হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামে গোসলরত নারীদের গোপনে ছবি তোলা নিয়ে উত্তেজনা থেকে রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ভয়াবহ সংঘর্ষের সূত্রপাত হয়। এতে নারী, পুরুষ ও শিশুসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে পরস্পরের ওপর আক্রমণ চালায়।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে কাটখাল গ্রামের একটি রাস্তার পাশের পুকুরে কিছু নারী গোসল করছিলেন। ঐ সময় স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে গোসলরত নারীদের ছবি ফোনে ধারণের অভিযোগ ওঠে। বিষয়টি জনমানুষের মধ্যে ছড়িয়ে পড়লে উভয়পক্ষের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। এর জের ধরেই রোববার দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, "গোসলরত নারীদের গোপন ছবি ফোনে ধারণের অভিযোগ কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।"