রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দর থেকে গ্রেনেডসদৃশ দুটি সন্দেহজনক বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিমানবন্দরের প্রধান ফটকের সামনে থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।
ঠিক একই সময়ে একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রধান ফটকের সামনে থেকে গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধারের খবর পাওয়ার পর নিরাপত্তার কথা বিবেচনা করে মন্ত্রীকে পেছনের ফটক দিয়ে বাইরে নিয়ে যাওয়া হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দর থেকে গ্রেনেডসদৃশ বস্তু দুটি উদ্ধার করে ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী নগরের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম মুক্তকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেনেডসদৃশ বস্তু দুটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ওসি রবিউল ইসলাম বিস্তারিত জানান, সকাল ১০টা ৫৫ মিনিটে স্থানীয় এক ব্যক্তি গ্রেনেডসদৃশ দুটি বস্তু বিমানবন্দরে কর্মরত পুলিশের নজরে আনেন। এর পর থেকে জায়গাটি ঘিরে রাখে পুলিশ। অন্যদিকে ১০টা ৫০ মিনিটে একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন জ্বালানিমন্ত্রী। তখন তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন। গ্রেনেডসদৃশ বস্তুর বিষয়ে মন্ত্রীকে জানানোর পর নিরাপত্তার স্বার্থে তাঁকে বিমানবন্দরের পেছনের ফটক দিয়ে বাইরে নিয়ে যাওয়া যায়। পরে সড়ক পথে তিনি বগুড়ার উদ্দেশে রওনা দেন।
বস্তু দুটি পরীক্ষা-নিরীক্ষার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার গাজিউর রহমান।