হবিগঞ্জের বানিয়াচংয়ে গভীর রাতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাকিব মিয়া (২০) নামের এক ফুটবল খেলোয়াড় প্রাণ হারিয়েছেন। এছাড়া এই ঘটনায় আরও চার থেকে পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।
গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বক্তারপুর হাইস্কুল মাঠে এই সংষর্ঘের সূত্রপাত হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাকিব মিয়ার মৃত্যু হয়। নিহত রাকিব উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের কদুপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বক্তারপুর হাইস্কুল মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। টুর্নামেন্টের খেলাগুলো সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত পরিচালিত হচ্ছিল। গতকাল রাতে বেতকান্দি ও বক্তারপুর গ্রামের দলগুলোর মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা চলাকালীন হঠাৎ দুই খেলোয়াড়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এই সামান্য কথা কাটাকাটি থেকে দ্রুতই দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে এই উত্তেজনা চরম আকার ধারণ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষের সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাকিব মিয়া গুরুতরভাবে আহত হন।
আহত রাকিব মিয়াকে দ্রুত চিকিৎসার জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক আজ দুপুরে মুক্তকণ্ঠকে বলেন, “দুই দলের তরুণদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ২৫০ শয্যাবিশিষ্ট হবিগঞ্জ জেলা হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।”