প্রথম টেস্টে পরাজয়ের পর দ্বিতীয় টেস্টটি ড্রয়ারে শেষ হওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন কিছুটা ম্লান হয়েছে বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি হেরেছে টাইগাররা, যার ফলে তাদের সংগ্রহে থাকা পয়েন্ট প্রায় ১০ শতাংশ কমে গেছে। তবে সব আশা শেষ হয়ে যায়নি; এখনো ফাইনালে পৌঁছানোর পথ খোলা রয়েছে বাংলাদেশের সামনে।
বর্তমান পয়েন্ট টেবিলের হিসাব অনুযায়ী, ৪৫.৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে বাংলাদেশ। তাদের ওপরের সারিতে রয়েছে নিউজিল্যান্ড (৭২.২২ শতাংশ), দক্ষিণ আফ্রিকা (৭১.৪৩ শতাংশ), অস্ট্রেলিয়া (৬৯.২৩ শতাংশ) এবং ভারত (৫১.৫২ শতাংশ)।
টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে বাংলাদেশের সামনে এখনো চারটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে। যার মধ্যে দুটি ম্যাচ চলতি মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে অনুষ্ঠিত হবে। বাকি দুটি ম্যাচ আগামী ফেব্রুয়ারিতে নিজেদের ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা। বাংলাদেশ যদি এই চারটি টেস্ট ম্যাচেই জয়লাভ করতে পারে, তবে শতকরা হিসেবে তাদের মোট পয়েন্ট দাঁড়াবে ৬৩.৮৯ শতাংশ। শীর্ষ দুই দলের একজন হিসেবে ফাইনালে খেলার জন্য এই পয়েন্ট যথেষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২১-২৩ চক্রে এর চেয়েও কম পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছিল ভারত। সে সময় দলটির পয়েন্ট ছিল ৫৮.৮ শতাংশ। অন্যদিকে, ফাইনালে ওঠা অপর দল অস্ট্রেলিয়ার পয়েন্ট খুব বেশি ছিল না। ভারতকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়া অস্ট্রেলিয়ার মোট পয়েন্ট ছিল ৬৬.৬৭ শতাংশ।
হিসাব বলছে, শেষ চারটি ম্যাচের মধ্যে তিনটিতে জয় এবং একটিতে পরাজয় ঘটলে বাংলাদেশের শতকরা পয়েন্ট হবে ৫৫.৫৬ শতাংশ। সেক্ষেত্রে অন্যান্য দলের ফলাফলের ওঠানামা এবং ভাগ্য অনুকূলে থাকলে ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হতে পারে। তবে শেষ চার ম্যাচের মধ্যে দুটিতে জয় এবং দুটিতে পরাজয়ের ঘটনা ঘটলে বাংলাদেশের পয়েন্ট ৫০ শতাংশের নিচে নেমে যাবে, আর সেই পয়েন্ট নিয়ে ফাইনালে ওঠা প্রায় অসম্ভব।
তাই ফাইনালে ওঠার ভাগ্য নিজেদের হাতে রাখতে হলে আগামী দুটি সিরিজে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করতে হবে বাংলাদেশকে।