মুক্তকণ্ঠের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ আয়োজন হিসেবে কর্মীরা তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া বিশেষ অধ্যায়, প্রিয়জনের প্রতি হৃদয়ের গভীর টান কিংবা হঠাৎ করে পাওয়া অপ্রত্যাশিত সুখের মুহূর্তগুলো ফুটে উঠেছে এসব লেখায়। সেই বিশেষ লেখাগুলোর মধ্য থেকে নির্বাচিত কিছু লেখা মুক্তকণ্ঠের পাঠকদের জন্য প্রকাশ করা হচ্ছে।
কম্পিউটারের মনিটরেই শুরু হয় আমার জন্মের গল্প। চারপাশে তখন কেবল এলোমেলো রঙের খেলা, একটি কাঁচা ছবি, অগোছালো ফন্ট আর খবরের কিছু বিচ্ছিন্ন শব্দ। ঠিক সেখান থেকেই শুরু হয় আমার জন্মপ্রক্রিয়া। মনিটরের সামনে বসে থাকা মানুষটির আঙুলের স্পর্শ, কি-বোর্ডে অবিরাম টাইপিং, মাউসের নড়াচড়া আর চোখের গভীর ক্লান্তিকে ছাপিয়ে আমি ধীরে ধীরে গড়ে উঠি। একটি ফটোকার্ডকে হয়তো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু “আমার জন্ম, আমার প্রতিটি রং, প্রতিটি অক্ষর আর ছবির প্রতিটি বাঁকে লেগে থাকে একজন মানুষের যত্ন, ভাবনা আর নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা।”
আমার জন্মের প্রথম অধ্যায়টি ছিল অদ্ভুত এক তাড়াহুড়ার মধ্য দিয়ে। অনলাইনের এই দ্রুতগতির দুনিয়ায় সময়ের কাঁটা তো সেকেন্ডের হিসেবে ছোটে! কোনো একটি ব্রেকিং নিউজ আসা মাত্রই ডিজাইনারের ডেস্কে শুরু হয়ে যায় এক নীরব যুদ্ধ। ঠিক কোন ছবিটিকে বেছে নিলে আমার ভেতরের বার্তাটি জীবন্ত হয়ে উঠবে? শিরোনামের কোন অংশটি পাঠকের চোখে সবার আগে ধরা পড়বে? সীমিত জায়গার ভেতরে খবরের আসল নির্যাসটুকু কীভাবে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা সম্ভব? কোন রঙের প্রলেপ দিলে খবরটির গাম্ভীর্য আর ওজন ঠিকঠাক রক্ষা পাবে? এই হাজারো প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই ধীরে ধীরে রূপ পেতে শুরু করে আমার অবয়ব। কখনো কখনো একটি শব্দের জন্য থমকে যায় আঙুল, কারণ ছোট্ট একটি ভুল শব্দ পুরো খবরের অর্থ বদলে দিতে পারে!
অনেক সময় দেখা যায় সময় ফুরিয়ে আসছে, অথচ ভুল করার বিন্দুমাত্র সুযোগ নেই। দ্রুত কাজ করার চাপের মধ্যেও নির্ভুলতা, কালার টোন, ফন্ট সাইজ, ডিজাইন এবং রুচির সঠিক প্রয়োগ বজায় রাখতে হয়। মনিটরের দিকে তাকিয়ে থাকা মানুষটির হাত আর মস্তিষ্ক তখন ঝড়ের গতিতে চলতে থাকে। পাশে রাখা চায়ের কাপটি কখন যে ঠান্ডা হয়ে যায়, সেদিকে খেয়াল করারও ফুরসত মেলে না তাঁর। কখনো একটি ছবি বদলে ফেলতে হয়, অক্ষরের গ্যাপ কমাতে বা বাড়াতে হয়, অথবা পুরো ডিজাইনটিই নতুন করে সাজাতে হয়। সব কাজ শেষ করে যখন মনে হয়, ‘নাহ্, এবার ঠিক আছে’, ঠিক তখনই হয়তো চলে আসে আরেকটি সংশোধনের নির্দেশ। এই ছোট্ট অবয়ব নিয়ে জন্ম নেওয়ার পথেই আমাকে কতবার কাটাছেঁড়া আর পরিমার্জনের মধ্য দিয়ে যেতে হয়!
সেই মুহূর্তগুলোতে আমি মানুষটিকে খুব কাছ থেকে দেখি। কখনো তিনি একটু পেছনে হেলে বসেন, আবার কখনো চোখ কচলে পর্দার দিকে ঝুঁকে পড়েন। ক্লান্তিতে হয়তো একবার দীর্ঘশ্বাস ফেলেন, তবু আমার কোনো অসংগতি তাঁর চোখ এড়ায় না। শিরোনামটি আরও স্পষ্ট হওয়া চাই, ছবির মানুষটির মুখ যেন আড়াল না হয়, কোথাও যেন ভুল বানান থেকে না যায়। আমার তো ব্যথা পাওয়ার মতো শরীর নেই, তবু এই বারবার বদলে যাওয়ার প্রক্রিয়ায় তাঁর ধৈর্যের স্পর্শটুকু আমি অনুভব করি। আমি বুঝতে পারি, আমাকে সুন্দর করার পাশাপাশি বিশ্বাসযোগ্য করে তোলার দায়ভারও তিনি বহন করছেন। তাই নিজের ক্লান্তির চেয়েও বড় হয়ে ওঠে আমাকে সঠিকভাবে পাঠকের সামনে পৌঁছে দেওয়ার তাগিদ।
তবে এই নিখুঁত হয়ে ওঠার পথেই কখনো কখনো ঘটে যায় এক নিষ্ঠুর বিড়ম্বনা। আমার গায়ে থাকা লোগো, ফন্ট আর চেনা আদল নকল করে কিছু অসাধু চক্র তৈরি করে ফেলে আরেকটি ভুয়া কার্ড। সেখানে জুড়ে দেওয়া হয় মিথ্যা বা বানোয়াট তথ্য। দেখতে অবিকল আমার মতো হওয়ায় সাধারণ মানুষ মুহূর্তেই বিভ্রান্ত হন এবং একটি অসত্য খবর বিশ্বাস করে বসেন। অথচ ওই জালিয়াতির সঙ্গে আমার জন্মদাতা ডিজাইনার বা পর্দার পেছনের মানুষগুলোর বিন্দুমাত্র সম্পর্ক থাকে না। এই ভুয়া রূপটি আমাকে ভেতর থেকে পুড়িয়ে মারে। যে চেহারা নিয়ে মানুষের বিশ্বাস অর্জন করতে চেয়েছি, সেই চেহারাই যখন প্রতারণার হাতিয়ার হয়, তখন খুব অসহায় লাগে। ইচ্ছা করে চিৎকার করে বলতে হয়, ওটা আমি নই! আমার পরিচয় ব্যবহার করে কেউ আপনাদের ভুল পথে নিয়ে যাচ্ছে।
কিন্তু আমার তো নিজের হয়ে প্রতিবাদ করার ক্ষমতা নেই। আবারও এগিয়ে আসতে হয় সেই মানুষগুলোকে। মিথ্যা তথ্যের বিপরীতে সত্যটি তুলে ধরতে হয়, পাঠকের ভুল ভাঙাতে হয়। তখন নতুন করে উপলব্ধি করি, আমাকে তৈরি করার দায়িত্ব কেবল প্রকাশের সাথেই শেষ হয়ে যায় না। আমার পরিচয় আর বিশ্বাসযোগ্যতা আগলে রাখার লড়াইটাও তাঁদের। একটি ভুয়া কার্ড কত সহজে মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দেয়, অথচ সেই সন্দেহ মুছতে কত যত্ন আর কত ব্যাখ্যার প্রয়োজন হয়! তাই আমার সবচেয়ে বড় চাওয়া, পাঠক যেন শুধু চেনা রং আর লোগো দেখে বিশ্বাস না করেন; একটু থেমে খবরটির উৎসও যাচাই করেন। তাতেই হয়তো আমার আসল পরিচয়টুকু রক্ষা পায়।
জন্মপ্রক্রিয়া শেষে যখন আমি নিউজফিডে জায়গা করে নিই, সেটি আমার জন্য এক অপূর্ব অনুভূতি! কম্পিউটার স্ক্রিনের কাঁচা খসড়া থেকে বেরিয়ে আমি পৌঁছে যাই লাখো মানুষের চোখের সামনে। কেউ আমাকে দেখে খবরের গভীরে চলে যান, কেউ শেয়ার করেন, কেউবা মন্তব্যের মাধ্যমে জানান নিজের মতামত। তখন মনে হয়, আমার এই ছোট্ট পরিধি আর একটি ডেস্কের মনিটরে বন্দী নেই। দূরের কোনো পাঠক হয়তো ব্যস্ত দিনের ফাঁকে আমার দিকে তাকিয়েই জেনে নেন জরুরি একটি খবর। তাঁর ওই কয়েক মুহূর্তের মনোযোগও আমার কাছে অনেক বড় প্রাপ্তি।
আমার কোনো মুখ নেই, গলা নেই, তবু আমি কথা বলি। মাঠের সাংবাদিকের খবর সংগ্রহ, সহকর্মীর তথ্য যাচাই আর পর্দার আড়ালের মানুষগুলোর সম্মিলিত পরিশ্রমের এক দৃশ্যমান রূপই আমি। পাঠক যখন স্ক্রল করতে করতে হঠাৎ আমার ওপর চোখ রেখে কয়েক সেকেন্ডের জন্য থামেন, তখনই আমার জন্ম সার্থক হয়। পাঠক হয়তো জানেন না, আমাকে নিখুঁত করে তুলতে কতবার এডিটের বোতাম টিপতে হয়েছে কিংবা উপযুক্ত ছবিটা খুঁজতে কতটা ভাবতে হয়েছে। তাতে কি? আমি তো জানি আমার পেছনের গল্পটা! জানি, আমার ছোট্ট শরীরজুড়ে কত মানুষের নিষ্ঠা আর শ্রমের ছাপ রয়েছে।
দিন শেষে হয়তো নতুন খবরের ভিড়ে আমি নিচে নেমে যাই। আমার জায়গায় আসে নতুন কোনো ফটোকার্ড, শুরু হয় আরেকটি জন্মের গল্প। তবু তাতে আমার কোনো আক্ষেপ নেই। যতক্ষণ পাঠকের সামনে ছিলাম, ততক্ষণ যদি সত্য একটি খবর পৌঁছে দিতে পেরে থাকি, সেটুকুই আমার সার্থকতা। ডিজাইনারের না-ঘুমানো রাত, নিখুঁত করে তোলার নাছোড়বান্দা জেদ আর সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল হয়ে মানুষের খবরের ক্ষুধা মেটানোর এই যে যাত্রা—এটাই আমার আত্মকাহিনি। আমার নামের আড়ালে থেকে যান যাঁরা, এই গল্প তাঁদেরও।
— মো. মাহাফুজার রহমান : অনলাইন গ্রাফিকস ডিজাইনার, মুক্তকণ্ঠ