দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকা ভোলার গ্যাসের সঠিক ব্যবহারের লক্ষ্যে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এবার পাইপলাইনের মাধ্যমে ভোলার গ্যাস জেলার বাইরে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী, ভোলা থেকে বরিশাল হয়ে খুলনায় গিয়ে জাতীয় গ্যাস সঞ্চালন লাইনের সঙ্গে যুক্ত হবে এই পাইপলাইন, যার ফলে দেশের সামগ্রিক গ্যাস সরবরাহ বৃদ্ধি পাবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সূত্র অনুযায়ী, ভোলার গ্যাসের মজুত, বর্তমান চাহিদা, উৎপাদন ক্ষমতা এবং ভবিষ্যতে গ্যাস প্রাপ্তির সম্ভাবনা নিয়ে গত সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক করেছে জ্বালানি বিভাগ। বৈঠকে আলোচনা হয় যে, আইএসও ট্যাংকার বা সিলিন্ডারে করে গ্যাস আনার চেয়ে পাইপলাইন নির্মাণ অনেক বেশি কার্যকর হবে। উপস্থিত সবার মতামত বিবেচনা করে ওই বৈঠকেই পাইপলাইন নির্মাণের বিষয়ে সম্মতি প্রদান করেন প্রধানমন্ত্রী।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রথমে এলএনজি পদ্ধতিতে আইএসও ট্যাংকারে করে গ্যাস আনার চিন্তা করা হয়েছিল। তবে বিস্তারিত বিশ্লেষণে দেখা যায়, এই প্রক্রিয়াটি অত্যন্ত ব্যয়বহুল এবং বাস্তবসম্মত নয়। তাই ভোলায় স্থানীয় ব্যবহারের পাশাপাশি পাইপলাইনের মাধ্যমে গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময়েও পাইপলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। পরিবর্তে ভোলার গ্যাস কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) হিসেবে সিলিন্ডারে ভরে ঢাকায় আনার প্রক্রিয়া শুরু হয়। তবে এই সুবিধা মাত্র একটি বেসরকারি কোম্পানিকে দেওয়া হয়েছিল, যার ফলে প্রত্যাশিত পরিমাণ গ্যাস আনা সম্ভব হয়নি। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) করে আনার প্রক্রিয়া শুরু হয়। সেই সঙ্গে ভোলার গ্যাস ব্যবহার করে জেলাটিতে শিল্পকারখানা, সরকারি সার কারখানা এবং বিশেষ শিল্পাঞ্চল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। বর্তমান সরকার পুনরায় এলএনজি ও আইএসও ট্যাংকারের বিষয়টি বিবেচনা করলেও ব্যয়বহুল হওয়ার কারণে তা নাকচ করে পাইপলাইন নির্মাণের পথে হাঁটছে।

বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান মো. আব্দুল মান্নান মুক্তকণ্ঠকে বলেন, “পাইপলাইনের কাজ শুরু করার পাশাপাশি ভোলায় গ্যাস উৎপাদন বাড়ানোর কার্যক্রমও চলছে। নতুন করে গ্যাস অনুসন্ধানের জরিপ পরিচালনা করা হবে। যারা ভোলায় বিনিয়োগ করবে, তাদেরসহ স্থানীয় চাহিদা পূরণ করার পাশাপাশি জাতীয় পাইপলাইনে যাবে।”

জ্বালানি বিভাগের সূত্রমতে, পেট্রোবাংলার ধারণা অনুযায়ী ভোলার তিনটি গ্যাসক্ষেত্র মিলিয়ে প্রায় ১ লাখ ৮৫ হাজার কোটি ঘনফুট গ্যাসের মজুত থাকতে পারে। বর্তমানে ৯টি কূপ থেকে দৈনিক ১৮ কোটি ঘনফুট গ্যাস উৎপাদন ক্ষমতা থাকলেও চাহিদার অভাবে অর্ধেকেরও কম উৎপাদন করা হচ্ছে। আরও ১০টি নতুন কূপ খনন করা হলে দৈনিক উৎপাদন ক্ষমতা ২০ কোটি ঘনফুট বাড়বে। বর্তমানে ৫টি কূপ খননের কাজ চলমান রয়েছে এবং বাকি ৫টির দরপত্র প্রক্রিয়া প্রক্রিয়াধীন।

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ১৯৯৫ সালে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কার করে, যেখান থেকে ২০০৯ সালে উৎপাদন শুরু হয়। একই সংস্থা ২০১৮ সালে ভোলার দ্বিতীয় গ্যাসক্ষেত্র 'ভোলা নর্থ' এবং ২০২৩ সালে 'ইলিশা' গ্যাসক্ষেত্র আবিষ্কার করে। তবে এই দুটি ক্ষেত্র থেকে এখনো উৎপাদন শুরু হয়নি।

প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা। পেট্রোবাংলা ও গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি (জিটিসিএল) সূত্র অনুযায়ী, ভোলা-বরিশাল ৯৬ কিলোমিটার পাইপলাইন নির্মাণে ১ হাজার ৯৩১ কোটি টাকা ব্যয় হবে। প্রধানমন্ত্রী এই ২৪ ইঞ্চি পাইপলাইনের পাশে ভবিষ্যতে আরও একটি লাইন স্থাপনের জন্য জমি অধিগ্রহণের সিদ্ধান্ত দিয়েছেন, ফলে খরচ কিছুটা বাড়তে পারে। এছাড়া বরিশাল-খুলনা ১০৫ কিলোমিটার ৩০ ইঞ্চি পাইপলাইনের সম্ভাব্যতা যাচাই চলছে, যা দ্রুত শেষ হবে। সব মিলিয়ে ২০১ কিলোমিটার পাইপলাইন নির্মাণে মোট ব্যয় হতে পারে সাড়ে ৪ হাজার কোটি টাকার কাছাকাছি।

গ্যাসের সহজলভ্যতার প্রতিশ্রুতিতে ভোলায় বিনিয়োগের আগ্রহ দেখা দিয়েছে শিল্প উদ্যোক্তারা। ভোলা সদর উপজেলার ভেদুরিয়া এলাকায় এক হাজার একর জমিতে ছয় হাজার কোটি টাকা বিনিয়োগ করে একটি শিল্পপার্ক গড়ে তুলতে চায় প্রাণ-আরএফএল। এই প্রকল্পের মাধ্যমে ২৫ হাজারের বেশি মানুষের সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং ২০২৮ সালের মধ্যে শিল্পপার্কটি পূর্ণ উৎপাদনে যাবে বলে আশা করা হচ্ছে।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী মুক্তকণ্ঠকে বলেন, “বিনিয়োগের জন্য ভোলা সম্ভাবনাময়। গ্যাসের প্রতিশ্রুতি নিয়েই বিনিয়োগ করা হয়েছে। ব্যবসায়ীরা অনেক হিসাব–নিকাশ করেই বিনিয়োগ করেন। ভোলায় কর্মসংস্থানও হবে। তাই স্থানীয় চাহিদা নিশ্চয়ই আগে মেটানো হবে। পাইপলাইনের উদ্যোগ ইতিবাচক। তবে গ্যাসের মজুত, ভোলার সম্ভাবনাসহ সব দিক চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।”