রাঙামাটিতে জেলা জজ আদালত, প্রধান বন সংরক্ষকের কার্যালয় এবং অন্তত তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে এই ঘটনাগুলো সংঘটিত হয় বলে জানা গেছে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওগুলোতে দাবি করা হয়েছে যে, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা এই তালাগুলো ঝুলিয়ে দিয়েছেন। এমনকি সংগঠনটির অনেক নেতা-কর্মীকে ওই ভিডিওগুলো শেয়ার করতেও দেখা গেছে।
যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে তালা লাগানো হয়েছে, তার মধ্যে রয়েছে বনরূপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বনরূপা মুজাদ্দেদ-ই আলফেসানী একাডেমি এবং রাণী দয়াময়ী উচ্চবিদ্যালয়।
আজ মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা জজ আদালতের ফটকে সরেজমিনে গিয়ে দেখা যায় সেখানে দুটি তালা ঝোলানো রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কোর্ট পুলিশের পরিদর্শক মো. মেজবাহ উদ্দীন ভূঁইয়া বলেন, “আদালতের কার্যক্রম শেষে প্রতিদিন নিরাপত্তার স্বার্থে ফটকে একটি তালা লাগানো হয়। এর বাইরে অন্য তালাটির বিষয়ে তাঁর জানা নেই।”
একই ধরনের চিত্র দেখা গেছে রাণী দয়াময়ী উচ্চবিদ্যালয় এবং শহরের বনরূপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফটকেও। বিদ্যালয়টির নিরাপত্তা প্রহরী রত্ন ভূষণ চাকমা মুক্তকণ্ঠকে জানান, “সকাল পৌনে সাতটার দিকে স্কুলে ঝাড়ু দেওয়ার জন্য আসি। এসে দেখি স্কুলের ফটকে একটি তালা ঝুলছে।”
অন্যদিকে, বনরূপা মুজাদ্দেদ-ই আলফেসানী একাডেমিতে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির একটি ভবনের ভেতরে নিরাপত্তা প্রহরী মো. ডালিম দাঁড়িয়ে আছেন, তবে ভবনটির ফটকের বাইরে তালা লাগানো। মো. ডালিম জানান, রাতে তিনি ওই ভবনেই ঘুমিয়েছিলেন। মধ্যরাতে ঘুম থেকে উঠে শৌচাগারে যাওয়ার সময় তিনি লক্ষ্য করেন যে, ফটকের বাইরে কে বা কারা তালা লাগিয়ে দিয়েছে। সকালে উঠেও তিনি তালাটি একইভাবে দেখতে পান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মুখোশ পরিহিত দুই ব্যক্তি আদালত ফটক, রাণী দয়াময়ী উচ্চবিদ্যালয়, মুজাদ্দেদ-ই আলফেসানী একাডেমি এবং বনরূপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফটকে তালা লাগাচ্ছেন। আর একজন ব্যক্তি সেই পুরো দৃশ্যটি ভিডিও করছেন। এছাড়া ভিডিওতে ওই ব্যক্তিদের বন সংরক্ষকের কার্যালয়ে একটি পোস্টার লাগাতেও দেখা গেছে।
পুরো বিষয়টি সম্পর্কে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন মুক্তকণ্ঠকে বলেন, “বিভিন্ন দপ্তরে তালা লাগানোর ভিডিও আমাদের নজরে এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।”