কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ক্রমবর্ধমান ব্যবহার এখন নিয়োগ প্রক্রিয়ার ওপরও প্রভাব ফেলছে। বর্তমানে কেবল প্রযুক্তিগত পদের জন্য নয়, বরং অপ্রযুক্তিগত বিভিন্ন পদের চাকরির সাক্ষাৎকারেও প্রার্থীদের এআই ব্যবহারের অভিজ্ঞতা ও দক্ষতা সম্পর্কে জানতে চাইছেন নিয়োগকর্তারা। এআই-কে কীভাবে কার্যকরভাবে কাজে লাগানো যায়, এর সীমাবদ্ধতাগুলো কী এবং ব্যবহারের ক্ষেত্রে নৈতিক মানদণ্ড কীভাবে বজায় রাখা সম্ভব—এই বিষয়গুলো নিয়ে চাকরিপ্রার্থীরা প্রশ্নের সম্মুখীন হতে পারেন।

জর্জটাউন ইউনিভার্সিটির ম্যাকডোনাফ স্কুল অব বিজনেসের ক্যারিয়ার সার্ভিসেস বিভাগের পরিচালক লিসা ডাবলার বলেন, “চাকরিপ্রার্থীদের সাক্ষাৎকারে এআই ব্যবহারের অভিজ্ঞতা সম্পর্কে প্রশ্ন করা হতে পারে। সংশ্লিষ্ট পদে কীভাবে এআই কাজে লাগাতে পারবেন, তা-ও জানতে চাইতে পারেন নিয়োগকর্তারা। এ ছাড়া এআই ব্যবহারের নিরাপত্তা ও নৈতিকতা সম্পর্কে প্রার্থীদের দৃষ্টিভঙ্গিও জানতে চাওয়া হতে পারে।”

এআই ব্যবহারের অভিজ্ঞতা ও দক্ষতা যেভাবে তুলে ধরবেন—

সাক্ষাৎকারে যাওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এআই ব্যবহারের নীতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবগত হওয়া অত্যন্ত জরুরি। প্রতিষ্ঠানটি বর্তমানে কোন কোন ক্ষেত্রে এআই ব্যবহার করছে এবং সংশ্লিষ্ট শিল্প খাতে এআই দক্ষতার চাহিদা কেমন, সে বিষয়ে আগাম ধারণা রাখা শ্রেয়। পাশাপাশি, নির্দিষ্ট পদের দায়িত্ব পালনে এআই কীভাবে সহায়ক ভূমিকা পালন করতে পারে, সেই পরিকল্পনা নিয়ে সাক্ষাৎকারে যাওয়া উচিত।

তবে এআই ব্যবহারের অভিজ্ঞতা বিষয়ে সাক্ষাৎকারে কোনো ধরনের মিথ্যা তথ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। লিসা ডাবলারের পরামর্শ, “আগের কোনো কাজ বা প্রকল্পে এআই ব্যবহার করে থাকলে তার বাস্তব উদাহরণ তুলে ধরতে হবে।”

এআই সম্পর্কে ধারণা না থাকলেও প্রস্তুতির সুযোগ রয়েছে—

বর্তমান বা পূর্ববর্তী কর্মজীবনে এআই ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা না থাকলেও হতাশ হওয়ার প্রয়োজন নেই। এআই মূলত কীভাবে কাজ করে, কোন ধরনের কাজে এর প্রয়োগ সম্ভব এবং এর সীমাবদ্ধতাগুলো কী—এই বিষয়গুলোতে প্রাথমিক ধারণা তৈরি করে নেওয়া যেতে পারে।

এর জন্য লিংকডইন লার্নিং এবং ইউটিউবে থাকা বিভিন্ন বিনামূল্যে কোর্স ও শিক্ষামূলক ভিডিওগুলো বেশ সহায়ক হতে পারে। পাশাপাশি নিজের পেশার সাথে সংশ্লিষ্ট এআই টুলগুলো সম্পর্কে জানার চেষ্টা করতে হবে।

প্রতিষ্ঠানের এআই নীতি সম্পর্কে জানুন—

চাকরির সাক্ষাৎকার কেবল নিয়োগকর্তার কাছে নিজের যোগ্যতা প্রমাণের মাধ্যম নয়, বরং প্রতিষ্ঠানটি প্রার্থীর প্রত্যাশা ও মূল্যবোধের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা যাচাই করারও একটি সুযোগ। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের নীতি ও দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য থাকতে পারে, যা প্রার্থীর জন্য জেনে রাখা প্রয়োজন।