ নেই। চরম অনিশ্চয়তা ও মানসিক উদ্বেগের মধ্য দিয়ে দিন কাটছে তাদের। পরিবারের সদস্যরাও তাদের নিরাপত্তা এবং দেশে ফেরার বিষয়টি নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন।

সংগঠনটির আশঙ্কা, চাকরির প্রলোভন দেখিয়ে কর্মীদের অন্য দেশে নিয়ে গিয়ে এভাবে অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখার ঘটনাটি প্রতারণামূলক অভিবাসন এবং সম্ভাব্য মানবপাচারের ঝুঁকি তৈরি করছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে এই কর্মীরা আরও বড় ধরনের শোষণ ও মানবিক সংকটের মুখে পড়তে পারেন।

এই সংকট নিরসনে গত ১৭ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর একটি জরুরি স্মারকলিপি প্রদান করেছে অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন। সংগঠনটির সভাপতি আল-আমিন নয়ন স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের প্রকৃত সংখ্যা ও অবস্থান দ্রুত শনাক্ত করে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে।

স্মারকলিপিতে আরও দাবি করা হয়েছে যে, কলম্বোতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে হবে, শ্রীলঙ্কা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে এবং দেশে ফেরা পর্যন্ত তাদের খাবার, নিরাপদ আবাসন, চিকিৎসা ও জরুরি আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে যেসব দালাল, মধ্যস্বত্বভোগী, ট্রাভেল এজেন্সি ও রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মীরা বিদেশে গেছেন, তাদের ভূমিকা পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে সংগঠনটি। প্রতারণা বা মানবপাচারের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া এবং এজেন্সিগুলোর লাইসেন্স ও নিয়োগ কার্যক্রম যাচাই করার দাবি জানানো হয়েছে।

অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশনের সভাপতি আল-আমিন নয়ন বলেন, “ভালো কাজের আশায় মানুষ ঋণ করে, জমিজমা বিক্রি করে বিদেশে পাড়ি জমান। কিন্তু কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে অন্য দেশে নিয়ে গিয়ে তাদের অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখার দায় সংশ্লিষ্ট এজেন্সিগুলো এড়াতে পারে না।”

তিনি আরও বলেন, “শ্রীলঙ্কায় অবস্থানরত কর্মীদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন নিরাপত্তা, মানবিক সহায়তা ও দেশে ফেরার নিশ্চয়তা।” এই পরিস্থিতিতে সরকারকে দ্রুত তাদের পাশে দাঁড়ানোর পাশাপাশি প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত করে জবাবদিহির আওতায় আনার দাবি জানান তিনি।