মুক্তকণ্ঠের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ আয়োজনে কর্মীরা তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন। জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা, প্রিয়জনের প্রতি গভীর অনুরাগ কিংবা হঠাৎ পাওয়া সুখের মুহূর্তগুলো উঠে এসেছে তাদের এই স্মৃতিচারণে। পাঠকদের জন্য নির্বাচিত সেই লেখাগুলোর একটি এখানে প্রকাশ করা হলো।
রাত সাড়ে ১১টার কথা। স্ত্রীর ফোন এল। ফোনটি রিসিভ করেই আমি জিজ্ঞেস করলাম, ‘কী হয়েছে?’
ওপাশ থেকে স্ত্রী উত্তর দিলেন, ‘কিছু হয়নি।’
আমি অবাক হয়ে বললাম, ‘তাহলে ফোন করেছ কেন?’
তার সংক্ষিপ্ত উত্তর ছিল, ‘এমনি।’
সেই মুহূর্তে আমার অফিসের পরিস্থিতি ছিল অত্যন্ত ব্যস্ত। আফ্রিকার একটি দেশে সরকার পতনের ঘটনা ঘটেছিল। টেলিভিশনের পর্দায় একের পর এক ব্রেকিং নিউজ ভেসে আসছিল। পৃথিবীর কোথাও একটি সরকার ভেঙে পড়ছে, আর ঠিক সেই সময়ে আমার স্ত্রী ফোন করে বলছেন, ‘এমনি’।
আমি তাকে বললাম, ‘শোনো, একটু ব্যস্ত আছি। পরে কথা বলি।’
স্ত্রী শুধু বললেন, ‘আচ্ছা।’
ফোনটি রেখে আমি পুনরায় কাজে মনোনিবেশ করলাম। তবে পাঁচ মিনিট পর আমার মনে খটকা লাগল যে, মিতু কি বিশেষ কিছু বলতে চেয়েছিল? হতে পারে মিটারের টাকা শেষ হয়ে গেছে, কিংবা বিদ্যুৎ চলে গেছে। অথবা হয়তো কলের পানিতে ময়লা আসছে, কিংবা ছেলের স্কুলের কোনো জরুরি খবর।
আমি আবারও ফোন করলাম, কিন্তু মিতু তা ধরল না। মনে মনে ভাবলাম, মেয়েদের এই অদ্ভুত সমস্যা; কথা বলবে না, আবার কথা না বললেও যেন চলবে না।
আসলে আমার কথা বলার মানুষের অভাব নেই। দিনরাত আমি পৃথিবীর নানা প্রান্তের মানুষের কথা শুনি। কোন দেশের রাষ্ট্রপতি কোথায় সফর করছেন, কোন দেশের মুদ্রার মান কমছে, কোন সমুদ্রে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে কিংবা কোন সীমান্তে গোলাগুলি চলছে—সবই আমার জানা। একটি খবর শেষ হতে না হতেই আরেকটি খবর সামনে চলে আসে।
একবার দুপুরে ছেলের স্কুলের ক্লাসটিচারের ফোন এসেছিল। তিনি বলেছিলেন, ‘আপনার ছেলের সঙ্গে একটু কথা বলা দরকার।’
আমি তখন সংসদের অধিবেশন সংক্রান্ত একটি খবর সম্পাদনা করছিলাম। তাই সংক্ষিপ্তভাবে বললাম, ‘জি, বলুন।’
শিক্ষক জানালেন, ‘আপনার ছেলে ক্লাসে ঘুমিয়ে পড়ে।’
আমি তৎক্ষণাৎ পাল্টা প্রশ্ন করলাম, ‘কোন ক্লাসে?’
শিক্ষক কিছুক্ষণ নীরব থেকে উত্তর দিলেন, ‘আমার ক্লাসে।’
আমি বললাম, ‘ও আচ্ছা। আমি ওর মাকে বলছি।’
কিন্তু মিতুকে সেই কথাটি বলা হয়ে ওঠেনি। কারণ সংসদের খবরটি সম্পাদনা করার পরপরই আরেকটি জরুরি কাজ সামনে চলে এসেছিল।
আমার ছেলের নাম নীল, বয়স বারো বছর। সে জানে যে তার বাবা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। একদিন নীল তার মাকে জিজ্ঞেস করেছিল, ‘বাবা কি সব খবর জানে?’
মিতু তাকে উত্তর দিয়েছিল, ‘সব খবর কেউ জানে না।’
নীল তখন প্রশ্ন করল, ‘তাহলে বাবা এত রাত জাগে কেন?’
মিতু এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি।
২
আমার স্ত্রী মিতুর একটি নিয়মিত অভ্যাস আছে। প্রতিদিন রাতে ফোন করে তিনি জানতে চান, ‘কখন আসবে?’
আমি প্রতিদিন উত্তর দিই, ‘দেরি হবে।’ এমনকি যেদিন দ্রুত ফেরার সম্ভাবনা থাকে, সেদিনও আমি বলে থাকি, ‘দেরি হতে পারে।’ কারণ সাংবাদিকের জীবন অনিশ্চিত; কখন কোন খবর সামনে আসবে, তা কেউ জানে না।
একদিন মিতু আমাকে জিজ্ঞেস করেছিলেন, ‘তোমার অফিসে কি কোনো দিন খবর আসে না?’
আমি অবাক হয়ে বললাম, ‘কী বলো! খবর ছাড়া সংবাদপত্র অফিস চলে?’
মিতু তখন বলেছিলেন, ‘আমাদের বাসায় তো কোনো খবর আসে না।’
আমি কথাটি হেসে উড়িয়ে দিয়েছিলাম। এখন বুঝতে পারি, মিতু কথাটি মজা করে বলেননি। তবে তখন তা উপলব্ধি করিনি। আমরা সাংবাদিকরা অন্যের কথার ভেতরের অর্থ খুঁজতে অভ্যস্ত হলেও, কাছের মানুষের কথার অর্থ খুঁজতে গিয়ে অদ্ভুত এক আলসেমির শিকার হই।
৩
সেদিন অফিস থেকে বাড়ি ফিরতে ফিরতে রাত প্রায় দুইটা বেজে গেল। দরজা খুলে দেখলাম বসার ঘরের আলো জ্বলছে। টেবিলের ওপর একটি ঢাকা দেওয়া প্লেট এবং পাশে একটি ছোট চিরকুট রাখা।
চিরকুটে লেখা ছিল, ‘ভাত ফ্রিজে। গরম করে খেয়ো।’
খাবার গরম করতে গিয়ে ভাতের পাশে একটি কেকের বাক্স আমার নজরে এল। আমি অবাক হলাম। আজ কি কারও জন্মদিন? আমার জন্মদিন নয়, মিতুরও নয়, আর নীলের জন্মদিন আসতে আরও কয়েক মাস বাকি।
বাক্সটি খুলে দেখি একটি ছোট কেক, যার ওপর লেখা, ‘অভিনন্দন, নীল।’
আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর মনে পড়ল, নীল আজ স্কুলে ছবি আঁকার প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। ঘড়ির কাঁটায় তখন রাত দুইটা পেরিয়ে গেছে।
নীলের ঘরে গিয়ে দেখলাম সে গভীর ঘুমে আচ্ছন্ন। তার পড়ার টেবিলে একটি সার্টিফিকেট এবং রঙিন কাগজ দিয়ে তৈরি একটি ছোট সংবাদপত্র রাখা।
সেই সংবাদপত্রের প্রথম পাতায় বড় করে লেখা ছিল, ‘আমার বাবার খবর’।
আমি কাগজটি হাতে নিলাম। খবরের শিরোনাম ছিল: ‘আমার বাবা আজ বাসায় আসবেন।’
নিচে লেখা ছিল:
‘আমার বাবা অনেক দেশের খবর জানেন। কিন্তু আমার স্কুলের খবর জানেন না। আজ আমি ছবি আঁকা প্রতিযোগিতায় প্রথম হয়েছি। আমি বাবাকে বলতে চেয়েছিলাম। বাবা তখন অফিসে ছিলেন। মা বলেছে, বাবা খুব ব্যস্ত।
‘আমি প্রথম হয়েছি বলে মা কেক এনেছে। আমরা ভেবেছিলাম, বাবা এলে একসঙ্গে কেক কাটব। কিন্তু বাবা ফিরতে ফিরতে আমি ঘুমিয়ে পড়ব। তাই মা কেকটা রেখে দিয়েছে।
‘আমি বাবাকে আমার ছবিটা দেখাতে চাই। বাবা ছবিটা দেখে কী বলবেন, তা জানি না। বাবা অনেক সময় ছবি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েন।’
আমি কাগজটি সরিয়ে রেখে সার্টিফিকেটটি হাতে নিলাম। ছবির প্রতিযোগিতায় সে প্রথম পুরস্কার জিতেছে। ছবিতে একটি বাড়ি, একটি গাছ এবং একটি সূর্য আঁকা। বাড়ির জানালায় মা ও ছেলে দাঁড়িয়ে আছে এবং বাড়ির বাইরে রাস্তার ওপর একজন মানুষ দাঁড়িয়ে, যার হাতে একটি কালো ব্যাগ এবং মাথার ওপর একটি ছোট মেঘ।
ছবির নিচে নীল লিখেছে, ‘বাবা অফিস থেকে আসছে।’
আমি ছবিটির দিকে তাকিয়ে রইলাম। ওই লোকটা আমিই, কালো ব্যাগটিও আমার। কিন্তু মাথার ওপর মেঘটি কেন? ছেলেকে জিজ্ঞেস করা প্রয়োজন ছিল, কিন্তু সে তখন ঘুমাচ্ছিল।
হঠাৎ মনে পড়ল, রাতে মিতু ফোন করেছিল। আমি জানতে চেয়েছিলাম কী হয়েছে, আর মিতু বলেছিল কিছু হয়নি।
আসলে অনেক কিছু ঘটেছিল। নীল প্রথম হয়েছিল, কেক কেনা হয়েছিল, ছবি আঁকা হয়েছিল এবং একটি ছোট সংবাদপত্র তৈরি হয়েছিল। একজন বাবা বাড়ি ফিরবেন বলে মা ও ছেলে অপেক্ষা করেছিল। শুধু সেই খবরগুলো আমার কাছে পৌঁছায়নি।
ছেলের মাথায় হাত রাখলাম। নীল ঘুমের ঘোরে কিছুটা নড়েচড়ে চোখ না খুলেই বলল, ‘বাবা, তুমি এসেছ?’
আমি বললাম, ‘হ্যাঁ, বাবা।’
নীল জিজ্ঞেস করল, ‘কাল সকালে যাবে না তো?’
আমি নীরব থাকলাম।
ছেলেটি আবারও বলল, ‘থাকো না। আমার অনেক খবর আছে।’
আমি ছেলের পাশে বসে রইলাম। সেদিন দীর্ঘ সময় পর মনে হলো, পৃথিবীর সবচেয়ে জরুরি খবরগুলো সম্ভবত সংবাদকক্ষে আসে না।
৪
পরদিন সকালে অফিসে গিয়ে আমি মিতুকে ফোন করলাম। মিতু ফোন ধরলে আমি জিজ্ঞেস করলাম, ‘গতকাল কী বলতে চেয়েছিলে?’
মিতু কিছুক্ষণ চুপ থেকে বললেন, ‘কিছু না।’
আমি বললাম, ‘না, বলো।’
তখন মিতু জানালেন, ‘নীল প্রথম হয়েছিল। তোমাকে বলতে চেয়েছিলাম।’
আমি উত্তর দিলাম, ‘আমি জানি।’
মিতু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ‘কীভাবে জানলে?’
আমি বললাম, ‘ওর খবরের কাগজ পড়েছি।’
ওপাশে মিতু হাসলেন এবং বললেন, ‘বাহ, শেষ পর্যন্ত আমাদের বাসার খবরও তোমার চোখে পড়ল!’
আমিও হাসলাম, তবে হাসতে হাসতেই আমার গলা ধরে এল। জানালার বাইরে তাকালাম। শহর জেগে উঠছে, মানুষ কাজে যাচ্ছে। কোথাও হয়তো নতুন সরকার গঠিত হচ্ছে, কোথাও যুদ্ধ শুরু হচ্ছে, আবার কোথাও কোনো শিশু প্রথম পুরস্কার পাচ্ছে। পৃথিবীজুড়ে কত খবর!
কম্পিউটারের পর্দায় একটি নতুন খবর ভেসে এল। খবরটিতে ক্লিক করতে গিয়েও আমি থেমে গেলাম। ব্যাগ থেকে নীলের তৈরি সেই কাগজটি বের করে টেবিলের পাশে রাখলাম।
প্রথম পাতার শিরোনামটি আবারও পড়লাম: ‘আমার বাবা আজ বাসায় আসবেন।’
আমি জানতাম, আজও হয়তো ফিরতে দেরি হবে। তবু মনে মনে একটি সিদ্ধান্ত নিলাম। আজ বাড়ি ফিরে নীলকে জিজ্ঞেস করব, ছবিতে মেঘটি কেন এঁকেছে। মিতুকে জিজ্ঞেস করব, তার দিনটি কেমন কাটল। রাতের খাবার খেতে খেতে কারও ফোন এলে বলব, ‘একটু পরে কথা বলছি।’
সিদ্ধান্তটি খুব বড় কিছু নয়। একজন স্বামী ও বাবার যা করা উচিত, তার চেয়ে বেশি কিছু নয়। অথচ এই সামান্য সিদ্ধান্তটি নিতে আমার এত দিন সময় লেগে গেল!