জনপ্রিয়তার তুঙ্গে থাকাকালীন এক ভক্তকে ধর্ষণ এবং আরও তিন নারীকে যৌন নিপীড়নের দায়ে ব্রিটিশ অভিনেতা ও কৌতুকশিল্পী রাসেল ব্র্যান্ডকে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার, ৯ নভেম্বর লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে ৫১ বছর বয়সী এই অভিনেতার সাজা ঘোষণা করেন বিচারক জোয়েল বেনাথান।
চার সপ্তাহের দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর গত বৃহস্পতিবার সাতটি অভিযোগের মধ্যে চারটিতে ব্র্যান্ডকে দোষী সাব্যস্ত করে জুরিবোর্ড। এর মধ্যে ধর্ষণের একটি এবং যৌন নিপীড়নের তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে ধর্ষণের আরও দুটি অভিযোগ এবং যৌন নিপীড়নের চেষ্টার একটি অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়।
আদালতে সাক্ষ্য ও প্রমাণের মাধ্যমে উঠে আসে যে, ২০০৯ সালে নিজের একটি অনুষ্ঠানে পরিচয় হওয়া ২১ বছর বয়সী এক ভক্তকে বাড়িতে নিয়ে ধর্ষণ করেন ব্র্যান্ড। এছাড়া ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যবর্তী সময়ে একটি পানশালা, বেতারকেন্দ্র ও স্টুডিওতে আরও তিন নারীকে যৌন নিপীড়ন করেন তিনি। বিচার চলাকালীন মোট ছয়জন নারী তাঁর বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করেন।
সাজা ঘোষণার সময় বিচারক ব্র্যান্ডকে ‘যৌন শিকারি’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “নারীদের অসম্মতির প্রতি ব্র্যান্ডের আচরণে উদাসীনতা ও ঔদ্ধত্য প্রকাশ পেয়েছে।” পাশাপাশি অভিযোগগুলো সাহসের সাথে সামনে আনার জন্য ভুক্তভোগী নারীদের দৃঢ়তার প্রশংসা করেন বিচারক। তবে শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছিলেন রাসেল ব্র্যান্ড। তাঁর দাবি ছিল, “কারও সম্মতি ছাড়া তিনি কখনো যৌন সম্পর্কে জড়াননি।”
সাজা ঘোষণার আগে অপরাধের কারণে ভুক্তভোগী নারীদের জীবনে কী ধরনের প্রভাব পড়েছে, তা বিস্তারিতভাবে আদালতে তুলে ধরা হয়। যৌন অপরাধের অভিযোগকারীদের পরিচয় গোপন রাখার আইনি বিধান অনুযায়ী তাঁদের কারও নাম প্রকাশ করা হয়নি।
২০০৯ সালে ব্র্যান্ডের বাড়িতে ধর্ষণের শিকার হওয়া নারী তাঁর বক্তব্যে জানান, “ঘটনাটির যন্ত্রণা প্রতিদিন তাঁকে বয়ে বেড়াতে হয়। অনেক সময় মনে হয়, এর কোনো শেষ নেই। নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ে তাঁর মধ্যে সংশয় তৈরি হয়েছে। নিজের বিচারবুদ্ধির ওপরও আগের মতো আস্থা রাখতে পারেন না।” ব্র্যান্ডের ব্যাপক খ্যাতির কারণে অভিযোগ জানালে কেউ তাঁকে বিশ্বাস করবে না—এমন আশঙ্কাও ছিল ওই নারীর।
২০০৪ সালে একটি পানশালায় যৌন নিপীড়নের শিকার হওয়া নারী পর্দার আড়াল থেকে তাঁর বক্তব্য পেশ করেন। তিনি জানান, সেদিন কী করা উচিত ছিল বা কী করতে পারতেন, সেই প্রশ্ন দুই দশকের বেশি সময় ধরে তাঁকে তাড়া করেছে। পরবর্তী সময়ে সংবাদমাধ্যমে ব্র্যান্ডকে দেখলে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করতেন।
বেতারকেন্দ্রে যৌন নিপীড়নের শিকার আরেক নারী জানান, এই ঘটনাটি তাঁর জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। টেলিভিশনে ব্র্যান্ডের কণ্ঠ শুনলে কিংবা পর্দায় তাঁর ছবি দেখলে তিনি এখনো চমকে ওঠেন। স্টুডিওতে যৌন নিপীড়নের শিকার নারী বলেন, ঘটনার পর কর্মক্ষেত্রকে আর নিরাপদ মনে হতো না তাঁর।
সাজা ঘোষণার ঠিক আগে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা তাঁদের চূড়ান্ত বক্তব্য পেশ করেন। রাষ্ট্রপক্ষ কঠোর শাস্তির দাবি জানালেও সাজা কমানোর আবেদন করেন ব্র্যান্ডের আইনজীবী। তিনি রাসেল ব্র্যান্ডের বিভিন্ন দাতব্য কাজের কথা উল্লেখ করেন এবং মাদক ও অ্যালকোহলের আসক্তি কাটিয়ে উঠতে অন্যদের সহায়তা করার বিষয়টি তুলে ধরেন। তবে দুই পক্ষের যুক্তি এবং ভুক্তভোগীদের করুণ অভিজ্ঞতা বিবেচনা করে বিচারক ব্র্যান্ডকে সাড়ে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন।
এদিন আদালতে উপস্থিত ছিলেন ব্র্যান্ডের স্ত্রী লরা এবং তাঁর বাবা। মামলার পুরো সময় স্ত্রী তাঁর পাশে ছিলেন। স্যুট পরে আদালতে আসা ব্র্যান্ডের হাতে ভুক্তভোগীদের বক্তব্য শোনার সময় দেখা যায় একটি জপমালা। গত বৃহস্পতিবার দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই তিনি কারাগারে ছিলেন এবং সাজা ঘোষণার পর তাঁকে পুনরায় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
এদিকে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ ব্র্যান্ডের বিরুদ্ধে আরও দুটি ধর্ষণের অভিযোগের তদন্ত করছে। তবে এসব অভিযোগে এখনো নতুন কোনো দণ্ডাদেশ দেওয়া হয়নি।
২০২৩ সালের সেপ্টেম্বরে প্রথম রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে ধর্ষণ, যৌন নিপীড়ন, নিয়ন্ত্রণমূলক আচরণ ও মানসিক নির্যাতনের অভিযোগগুলো প্রকাশ্যে আসে। দ্য সানডে টাইমস, দ্য টাইমস ও চ্যানেল ফোরের অনুসন্ধানী অনুষ্ঠান ‘ডিসপ্যাচেস’-এর একটি যৌথ অনুসন্ধানে কয়েকজন নারী তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ করেন। এরপর মেট্রোপলিটন পুলিশ তদন্ত শুরু করে এবং গার্ডিয়ানসহ বিভিন্ন সংবাদমাধ্যম এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।
১৯৭৫ সালে ইংল্যান্ডের এসেক্সে জন্ম রাসেল ব্র্যান্ডের। স্ট্যান্ডআপ কমেডির মাধ্যমে ক্যারিয়ার শুরু করে ২০০০-এর দশকে টেলিভিশন উপস্থাপক হিসেবে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। এমটিভিতে কাজ করার পাশাপাশি চ্যানেল ফোরের ‘বিগ ব্রাদার’স বিগ মাউথ’ অনুষ্ঠানটি তাঁকে পরিচিতির শীর্ষে নিয়ে যায়। পরবর্তীতে তিনি বিবিসি রেডিওতেও কাজ করেন।
ব্রিটিশ বিনোদনজগতের বাইরে হলিউডেও পরিচিতি পান ব্র্যান্ড। তিনি ‘ফরগেটিং সারাহ মার্শাল’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। তবে তাঁর কৌতুক পরিবেশনায় নারীবিদ্বেষী বক্তব্য এবং নারীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ দীর্ঘকাল ধরে আলোচনায় ছিল। ২০১০ সালে মার্কিন পপ তারকা কেটি পেরিকে বিয়ে করে তিনি আরও বেশি আলোচনায় আসেন, যদিও বিয়ের ১৪ মাসের মাথায় তাঁদের সম্পর্ক ভেঙে যায়।
পরবর্তী সময়ে মূলধারার বিনোদনজগৎ থেকে দূরে সরে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক ও ধর্মীয় বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে শুরু করেন ব্র্যান্ড। ষড়যন্ত্রতত্ত্ব প্রচার এবং খ্রিষ্টধর্ম গ্রহণের পর যুক্তরাষ্ট্রের রক্ষণশীল মহলেও তাঁর অনুসারীর সংখ্যা বৃদ্ধি পায়।