উজ্জ্বল আলোর সংস্পর্শে এলে অনেকের চোখে অস্বস্তি হয়, ব্যথা অনুভূত হয় কিংবা চোখ কুঁচকে যায়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে বলা হয় আলোর প্রতি অতি সংবেদনশীলতা বা ফটোফোবিয়া। আমাদের সমাজের অনেকের মধ্যেই এই সমস্যা বিদ্যমান থাকলেও সচেতনতার অভাবে আমরা তা অধিকাংশ সময় বুঝতে পারি না।

ফটোফোবিয়া কেবল সূর্যের তীব্র আলোর কারণেই হয় না; বরং ঘরের ভেতরের তীব্র আলো, যানবাহনের হেডলাইটের ঝলকানি কিংবা কম্পিউটার ও স্মার্টফোনের উজ্জ্বল পর্দার দিকে তাকিয়ে থাকলেও কারও কারও এই সমস্যা দেখা দিতে পারে। তবে মনে রাখা প্রয়োজন, ফটোফোবিয়া নিজে কোনো স্বতন্ত্র রোগ নয়; বরং এটি চোখ বা স্নায়ুতন্ত্রের অন্য কোনো গভীর সমস্যার লক্ষণ হিসেবে প্রকাশ পায়।

বিশেষজ্ঞদের মতে, ফটোফোবিয়ার অন্যতম প্রধান কারণ হলো মাইগ্রেন। মাইগ্রেনে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে উজ্জ্বল আলোতে মাথাব্যথা এবং চোখের অস্বস্তি বহুগুণ বেড়ে যায়। এছাড়া চোখের বিভিন্ন প্রদাহ বা সংক্রমণ, কনজেক্টিভাইটিস, কর্নিয়ায় আঘাত বা ক্ষত, ইউভাইটিস, কেরাটাইটিস এবং শুষ্ক চোখের সমস্যা থেকেও এই সংবেদনশীলতা তৈরি হতে পারে। এমনকি চোখের পাতার অনিয়ন্ত্রিত সংকোচন বা ব্লেফারোস্পাজমের কারণেও এই সমস্যা দেখা দেয়।

কিছু জটিল ক্ষেত্রে মস্তিষ্কের প্রদাহ, মেনিনজাইটিস, এনসেফালাইটিস কিংবা অন্যান্য স্নায়বিক জটিলতার সঙ্গেও ফটোফোবিয়া যুক্ত থাকতে পারে। এই সমস্যার সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে উজ্জ্বল আলোতে চোখে ব্যথা বা অস্বস্তি বোধ করা, ঘন ঘন চোখ পিটপিট করা, আলোতে গেলে চোখ কুঁচকে রাখা, চোখ দিয়ে পানি পড়া এবং চোখ লাল হয়ে জ্বালাপোড়া করা। এর পাশাপাশি মাথাব্যথা বা মাইগ্রেন, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া, মাথাঘোরা কিংবা বমি বমি ভাবও অনুভূত হতে পারে।

যদি হঠাৎ করে তীব্র আলোর সংবেদনশীলতা শুরু হয় এবং এর সঙ্গে চোখে প্রচণ্ড ব্যথা, দৃষ্টিশক্তি কমে যাওয়া বা চোখ তীব্র লাল হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে, তবে দেরি না করে দ্রুত চক্ষুবিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। পাশাপাশি ফটোফোবিয়ার সঙ্গে যদি হঠাৎ তীব্র মাথাব্যথা, জ্বর, ঘাড় শক্ত হয়ে যাওয়া, মানসিক বিভ্রান্তি, খিঁচুনি বা চেতনা কমে যাওয়ার মতো গুরুতর লক্ষণ দেখা দেয়, তবে তা জরুরি চিকিৎসার দাবি রাখে।

ফটোফোবিয়ার চিকিৎসা সম্পূর্ণভাবে এর মূল কারণের ওপর নির্ভরশীল। যদি মাইগ্রেন, চোখের সংক্রমণ, প্রদাহ বা শুষ্ক চোখের সমস্যা থাকে, তবে সেগুলোর সঠিক চিকিৎসা করলে আলোর সংবেদনশীলতা অনেকাংশে কমে যায়। আবার যদি নির্দিষ্ট কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় এই সমস্যা হয়ে থাকে, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেই ওষুধ পরিবর্তন করা যেতে পারে।

এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করেছেন অধ্যাপক ডা. ইফতেখার মো. মুনির, চক্ষুরোগ বিশেষজ্ঞ ও পরিচালক, বাংলাদেশ আই হসপিটাল, মালিবাগ, ঢাকা।